০৫:৫০ এম
ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের বৃহত্তম জ্বালানি স্থাপনা খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার ফলে গ্যাসক্ষেত্রের উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটি একটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এই ড্রোন হামলার পর বিস্ফোরণ ঘটে এবং চারপাশে কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ও অনুসন্ধান সংস্থা সনদ ইরাকি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ যাচাই করে নিশ্চিত করেছে যে, সুলাইমানিয়া প্রদেশের খোর মোর গ্যাসক্ষেত্রের অভ্যন্তরে তীব্র বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।
আরও পড়ুন: আমস্টারডামে ইসরাইলবিরোধী বিক্ষোভে লাখো জনতার অংশগ্রহণ, গাজায় যুদ্ধ বন্ধের দাবি
কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, একটি অজ্ঞাত ড্রোন দ্বারা ক্ষেত্রটিতে সরাসরি আঘাত হানা হয়। হামলায় কোনো প্রাণহানি ঘটেছে কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ স্থানীয় সম্প্রচারমাধ্যম কুর্দিস্তান ২৪-কে জানিয়েছেন, হামলার পর পাইপলাইনে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে যাবে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘পুরো অঞ্চল জুড়ে যাতে সম্পূর্ণ ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় না ঘটে, সেজন্য বিদ্যুৎ মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিচ্ছে। ডোকান ও দারবান্দিখান বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় চালু করা হচ্ছে এবং বিকল্প জ্বালানিচালিত স্টেশনগুলোর মাধ্যমে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো অতি জরুরি ও সংবেদনশীল স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।’
খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তান অঞ্চলের সবচেয়ে বড় কার্যকর প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। সুলাইমানিয়া প্রদেশের চামচামাল জেলায় অবস্থিত এই স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানা গ্যাস এবং ক্রিসেন্ট পেট্রোলিয়ামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়াম পার্ল পেট্রোলিয়াম দ্বারা পরিচালিত হয়। কুর্দিস্তানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রায় ৮০ শতাংশ কাঁচামাল গ্যাস এই একটি ক্ষেত্র থেকেই সরবরাহ করা হয়।
আরও পড়ুন: বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা
কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় খোর মোর গ্যাসক্ষেত্রটি দীর্ঘদিন ধরে ড্রোন ও রকেট হামলার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৬ এপ্রিল একটি আত্মঘাতী ড্রোন হামলায় তরল গ্যাস ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে কর্মরত চারজন ইয়েমেনি শ্রমিক নিহত হন। তখনও বিদ্যুৎ সরবরাহ ৮০ শতাংশ হ্রাস পেয়েছিল।
এছাড়া ২০২৪ সালের জানুয়ারি ও ২০২২ সালেও দফায় দফায় রকেট ও ড্রোন ছুড়ে গ্যাসক্ষেত্রটিতে দৈনিক ২৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির সম্প্রসারণ প্রকল্প ব্যাহত করা হয়।
এখন পর্যন্ত কোনো পক্ষ এই ড্রোন হামলার আনুষ্ঠানিক দায় স্বীকার করেনি। তবে অতীতে ইরাকের কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা বিশ্লেষকরা প্রতিবেশী কিরকুক ও সালাহউদ্দিন করিডরে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।
বাগদাদ ও এরবিলের মধ্যে তেল-গ্যাস রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, নিজস্ব জ্বালানি রফতানির চেষ্টা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক ছায়াযুদ্ধের কারণে এই স্থাপনা বারবার রাজনৈতিক ও সামরিক ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে।
আরও পড়ুন: মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, ১১২ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন