ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

খুলনায় নতুন করে আঁকা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি


খুলনায় নতুন করে আঁকা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি

খুলনা নগরের যশোর রোডে অবস্থিত রেলস্টেশনের দেয়ালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি কালি দিয়ে বিকৃত করার পর নতুন করে আঁকা হয়েছে। শনিবার দুপুরের সময় শিল্পী মো. রেজাউল করিম রেজা প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শুরু করেন।

প্রতিকৃতির দুই পাশে আগে লাগানো পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়। মুখে লেপন করা কালির ওপর সাদা প্লাস্টিক পেইন্টের প্রলেপ দিয়ে সেখানে রবীন্দ্রনাথের মার্কারি স্কেচ আঁকা হয়। স্কেচের কাজ সম্পন্ন হলে, এরপর প্রতিকৃতিতে রং করার কাজ শুরু হয়।

শিল্পী রেজাউল করিম বলেন, “এটা আমি আর্ট করেছিলাম। শিববাড়ী মোড় থেকে সঙ্গীতা হল পর্যন্ত আমি ও আমার দল দেয়ালচিত্রগুলো এঁকেছিলাম। কে বা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি নষ্ট করেছে। মেয়র (প্রশাসক) সাহেব আমাকে আবার এটা আঁকতে বলায় কাজ শুরু করেছি।”

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় মাথায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

তিনি আরও বলেন, “আমাকে কেউ যাতে ঝামেলায় ফেলতে না পারে, সে জন্য পেইন্ট করার (আঁকার) সময় পুলিশ এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা নিরাপত্তায় থাকবেন।” পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি পুরোপুরি আঁকার কাজ শেষ হয়।

দুপুর ১২টার দিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপন ও তাঁকে নিয়ে বিরূপ বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর ঘটনায় তিনি নিন্দা জানান।

কেসিসি প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে আমরা দেয়ালে খুলনার অতীত ঐতিহ্য, উন্নয়ন ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এঁকেছি। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতিও ছিল। কিন্তু সেই ছবিতে কালি দেওয়ার ঘটনাকে আমাদের কাছে হিংস্রতা বলে মনে হয়েছে। এটি বিশ্ববরেণ্য কবির প্রতি অসম্মান।”

এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন। নজরুল ইসলাম বলেন, “একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা স্বচ্ছ ও সুন্দর খুলনা গড়ার চেষ্টা করছি। কিন্তু এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।”

আরও পড়ুন: সাংগঠনিক অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক

প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও কথা বলেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, “যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করার জন্য আমরা পুলিশকে বলেছি। আমরা চাই এ ধরনের কাজে আর কেউ অংশ না নিক। দেয়ালচিত্রগুলো যাতে অক্ষত থাকে, সে জন্য পুলিশ টহল জোরদার করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি, সিলেবাস ও নম্বর বণ্টনে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি, সিলেবাস ও নম্বর বণ্টনে পরিবর্তন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। নতুন কাঠামোর অধীনে প্রিলিমিনারির পাশাপাশি লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরীক্ষার সিলেবাস এবং নম্বর বণ্টনে পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

এনটিআরসিএর নতুন নিয়োগ কাঠামোতে তিনটি ধাপের মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকতে পারে—১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। মূলত বিধিমালা সংশোধনের পর চূড়ান্ত সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি নির্ধারিত হবে।

নতুন প্রস্তাবিত পদ্ধতিতে প্রথম ধাপে এক ঘণ্টার ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে, কিন্তু প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এই ধাপে পাস করার জন্য পরীক্ষার্থীদের অন্তত ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

প্রিলিমিনারির সিলেবাসে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য তিন ঘণ্টা সময় নির্ধারণের প্রস্তাব রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে প্রস্তাবিত এই পদ্ধতি কার্যকর করতে বিধিমালা সংশোধনের প্রয়োজন রয়েছে। সংশোধিত বিধিমালা অনুমোদন না হওয়া পর্যন্ত পরীক্ষার ধাপ, সিলেবাস ও নম্বর বণ্টনের কোনোটি চূড়ান্ত বলে বিবেচিত হবে না।

