ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুরে একটি ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

সোমবার (১ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুদের মধ্যে রয়েছে- উপজেলার পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)।

আরও পড়ুন: রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুরের সময়ে দুই শিশু বাড়ির পাশের একটি ডোবায় কলাগাছ দিয়ে তৈরি ভেলায় খেলছিল। তবে একপর্যায়ে তারা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এর পর দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ডোবা থেকে দুই শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে জানান, সোমবার বিকেলেই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিরের আক্রমণের শিকার শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:০০ পি.এম


কুমিরের আক্রমণের শিকার শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মামুনুর রশীদ বাসস’কে জানান, রাতভর উদ্ধার অভিযান পরিচালনার পর মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে দিঘীর উত্তর-পূর্ব দিক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি বাগেরহাট মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফিন বাসস’কে জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, ঘটনার পর মাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় অবস্থান করছিল। গোসল করতে নামার পর হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে উপস্থিত লোকজন নৌকা নিয়ে দিঘীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম।

ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সারারাত উদ্ধার অভিযান পরিচালনার পর মঙ্গলবার ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

এ মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ রাতেই মাজার দিঘীর পাড়ে ভিড় করেন।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। একই সঙ্গে মাজার দিঘীতে থাকা কুমিরের নিরাপত্তা ব্যবস্থাপনা, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি পর্যালোচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ওপর চাপ বাড়াতে সমুদ্রেও কঠোর হচ্ছে ইউরোপ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


রাশিয়ার ওপর চাপ বাড়াতে সমুদ্রেও কঠোর হচ্ছে ইউরোপ!

রাশিয়ার ওপর চাপ বাড়ানোর লক্ষ্য নিয়ে এবার সমুদ্রেও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপ। ফ্রান্স এবং যুক্তরাজ্যের সহায়তায় আটক করা হয়েছে রুশ 'শ্যাডো ফ্লিট'-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার। যদিও রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার ঘটনায় ন্যাটোজুড়ে উদ্বেগ ছড়িয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীরবতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে।

রাশিয়ার তেল রফতানি ও যুদ্ধের অর্থায়নে আঘাত হানার জন্য এবার একটি ভিন্ন কৌশল গ্রহণ করেছে ইউরোপ। আটলান্টিক অঞ্চলে রুশ 'শ্যাডো ফ্লিট'-সংশ্লিষ্ট সন্দেহে ফরাসি নৌবাহিনী 'ট্যাগর' নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁয়ের হুঁশিয়ারী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ক্রেমলিনের এই অর্থের উৎস কোনোভাবেই চলতে দেয়া হবে না।

ফরাসি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, সংশ্লিষ্ট জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল।

এই সমুদ্রের কড়াকড়ির মধ্যেই আকাশপথে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ন্যাটো সীমান্ত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সম্প্রতি একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের আবাসিক ভবনে আঘাত হানে। এই ঘটনার ফলস্বরূপ ইউরোপীয় ইউনিয়ন এটি গুরুতর আকাশসীমার লঙ্ঘন বলে অভিহিত করেছে। ব্রাসেলসের বক্তব্য, এই আগ্রাসন প্রমাণ করে যে ইউক্রেনকে আরও বেশি সামরিক সহায়তা দেয়া এবং মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবী।

এদিকে, ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে রুশ ড্রোনের আঘাত হানার পরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রহস্যজনকভাবে নীরব রয়েছেন। হোয়াইট হাউসের এই নীরবতা পশ্চিমা কূটনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের কয়েকটি অংশের দাবি, ট্রাম্পকে প্রায়ই ন্যাটোর ভূমিকা নিয়ে সমালোচনা করতে দেখা যায়, কিন্তু রাশিয়ার এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে তার ভাষায় সেই একই কঠোরতা দেখা যাচ্ছে না।

অন্যদিকে, ইউক্রেন সীমান্তে ড্রোন যুদ্ধ রাশিয়ার কর্মকাণ্ডকে আরও ভয়াবহ করে তুলেছে। মে মাসে, ইউক্রেন লক্ষ্য করে রেকর্ড ৮ হাজার ১৫০টি দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে মস্কো, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। ইউক্রেন দাবি করছে যে বেশিরভাগ ড্রোন আকাশেই ধ্বংস হয়েছে, কিন্তু কিয়েভ সতর্ক করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদের মজুত দ্রুত শেষ হয়ে আসছে। এর ফলে, যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং তা আরও দীর্ঘ এবং জটিল রূপ নিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ বিশ্বকাপে একাধিক নতুন নিয়ম দেখা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


২০২৬ বিশ্বকাপে একাধিক নতুন নিয়ম দেখা যাবে

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। তবে বলা হচ্ছে যে নতুন নিয়মগুলো ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা, তবুও বিশ্বকাপই হবে এসব পরিবর্তনের প্রথম বড় পরীক্ষার মঞ্চ।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজ কলিনা জানিয়েছেন, বর্ণবাদ ও বৈষম্য রোধের পাশাপাশি সময় অপচয় কমানো এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনো বিরোধ বা উত্তপ্ত পরিস্থিতির সময় যদি কোনো খেলোয়াড় হাত, বাহু বা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য করে মুখ লুকিয়ে দায় এড়ানোর প্রবণতা ঠেকানো যায়। তবে একই ক্লাবের দুই ভিন্ন দেশের সতীর্থ স্বাভাবিক কথোপকথনের সময় মুখ ঢাকলে শাস্তি প্রযোজ্য হবে না।

