ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ঢামেকে চিকিৎসাধীন ইথানের শরীরে এখনো গু'লি, ১২ জনের বিরুদ্ধে মামলা


ঢামেকে চিকিৎসাধীন ইথানের শরীরে এখনো গু

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) শরীর থেকে এখনো গুলি বের করা সম্ভব হয়নি। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর পুলিশ শ্রাবণ নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন

গুলিবিদ্ধ ইথান কুমিল্লা নগরীর কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা ইউনুস মিয়া নগরীর সিটি শিশুপার্কের একটি রাইডে কর্মরত।

ইউনুস মিয়া জানালেন, ঘটনার পর প্রথমে ইথানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা গুলি বের করতে না পারায় রাতেই তাকে ঢামেকে পাঠানো হয়। একবার অপারেশন থিয়েটারে নেওয়া হলেও গুলি বের করা সম্ভব হয়নি। চিকিৎসকদের ভাষ্য, গুলিটি ফুসফুসের কাছাকাছি অবস্থান করায় ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞ সার্জন এসে অস্ত্রোপচার করবেন। তিনি ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ইথানের মা সোনিয়া বেগম বলেন, "আমার একমাত্র ছেলে মানববন্ধনে অংশ নেয়নি। স্কুলের বিরতির সময় বাসায় খাবার খেতে আসার পথে গুলিবিদ্ধ হয়। যারা এই নিরীহ শিশুকে গুলি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি ফুসফুসের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সেখানে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

এদিকে, কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ইথানের পরিবারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় গত বুধবার রাত থেকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে অপু ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাঁটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন করেন। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মানববন্ধনে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইথান গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো ৭ থেকে ৮ জন আহত হন।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, বৃহস্পতিবার গভীর রাতে দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে : মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে : মির্জা ফখরুল

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার কথাও জানান তিনি।

আজ শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলি উল্লেখ করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করা হবে। বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। সকল লড়াই-সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে।

ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন, এখন কান্নার সময় নয়, বর্তমান সময় অধিকার আদায় ও ন্যায়বিচার পাওয়ার। তিনি মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী করার এবং গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ এবং বিগত শাসনামলগুলোতে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে পুলিশ আটক করবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে পুলিশ আটক করবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন হুঁশিয়ারি দিয়েছেন যে, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং সেই বিষয়ে বিরূপ মন্তব্য করলেই পুলিশ ঐ ব্যক্তিকে আটক করবে।

আজ শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ক আলোচনা করতে কেন্দ্র সচিবদের সঙ্গে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, "এর আগে আমরা ছাড় দিয়েছি। এবার কিন্তু ছাড় দেব না। যে বা যারাই প্রশ্নফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করবেন, তাকেই পুলিশ আটকাবে।"

মন্ত্রী আরও বলেন, "কারণ তাকে তো আগে পুলিশ কাস্টডিতে নিতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। তার কাছ থেকে তথ্য নেওয়া হবে, তাকে তথ্য দিতেই হবে।"

এহছানুল হক মিলন জানালেন, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে আমরা পরীক্ষা নিচ্ছি। তিনি বলেন, "আগামী দিনে কমন সাবজেক্টে (একই বিষয়) মাদরাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নপত্র করা হবে।"

মন্ত্রী জানান, "এটাকে আমরা একই ধারায় আনতে চাই। সবার যোগ্যতা একই করে গওড়ে তুলতে হবে।"

সভায় শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন। দাখিল ও আলিমে ধারাবাহিকভাবে ভালো ফল করা একটি মাদরাসার অধ্যক্ষ জানিয়েছেন, সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা যেখানে ১২০০ নম্বরের পরীক্ষা দেন, সেখানে মাদরাসার শিক্ষার্থীরা ১৭০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ পেতে মাদরাসায় বাংলা-ইংরেজিতে ২০০ নম্বর করা হয়েছে বলেও জানান এবং এটি কমিয়ে আগের মতো ১০০ নম্বরের করার দাবি জানান।

শিক্ষামন্ত্রী এই দাবির বিষয়ে জানান যে, এটি সম্ভব নয়। মন্ত্রী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী যাবেন, তখন তাকে ওখানে সবার সঙ্গে একই ধারায় যেতে হবে। সেজন্য বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের করার দরকার আছে। এটা থাকবে।"

সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর

প্রশাসন ও পুলিশ বাহিনী একা মাদক নির্মূলের কাজটি সফলভাবে করতে পারবে না। এটি বাস্তবায়নের জন্য সমাজে কার্যকরীভাবে পারিবারিক ও সামাজিক সচেতনতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শুক্রবার (২৬ জুন) পিরোজপুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

তিনি উল্লেখ করেন, ‘প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। তারা কোন বন্ধুদের সাথে মিশছে এবং কোথায় সময় পার করছে—এ বিষয়ে খতিয়ান রাখতে হবে।’

জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালির পর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।

 

অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা

নতুন মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল দলকে শক্তিশালী তৈরির পরিকল্পনা শুরু করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ‘গানাররা’ নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে দলে ভেড়াতে আগ্রহী।

ব্রিটিশ গণমাধ্যম ‘টকস্পোর্ট’ জানাচ্ছে, আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে, নিউক্যাসলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখন পর্যন্ত শুরু হয়নি।

এছাড়া প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, গিমারেস যদি নিজের ইচ্ছে প্রকাশ করেন আর্সেনালে যাওয়ার, তাহলে নিউক্যাসল ক্লাবটির জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে। তারা আশঙ্কা করছে যে, তার বিদায়ের ফলে অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও দলটি ছাড়ার ভূমিকা নিতে পারে।

এদিকে, ইতিমধ্যেই অ্যান্থনি গর্ডন ৭০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগদান করেছেন। পাশাপাশি টটেনহাম ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। যদিও প্রথম দিকে তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল, এখন তারা নতুন প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিউক্যাসল টোনালির মূল্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি নির্ধারণ করেছে বলে জানা গেছে।

গিমারেসের বর্তমান চুক্তির মেয়াদ আরো দুই বছর রয়েছে। গত মৌসুমে নিউক্যাসলের হয়ে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১টি ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৯ গোল করেছেন এবং ৮টি অ্যাসিস্ট প্রদান করেছেন। তবে তার পারফরম্যান্স ইউরোপিয়ান প্রতিযোগিতায় এডি হাওয়ের দলকে জায়গা করে দিতে পারেনি। নিউক্যাসল প্রিমিয়ার লিগে ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%