নিবন্ধন নয়, সরাসরি শিক্ষক নিয়োগ

এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষায় পদ্ধতিগত পরিবর্তনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াতেও পরিবর্তন আসছে। পূর্বে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হতো। পরে পৃথক প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো। নতুন ব্যবস্থায় নিবন্ধনের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে পরীক্ষার ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে আগের ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা বা মৌখিক পরীক্ষা চলছে, যা আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ডিসেম্বরে পরীক্ষা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ২০২৩ সালের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে ২০২৪ সালের মার্চে। এর পর দীর্ঘ সময় নতুন নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এবার নিবন্ধন পরীক্ষার পরিবর্তে নতুন পদ্ধতিতে সরাসরি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পাসে জনবল নেবে কারিতাস এনজিও, অভিজ্ঞতা লাগবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


এইচএসসি পাসে জনবল নেবে কারিতাস এনজিও, অভিজ্ঞতা লাগবে না

কারিতাস সিলেট অঞ্চল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম ও সংখ্যা: ক্রেডিট অফিসার (সিএমএফপি), সংখ্যা নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: প্রার্থীদের জন্য এইচএসসি বা সমমান পাসের শর্ত রয়েছে। তবে, স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়া, অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে অবস্থিত।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন শিক্ষানবীশকালে সর্বমোট বিশ হাজার টাকা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন: পিএফ, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম এবং বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। চাকরি বিধিমালা অনুযায়ী ছুটির সুবিধাও থাকবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে .

আবেদনের সময়সীমা: আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বক্স অফিসে শীর্ষে হোমসের প্রতারণার তথ্যচিত্র, পিছনে ক্লেফেস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


বক্স অফিসে শীর্ষে হোমসের প্রতারণার তথ্যচিত্র, পিছনে ক্লেফেস

উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে এলিজাবেথ হোমসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’, যা ডিসি কমিকসের জনপ্রিয় খলনায়ক ‘ক্লেফেস’কে পেছনে ফেলে দিয়েছে। ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহেও ধারাবাহিক সাফল্য অর্জন করেছে, যা চলচ্চিত্র বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বড় বাজেটের সুপারহিরো চরিত্রনির্ভর সিনেমাকে পিছনে ফেলে একটি তথ্যচিত্রের এমন সাফল্যকে ব্যতিক্রমী হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত শুক্রবার, উত্তর আমেরিকার ৩ হাজার ২৪৩টি প্রেক্ষাগৃহ থেকে ‘ইউ ক্যান সি এভরিথিং’ আয় করেছে ৩৫ লাখ ৬০ হাজার ডলার। সপ্তাহান্ত শেষে ছবিটির মোট আয় ১ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর মুক্তির পর অঞ্চলটিতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার।

কমেডিয়ান নাথান ফিল্ডার এবং নির্মাতা ল্যান্স ওপেনহাইমের যৌথ উদ্যোগে নির্মিত তথ্যচিত্রটিতে যুক্তরাষ্ট্রের আলোচিত উদ্যোক্তা এলিজাবেথ হোমসের জীবন তুলে ধরা হয়েছে। রক্ত পরীক্ষার প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার প্রতিষ্ঠান থেরানোসের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন। অল্প বয়সে যুক্তরাষ্ট্রের অন্যতম সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান হোমস। একপর্যায়ে তাঁর প্রতিষ্ঠানের মূল্যায়ন দাঁড়ায় কয়েক শ কোটি ডলারে।

