ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিরাপত্তা শঙ্কায় উপসাগরীয় মিত্রদের জন্য স্বস্তি বয়ে আনবে ইরান চুক্তি?


নিরাপত্তা শঙ্কায় উপসাগরীয় মিত্রদের জন্য স্বস্তি বয়ে আনবে ইরান চুক্তি?

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির খসড়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো সীমাবদ্ধতা উল্লিখিত হয়নি। তাছাড়া, ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল এবং তেহরানের আঞ্চলিক প্রভাব বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

এই সব কারণে উপসাগরীয় দেশগুলোর মধ্যে অন্তর্বর্তী এই চুক্তি নিয়ে হতাশা দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক স্বাভাবিক হলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।

তবে, এ পরিস্থিতিতে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রাথমিক শান্তি চুক্তি সম্পর্কে সন্দিহান উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাতের স্থানীয় সময়ে বাহরাইনের রাজধানী মানামায় পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এটি ছিল তিন দিনের আঞ্চলিক সফরের শেষ পর্যায়। এর আগে, তিনি সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সফর করেছিলেন।

বৃহস্পতিবার, উপসাগরীয় আরব দেশগুলোর মিত্রদের আশ্বস্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের সঙ্গে সম্ভাব্য যে কোনো চুক্তি তাদের নিরাপত্তা ও স্বার্থের কথা মনে রেখেই করা হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নেব না যা এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে।’

বাহরাইনে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুবিও উল্লেখ করেন, ওয়াশিংটন দীর্ঘকালীন প্রতিপক্ষ ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি করতে চায়, যা অঞ্চলের মিত্রদের নিরাপত্তা ও উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করবে না।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানি বৈঠকে ওমানের প্রস্তাবিত নিরাপদ নৌ-চলাচল করিডোরকে স্বাগত জানিয়েছেন। এই করিডোরটি হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল সহজ করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির উদ্দেশ্যে একটি কাঠামোগত সমঝোতা হওয়ার পর, রুবিওর এই সফর ছিল প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ। সংঘাত শুরু হয় ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে।

স্ক সফরের সময়, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে, রুবিও আঞ্চলিক নেতাদের বোঝানোর চেষ্টা করেন যে প্রস্তাবিত চুক্তিটি ইরানের জন্য অতিরিক্ত সুবিধাজনক নয়। তিনি সাংবাদিকদের বলেন, আমরা এমন কিছু করব না যা আমাদের দীর্ঘ দিনের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাকে দুর্বল করে।

তবে, চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে, কিন্তু তেহরান এ দাবি অস্বীকার করেছে।

এছাড়া, ইরানের জন্য আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং লেবাননে চলমান সংঘাতের মতো বিষয়গুলোতে দুপক্ষের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: মাদরাসা বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র একীভূত করার পরিকল্পনা সরকারের

জিসিসিভুক্ত দেশগুলো (সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত) যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র। যুদ্ধে তারা বিভিন্নভাবে ওয়াশিংটনকে সহায়তা করেছে, কিন্তু একই সঙ্গে ইরানি হামলারও শিকার হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটি না দেয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


ছুটি না দেয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না দিয়ে রাতভর কাজ করানোর ফলে গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে শ্রমিকরা তীব্র বিক্ষোভ করেছেন। সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে দিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রেখেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় ‘কালার কো লিমিটেড’ নামের ওই কারখানায় এই ঘটনা ঘটেছে।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, লিজা আক্তার নামে এক নারী শ্রমিক অসুস্থ থাকলেও কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। বরং তাকে দিয়ে রাতভর কাজ করানো হয়েছে। একপর্যায়ে তিনি কর্মরত অবস্থায় কারখানার ভেতরেই মারা যান। একই রাতে শোভা নামে আরও এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।

