মোঃ শাহীন আলম, স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৪ পি.এম
গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফলে এই গণডায়রিয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়ার আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী আটার পিটালি ও ভাত খাওয়ানো হয়।
খাওয়ার পর বাড়ি ফেরার পরপরই অতিথিদের অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশিসহ ৮ জন সদস্যও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার পিটালি তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আঃ রহিম জানান, এমন ডায়রিয়ায় আক্রান্ত হননি গ্রামে এমন পরিবার খুব কমই রয়েছে; অনেকে হাসপাতালে না গিয়ে বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে আক্রান্ত রোগীরা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সময়মতো চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং সীমাহীন প্রতিকূলতার মধ্যেও ফিলিস্তিনের গাজাবাসী পবিত্র কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক অটুট রেখেছেন। ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংবর্ধনা প্রদান করেছে, যা একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার নগরীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে গাজার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে কোরআন পদযাত্রা অনুষ্ঠিত হয়। তাঁরা হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাঁদের এই পদযাত্রা গাজাবাসীর কোরআনের প্রতি গভীর ভালোবাসা এবং ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার প্রতিজ্ঞার প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক মানুষ।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, "এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়ার এই আয়োজন নিছক সম্মাননা অনুষ্ঠান নয়; বরং ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্যাপন।" তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকার প্রমাণ এই অর্জন।
হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, "কোরআন মুখস্থ করাই যেন তাদের পথচলার শেষ না হয়; বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা।" কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সন্তানদের কোরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা বলেন, "যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও এক হাজার হাফেজ-হাফেজার এই অর্জন অত্যন্ত গর্ব ও আনন্দের।" তিনি উল্লেখ করেন, প্রতিকূলতার মুখেও গাজাবাসীর দৃঢ়তা ও টিকে থাকার অনন্য দৃষ্টান্ত এটি। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও জমিয়তুল বারাকার যৌথ প্রচেষ্টায় এ আয়োজন সম্ভব হয়েছে। কোরআনের হাফেজদের সহযোগিতা এবং কোরআন শিক্ষার কার্যক্রমে তাঁদের সংস্থার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাফেজ-হাফেজাদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন হিবা আল-হিমস। তিনি গাজা উপত্যকায় অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বলেন, "কোরআনের ধারক-বাহকদের সম্মান জানানো শুধু পুরস্কার বা উপাধির বিষয় নয়; বরং পবিত্র কোরআনকে জীবনের সঙ্গী ও পথচলার আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করা হৃদয়গুলোর প্রতি সম্মান।" কোরআন মুখস্থ করার পাশাপাশি এর শিক্ষা অনুধাবন, বিধান অনুসরণ এবং নিজের চরিত্রে তার প্রতিফলন ঘটানোর দায়িত্বও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবার-পরিজন ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য প্রদান করেন।
জয়সওয়াল এক প্রশ্নের জবাবে উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। এই সংলাপে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।
তিনি আরও জানান, বিদ্যমান কাঠামোগুলোর মাধ্যমে ভারত বাংলাদেশসহ দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।
এর আগে, ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপটি স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভারত থেকে।
তবে, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ভারতকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাড়তি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির আওতায়। মার্কিন আলোচকেরা চুক্তি স্বাক্ষরের পর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ না করার বিষয়টিও চুক্তির আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস .
ওই কর্মকর্তা জানান, দুই দেশের আলোচকেরা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনায় শুল্ক ও বাণিজ্য সহজীকরণ অধ্যায়ের বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে।
তিনি উল্লেখ করেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন আলোচকেরা দুই দিনের জন্য ভারতে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে শুল্ক ও বাণিজ্য সহজীকরণ নিয়ে একটি অধ্যায় রয়েছে। এর অনেক বিষয়েই সমাধানে পৌঁছানো গেছে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের সুবিধাজনক অবস্থানে রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের শুল্ক কাঠামো কীভাবে চূড়ান্ত হয়, তা আমাদের দেখতে হবে।’
ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ওই কর্মকর্তা বলেন, চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির বাইরে গিয়ে ভবিষ্যতে কোনো শুল্ক আরোপ করা হলে ভারতও তার দেওয়া বাণিজ্যিক সুবিধা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে।
তিনি আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। তবে এই পর্যায়ের চুক্তিতে সেবা খাত অন্তর্ভুক্ত থাকবে না।