তবে এই সাফল্যের আড়ালে ছিল প্রতারণার অভিযোগ। থেরানোসের রক্ত পরীক্ষার প্রযুক্তি নিয়ে দেওয়া প্রতিশ্রুতির সত্যতা প্রশ্নবিদ্ধ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে। পরে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হন হোমস। এ ঘটনায় তাঁর ১১ বছরের কারাদণ্ড হয়। তথ্যচিত্রে তাঁর উত্থান, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যবসায়িক সাম্রাজ্যের পতনের নানা দিক তুলে ধরা হয়েছে।

ছবিটি নির্মাণে তিন বছরের বেশি সময় ব্যয় করেছেন ফিল্ডার ও ওপেনহাইম। হোমসের কারাজীবন শুরুর আগের ঘটনাপ্রবাহকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এর কাহিনি। নির্মাতাদের পরিকল্পনা রয়েছে আগামী ৯৯তম অস্কারে সেরা তথ্যচিত্র বিভাগে প্রতিযোগিতার পাশাপাশি অন্যান্য বিভাগেও ছবিটি জমা দেওয়ার।

এদিকে, বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসির ‘ক্লেফেস’। গত শুক্রবার, উত্তর আমেরিকার ৩ হাজার ৪৭৮টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটির আয় ৩৩ লাখ ডলার। মুক্তির পর অঞ্চলটিতে এর মোট আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৬৯ লাখ ডলারে।

জেমস ওয়াটকিনস পরিচালিত হরর সিনেমাটিতে ব্যাটম্যানের পরিচিত প্রতিপক্ষ ক্লেফেসের গল্প তুলে ধরা হয়েছে। চরিত্রটির আসল নাম ম্যাট হেগেন। একজন উঠতি চলচ্চিত্র তারকা হিসেবে জীবন শুরু করলেও ভয়াবহ দুর্ঘটনায় তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। স্বাভাবিক চেহারা ফিরে পেতে পরীক্ষামূলক চিকিৎসার আশ্রয় নেওয়ার পরই তাঁর জীবনে ঘটতে থাকে ভয়ংকর সব ঘটনা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাইকার স্টপ-মোশন অ্যানিমেশন সিনেমা ‘ওয়াইল্ডউড’। গত শুক্রবার, উত্তর আমেরিকার ৩ হাজার ১০০টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটির আয় হয়েছে ২৩ লাখ ৯০ হাজার ডলার। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্ত শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ডলারে।

ট্রাভিস নাইট পরিচালিত ছবিটির গল্প এক কিশোরীকে ঘিরে আবর্তিত হয়েছে। ভাই অপহৃত হওয়ার পর তাকে উদ্ধারের অভিযানে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে রহস্যময় এক জাদুর বনে প্রবেশ করে সে। প্রায় ১০ কোটি ডলার বাজেটে নির্মিত অ্যানিমেশন সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

সূত্র: ভ্যারাইটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সমসাময়িক মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত রাজনৈতিক চিন্তাবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে ইসলাম, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, বহুত্ববাদ, ইসলামি সভ্যতা, মুসলিম উম্মাহর ঐক্য এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে মুসলিম সমাজের সম্পর্ক নিয়ে তিনি ধারাবাহিকভাবে বক্তব্য দিয়েছেন। তার চিন্তায় ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ধর্মবিশ্বাস বা আনুষ্ঠানিক ইবাদতের বিষয় নয়; বরং এটি ন্যায়বিচার, জ্ঞানচর্চা, মানবিক মর্যাদা, সামাজিক দায়িত্ব, সহমর্মিতা ও রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি।

আনোয়ার ইব্রাহিমের বক্তব্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনি ইসলাম ও গণতন্ত্রকে পরস্পরবিরোধী হিসেবে দেখেন না। তার মতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশও গণতন্ত্র, ন্যায়বিচার, বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে। একই সঙ্গে তিনি মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিভক্তি, ধর্মের সংকীর্ণ ব্যাখ্যা, উগ্রবাদ, দুর্নীতি ও জ্ঞানচর্চার দুর্বলতার সমালোচনা করেছেন। ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি তিনি মুসলমানদেরও অন্য ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানার, বোঝার এবং সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসলাম ও গণতন্ত্র পরস্পরবিরোধী নয়