সহকর্মীদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সকালে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এই সময়ে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। বিক্ষোভের সময় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত কর্মঘণ্টা, মানসিক চাপ ও হয়রানির অভিযোগ করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানিয়েছেন, শ্রমিক মৃত্যুর ঘটনাগুলো নিয়ে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কালার কো লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিকরা অবিলম্বে নারী শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও তাদের হয়রানির অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় বিদ্যুৎ–বিভ্রাট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় বিদ্যুৎ–বিভ্রাট

ইউক্রেনের ড্রোন হামলার পর, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে। মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ এই তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের অভিযোগ, তাদের ড্রোন হামলায় শহরের প্রধান বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর রাজভোজায়েভ উল্লেখ করেছেন, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ অস্থায়ীভাবে বন্ধ থাকতে পারে। তিনি টেলিগ্রামে দেওয়া একটি বার্তায় বলেছেন, “শত্রুপক্ষ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত ও আতঙ্ক সৃষ্টি করতে হামলা চালাচ্ছে।” যদিও, এই পরিস্থিতিতেও জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে এবং জরুরি সেবাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বাসিন্দাদের বিদ্যুৎ ও মোবাইল ফোনের ব্যাটারি সাশ্রয়ের পরামর্শ দেওয়া হয়েছে। একইসাথে, গরম আবহাওয়ার কারণে বয়স্ক প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনের মনুষ্যবিহীন সিস্টেম বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভডি জানিয়েছেন, এ হামলায় ৪৮টি সক্রিয় ও পরিকল্পিত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, বাখচিসারাই, কের্চ ও মাউন্ট আই-পেট্রি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। ২০১৪ সাল থেকে, রাশিয়ার দখলে যাওয়ার পর থেকেই ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ইউক্রেন বিভিন্ন হামলা চালিয়ে আসছে। এর ফলে এলাকাটিতে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। রাশিয়া-সমর্থিত নেতা সের্গেই আকসিওনভ রবিবার সব ধরনের পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দাদের মতে, কিছু গ্যারেজে এখনও পেট্রোল মজুত রয়েছে, তবে তা মূলত সরকারি সেবার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

এদিকে আতঙ্কিত অনেক মানুষ অতিরিক্ত পণ্য কিনতে শুরু করেছেন। বিশেষত চিনির ঘাটতির খবর পাওয়া যাচ্ছে। ক্রিমিয়াকে ইউক্রেনের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ সেতুগুলোও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন।

আন্তর্জাতিকভাবে ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়ার পর এটি সড়ক ও রেলপথে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। দক্ষিণ ইউক্রেনের দখলকৃত অঞ্চল দিয়ে একটি স্থলপথ এবং কের্চ প্রণালীর ওপর নির্মিত সড়ক ও রেল সেতুর দ্বারা এই সংযোগ বজায় রাখা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতে ইউক্রেন থেকে আসা ৩০০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ইউক্রেনের দিকে ১০১টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ৯৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর কালো তেলের মতো পদার্থ বৃষ্টির ফোঁটার সঙ্গে রাস্তায় পড়ে। তবে মস্কো কর্তৃপক্ষ এমন ঘটনার কথা অস্বীকার করেছে। বাসিন্দাদের দাবী, ওই তেলমিশ্রিত বৃষ্টিতে তাদের পোশাকও নোংরা হয়ে যায়।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ চার বছরেরও বেশি সময় ধরে চলমান। গত ৪ জুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতির লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান একটি খুলা চিঠি পাঠিয়ে। কিন্তু পুতিন ওই চিঠিকে ‘অশোভন’ বলে মন্তব্য করে ও সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার মতে, শান্তি আলোচনা হওয়া উচিত যুদ্ধবিরতির আগে। সূত্র: বিবিসি, আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে টোল আদায় হলে তা অন্য জলপথেও ছড়িয়ে পড়বে: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