শুল্ক নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে দ্বিতীয় দফার তদন্তের প্রতিবেদন প্রকাশ করলে দেশটির চূড়ান্ত শুল্ক কাঠামো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কোনো দেশ বা খাতের উৎপাদন সক্ষমতা বাজারের চাহিদার তুলনায় বেশি হলে তাকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বলা হয়।
এই তদন্তে নিজেদের জন্য অনুকূল সিদ্ধান্ত প্রত্যাশা করছে ভারত। দেশটি অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশের সঙ্গে এ বিষয়ে একমত হয়েছে যে, যেকোনো দেশে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন পরিস্থিতি অন্য বাণিজ্য অংশীদারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। এসব দেশ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।
এর আগে চলতি বছরের জুনে ভারতের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। গত মার্চে প্রস্তাবিত ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের তুলনায় এ হার কম ছিল। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এ ধরনের পণ্য আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম দফার তদন্ত শুরু হয়েছিল।
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে পারে বাণিজ্য প্রতিনিধি দপ্তর। এর ফলে ২০২৫ সালের শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে শুল্ক কাঠামো তৈরির পরিকল্পনা করছিল, তা আবার সামনে আসতে পারে।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করার পর বেশ কয়েকটি বাণিজ্য চুক্তির আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
কৃষি ও দুগ্ধ খাতে ভারতের অনড় অবস্থান
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল গত ৩ নভেম্বর জানিয়েছিলেন, জিনগতভাবে পরিবর্তিত পণ্য কিংবা বাছুরের মাংস ব্যবহার করে উৎপাদিত দুগ্ধজাত পণ্য আমদানির অনুমতি দেবে না ভারত।
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় জিনগতভাবে পরিবর্তিত পণ্য রপ্তানির জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, নির্দিষ্ট কিছু দুগ্ধজাত পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ অশুল্ক বাধা হিসেবে কাজ করছে। ২০২৫ সালের মার্চে প্রকাশিত অশুল্ক বাধাবিষয়ক এক প্রতিবেদনে ভারতের দুগ্ধজাত পণ্য আমদানির শর্তগুলোকে ‘কঠোর’ বলে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর।
কিরোরি মাল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে পীযূষ গয়াল বলেন, ‘দুগ্ধ খাত উন্মুক্ত করার বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। এখন পর্যন্ত কোনো দেশের জন্যই এ খাত উন্মুক্ত করিনি। জিনগতভাবে পরিবর্তিত কোনো পণ্য ভারতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়েও আমরা সতর্ক। অতীতেও অনুমতি দিইনি, ভবিষ্যতেও দেব না। এ ক্ষেত্রে কঠোর সনদ নিশ্চিত করতে হবে।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খাদ্য হিসেবে ব্যবহারের জন্য আমদানি করা দুগ্ধজাত পণ্য এমন প্রাণী থেকে উৎপাদিত হতে হবে, যেগুলোকে জাবরকাটা প্রাণী বা শূকরজাত উৎসের অভ্যন্তরীণ অঙ্গ, রক্তের গুঁড়া কিংবা টিস্যু মিশ্রিত খাবার খাওয়ানো হয়নি। রপ্তানিকারক দেশগুলোকে এ শর্ত পূরণের সনদও দিতে হয়।
তবে মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব শর্তের পেছনে প্রাণী বা মানুষের স্বাস্থ্যের সুরক্ষাসংক্রান্ত সুস্পষ্ট কোনো যুক্তি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আসা শতাধিক বিদেশি বক্তার প্রবেশে বাধা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। অনুমোদন পাওয়ার পরও ১১৫ জন বক্তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি অথবা তাদের ভিসা বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর এই তথ্য প্রকাশ করেছেন।
প্রবেশের অনুমতি না পাওয়া ব্যক্তিদের মধ্যে নরওয়ের এক সাংবাদিকও রয়েছেন। তিনি আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় এসেছিলেন।
কংগ্রেসের সংসদ সদস্য এবং জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শশী থারুর জানিয়েছেন, সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছিলেন মোট ৩১৫ জন বিদেশি বক্তা। তবে পরবর্তীতে তাদের মধ্যে ১১৫ জনের প্রবেশ আটকে দেওয়া হয়েছে অথবা ভিসা বাতিল করা হয়েছে।
থারুরের ধারণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, কোন আইনের কোন ধারার ভিত্তিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে, তা পরিষ্কার নয়।
তিনি আরও উল্লেখ করেন, একটি গর্বিত গণতান্ত্রিক দেশ এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে ভিন্নমত ও বিভিন্ন কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা করছে—এটি অত্যন্ত লজ্জাজনক।
ভিসা বাতিল হওয়া নরওয়ের সাংবাদিক হেলে লিং বুধবার জানান, ভারতে আসার উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষণ আগে তার ভিসা বাতিল করা হয়। গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর আগে গত মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক।
এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ভারতের এডিটরস গিল্ড। সংগঠনটির মতে, ভিসা বাতিলের এই সিদ্ধান্তে আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত পাওয়া যায়। কেন এসব ভিসা বাতিল করা হয়েছে, সরকারকে তার ব্যাখ্যা প্রকাশের পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার ভারতের হায়দরাবাদে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে আলোচনা হওয়ার কথা।
এদিকে ভিসা বাতিল ও বিদেশি প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