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে যদি কোনো খেলোয়াড় মাঠ ত্যাগ করে, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। একইভাবে, কোচ বা দলের কর্মকর্তা যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উৎসাহিত করেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো দল মাঠ ছেড়ে যাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হলে তখন প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

সময় নষ্টের প্রবণতা কমাতে থ্রো-ইন ও গোল-কিক নেওয়ার সময় রেফারিরা দৃশ্যমান ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বলের দখল প্রতিপক্ষ দল পাবে। অন্যদিকে, গোলরক্ষক যদি ৫ সেকেন্ডের মধ্যে গোল-কিক নিতে ব্যর্থ হন, তাহলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।

বদলির সময় ফোর্থ অফিসিয়াল বোর্ড প্রদর্শনের পর মাঠ ছাড়তে থাকা খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে সাইডলাইনের নিকটতম অংশ দিয়ে মাঠের বাইরে যেতে হবে। যদি নির্ধারিত সময় অতিক্রম হয়, তাহলে বদলি হিসেবে নামতে যাওয়া খেলোয়াড়কে এক মিনিট অপেক্ষা করতে হবে এবং খেলা প্রথমবার থামার পরই তাকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

মাঠে চোট পেলে এবং মেডিকেল স্টাফ চিকিৎসার জন্য মাঠে প্রবেশ করলে সংশ্লিষ্ট আউটফিল্ড খেলোয়াড়কে খেলা পুনরায় শুরু হওয়ার পর এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের চোট, মাথায় গুরুতর আঘাত, গোলরক্ষক ও আউটফিল্ড খেলোয়াড়ের সংঘর্ষ কিংবা পেনাল্টি শুটারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা হয়েছে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া কিংবা ভুল কর্নার কিকের সিদ্ধান্ত সংশোধনে এখন ভিএআর ব্যবহার করা যাবে।

এ ছাড়া, কর্নার বা ফ্রি-কিক নেওয়ার আগে আক্রমণভাগের খেলোয়াড় যদি রক্ষণভাগের কাউকে ফাউল করেন, তাহলে ভিএআর রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দিতে পারবে। ফাউল প্রমাণিত হলে তখন কার্ড প্রদর্শন এবং পুনরায় কিক নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে দুই অর্ধে বাধ্যতামূলকভাবে তিন মিনিট করে হাইড্রেশন ব্রেক রাখা হবে। সাধারণত প্রতি অর্ধের ২২ মিনিটের কাছাকাছি সময়ে এই বিরতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ম্যাচ চলাকালে গোলরক্ষক চিকিৎসা নিলে সেই সুযোগে অন্য খেলোয়াড়রা সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নিতে পারবেন না। তাদের মাঠের ভেতরেই অবস্থান করতে হবে।

ফুটবল বিশ্লেষকদের মতে, নতুন নিয়মগুলো কার্যকর হলে সময়ক্ষেপণ কমবে, রেফারিং আরও স্বচ্ছ হবে এবং ম্যাচ পরিচালনায় শৃঙ্খলা ও গতি বাড়বে। ফলে, ২০২৬ বিশ্বকাপ হতে পারে ফুটবলের আধুনিক যুগের অন্যতম নিয়ম-পরিবর্তনের টুর্নামেন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘জাংমি’র আঘাতে আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:১১ পি.এম


জাপানে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘জাংমি’র আঘাতে আহত ৯

মঙ্গলবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হেনেছে। এই আঘাতে হাজার হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, পাশাপাশি অন্তত নয় জন আহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি মূলত টাইফুন হিসেবে শুরু হলেও পরে দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়। ‘জাংমি’ নামের এই ঝড়টি সোমবার ওকিনাওয়া দ্বীপে আঘাত হানার পর উত্তর দিকে অগ্রসর হতে শুরু করেছিল। ঝড়ের কারণে উঁচু ঢেউ, ভূমিধস এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

এটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে। সরকারী তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা অঞ্চলে প্রায় ৩০ হাজারের বেশি পরিবার এবং ওকিনাওয়ায় আরও প্রায় ১৭ হাজার পরিবার মঙ্গলবার সকালে বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ওকিনাওয়ায় ঝড় ‘জাংমি’র কারণে নয় ব্যক্তি আহত হয়েছেন। তিনি সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে’র সঙ্গে কথা বলার সময় জানান, ঝড়ের প্রভাবে উড়ে আসা বস্তু গাড়ির সঙ্গে ধাক্কা লাগা ও প্রবল বাতাসের কারণে এসব ব্যক্তি আহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, ঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে যাওয়ায়, বুধবার টোকিওসহ আশপাশের এলাকার গণপরিবহনেও বিঘ্ন ঘটতে পারে। কিহারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যেসব এলাকার মানুষের ঝড়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদের যেন স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনার প্রতি নজর রাখতে বলা হচ্ছে এবং প্রয়োজনে আগেভাগেই নিরাপদ স্থানে সরে যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%