হরমুজে টোল আদায় হলে তা অন্য জলপথেও ছড়িয়ে পড়বে: রুবিও

হরমুজ প্রণালীতে টোল আদায় হলে তা ক্রমেই অন্যান্য জলপথেও ‘সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়বে’ বলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) গালফ কো-অপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দিতে বাহরাইনে অবস্থানের সময় তিনি এই বক্তব্য তুলে ধরেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের আরোপিত মাশুল বা ফি আদায়ের বিষয়টি অন্যান্য জলপথেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যা ‘পূর্ণাঙ্গ বিশৃঙ্খলা’র ঝুঁকি সৃষ্টি করবে। তিনি এ সময় বলেন, যুক্তরাষ্ট্র এমন এক ‘বাস্তব ও দীর্ঘস্থায়ী’ শান্তির দিকে আগ্রহী, যা দেশ ও তার মিত্রদের নিরাপত্তা এবং সমৃদ্ধিকে ক্ষুণ্ণ করবে না।

মার্কো রুবিও আরো বলেন, আন্তর্জাতিক জলপথ কোনো নির্দিষ্ট রাষ্ট্রের মালিকানাধীন নয়। এটি বর্তমান বিশ্বের একটি মৌলিক নীতি এবং এই নীতি না থাকলে বিশ্বজুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যদি আমরা সত্যিই মেনে নিই যে, কোনো আন্তর্জাতিক জলপথ নিজের ভূখণ্ডের কাছাকাছি হওয়ার কারণে তা ব্যবহারের জন্য অর্থ দাবি করা যায়, তবে এই প্রবণতা সারাবিশ্বে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়বে।

মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে কোনো একটি নির্দিষ্ট দেশের মালিকানাধীন বলে স্বীকৃতি দেয় না। তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আগ্রহী, তবে তিনি এ প্রসঙ্গে জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে তারা এমন কোনো চুক্তি চায় না।

এর আগে গতকাল ইরানের রেভোলিউশনারি গার্ডস সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা নির্দিষ্ট কিছু কর্তৃপক্ষের ঘোষিত ওই জলপথের একটি নতুন রুট বা পথের বিষয়টিও প্রত্যাখ্যান করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তারা জানাননি।

সূত্র: আলজাজিরা, গাল্ফ নিউজ, ডন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরপর তিন দেশে ভূমিকম্প, বিশ্বের নানা প্রান্তে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


পরপর তিন দেশে ভূমিকম্প, বিশ্বের নানা প্রান্তে আতঙ্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিনটি ভিন্ন অঞ্চলে। 

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পের ফলে বহু প্রাণহানি ঘটেছে। এরপর জাপানের উত্তর-পূর্বাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্প প্রবণ বিভিন্ন অঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। 

বুধবার (২৪ জুন) সকালে দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাসের পশ্চিমে ক্যারিবীয় উপকূলীয় অঞ্চল। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, এটি দেশের গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। 

সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। বহু ভবন ধসে পড়েছে, সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান করছেন। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজে ব্যস্ত রয়েছেন। 

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়েছে। 

ভেনেজুয়েলার বিপর্যয়ের কয়েক ঘণ্টার মধ্যেই, এশিয়ার দেশ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানায়, কম্পনের মাত্রা ছিল প্রায় ৭.২। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সেখানে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও যথেষ্ট শক্তিশালী। 

এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মেনডোসিনো কাউন্টির রেডউড ভ্যালি এলাকার কাছে। 

স্থানীয় সংবাদমাধ্যম ও ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, এটি প্রায় ৯০ বছরের মধ্যে অঞ্চলটিতে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, কম্পনে কিছু মানুষ আহত হয়েছেন এবং কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখে পড়েছেন। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের প্রাণহানি ঘটেনি। ভূমিকম্পের পর একাধিক আফটারশকও রেকর্ড করা হয়েছে। 

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন টেকটোনিক প্লেটের সক্রিয় অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। ভেনেজুয়েলা, জাপান ও ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পগুলোর মধ্যে সরাসরি বৈজ্ঞানিক সম্পর্কের প্রমাণ নেই। যাহোক, স্বল্প সময়ের ব্যবধানে একাধিক দেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। 

বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আফটারশকের ঝুঁকি রয়েই যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%