আনোয়ার ইব্রাহিমের ইসলামবিষয়ক চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ইসলাম ও গণতন্ত্রের সম্পর্ক। ২০০৬ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রকাশিত সাময়িকী ‘জার্নাল অব ডেমোক্রেসি’-তে তার একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধটির শিরোনাম ‘ইউনিভার্সাল ভ্যালুজ অ্যান্ড মুসলিম ডেমোক্রেসি’ ।

সেখানে তিনি লিখেছেন, স্বাধীনতা ও আত্মশাসনের আকাঙ্ক্ষা পৃথিবীর সব মানুষের হৃদয়ে বিদ্যমান। তাই সভ্যতার সংঘাতকে অনিবার্য ধরে নেওয়ার কোনো কারণ নেই। মুসলিম সমাজে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সমসাময়িক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল বাস্তবতা। ইসলাম স্বভাবগতভাবেই গণতন্ত্রের বিরোধী—এমন দাবি ভিত্তিহীন এবং তা উগ্রবাদীদের যুক্তিকেই পরোক্ষভাবে শক্তিশালী করে।

তার বক্তব্যের মূল তাৎপর্য হলো, গণতন্ত্রকে পশ্চিমা সভ্যতার একচেটিয়া সম্পদ হিসেবে দেখা ঠিক নয়। স্বাধীনতা, ন্যায়বিচার, জবাবদিহি ও জনগণের অংশগ্রহণের আকাঙ্ক্ষা সর্বজনীন মানবিক মূল্যবোধ। মুসলমানরা নিজেদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রেখেও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।

তিনি অবশ্য গণতন্ত্রের নামে সব রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ডকে প্রশ্নহীনভাবে গ্রহণ করার কথা বলেননি। তার মতে, বিভিন্ন মুসলিম গোষ্ঠীর সঙ্গে সংলাপ ও অংশগ্রহণের সুযোগ রাখতে হবে, তবে স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না।

ধর্ম রাষ্ট্র ও সমাজে ঘৃণা নয়, সহমর্মিতা তৈরি করবে

২০২৩ সালের ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক আলোচনায় আনোয়ার ইব্রাহিম ধর্ম, রাজনীতি ও বহুত্ববাদ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আলোচনা করতে গিয়ে মানবিক সহমর্মিতার বিষয়টি অনেক সময় উপেক্ষিত হয়। অথচ বর্তমান পৃথিবীতে মানুষের প্রয়োজন শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়; প্রয়োজন মানবিকতা, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধা।

তিনি বলেন, ধর্ম ও বর্ণকে অনেক সময় মানুষের মধ্যে শত্রুতা ও বিভেদ তৈরির কাজে ব্যবহার করা হয়। রাষ্ট্র পরিচালনা ও সামাজিক জীবনে ধর্মের ভূমিকা হওয়া উচিত মানুষের মধ্যে বোঝাপড়া ও সহনশীলতা বাড়ানো। নিজের পরিচয় স্পষ্ট করে তিনি বলেন, তিনি একজন মুসলমান এবং ধর্ম পালন করেন; কিন্তু ধর্মের কোনো বিষয়কে মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করা উচিত নয়।

এই বক্তব্যে তার চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশিত হয়। তিনি ধর্মনিরপেক্ষতার নামে ধর্মীয় পরিচয় মুছে ফেলার পক্ষে নন, আবার ধর্মের নামে অন্যের অধিকার ও মর্যাদা অস্বীকারেরও বিরোধী। তার মতে, ধর্মীয় বিশ্বাস মানুষের নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধকে শক্তিশালী করতে পারে। কিন্তু ধর্মকে রাজনৈতিক বিদ্বেষের অস্ত্র বানানো হলে তার সামাজিক ও নৈতিক উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয়।

একই আলোচনায় তিনি বলেন, মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ইসলাম দেশটির ফেডারেশনের ধর্ম। কিন্তু দেশটির চীনা, ভারতীয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান জনগোষ্ঠীও মালয়েশিয়ার জাতীয় পরিবারের অংশ। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কীভাবে গণতন্ত্র, ন্যায়বিচার, সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজের দৃষ্টান্ত হতে পারে, মালয়েশিয়াকে সেই উদাহরণ তৈরি করতে হবে।

ইসলামবিদ্বেষের জবাব দিতে হবে জ্ঞান ও সংলাপ দিয়ে

ইসলামবিদ্বেষ বা ইসলামোফোবিয়া মোকাবিলায় আনোয়ার ইব্রাহিমের অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ফোরাম অন ইসলামোফোবিয়া: মিনিংফুল এনগেজমেন্ট থ্রু মাদানি ডিসকোর্স’-এ মূল বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসলামবিদ্বেষের জবাব শত্রুতা ও ঘৃণা দিয়ে নয়; বরং যুক্তি, জ্ঞান, সংলাপ এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে দিতে হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসলামবিদ্বেষ বাস্তব সমস্যা এবং এটি মোকাবিলায় আরো কাজ প্রয়োজন। কিন্তু মুসলিম বিশ্বকেও নিজেদের পূর্বধারণা ও সংকীর্ণতা অতিক্রম করে পশ্চিমা সমাজের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখতে হবে। দুই পক্ষের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করতে চিন্তার সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, পশ্চিমা বিশ্ব ও মুসলিম সমাজ—উভয় পক্ষেরই নিজেদের চিন্তাগত দুর্বলতা পর্যালোচনা করা উচিত। অতীতের অন্যায় ও অবিচারের কথা স্মরণ করা প্রয়োজন হতে পারে, কিন্তু শুধু অতীতের ক্ষোভ নিয়ে পড়ে থাকলে সমাধান আসবে না। মালয়েশিয়া সবার সঙ্গে কাজ করার ক্ষেত্রে মধ্যপন্থা ও বোঝাপড়ার নীতি অনুসরণ করতে চায়।

তিনি আরো বলেন, ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আলোচনায় ইসলামের বিশেষজ্ঞদের পাশাপাশি মালয়েশিয়ায় বিদ্যমান অন্যান্য ধর্মের প্রতিনিধিদেরও যুক্ত করা প্রয়োজন। পশ্চিমা বিশ্বের প্রতিনিধিদের সঙ্গে এমন সংলাপ হলে পরস্পরের অবস্থান ও উদ্বেগ বোঝা সহজ হবে।

এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ইসলামবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদকে কেবল প্রতিক্রিয়াশীল অবস্থানে সীমাবদ্ধ রাখেননি। বরং জ্ঞান, যুক্তি, শিক্ষা, সংলাপ ও আন্তধর্মীয় বোঝাপড়াকে দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে তুলে ধরেছেন।

কোরআন অবমাননার জবাব জ্ঞান ও শিক্ষার মাধ্যমে

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে জুমার খুতবা দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম ইসলামবিদ্বেষ মোকাবিলার বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের প্রতি ঘৃণার জবাব অনুপযুক্ত প্রতিক্রিয়া দিয়ে দেওয়া উচিত নয়। এর মোকাবিলা করতে হবে জ্ঞান ও বোঝাপড়ার মাধ্যমে।

তিনি বলেন, সভ্যতার মধ্যে মতপার্থক্য বা সংঘাত থাকলেই অন্যের প্রতি ঘৃণা তৈরি করতে হবে—এমন নয়। একজন মুসলমানের উচিত অজ্ঞতার কারণে অন্যকে বিচার না করা। ইসলাম প্রচারের ক্ষেত্রেও শ্রদ্ধা, অনুগ্রহ ও করুণার নীতি অনুসরণ করতে হবে।

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পর মালয়েশিয়া এক লাখ নয়, দশ লাখ কোরআনের অনুলিপি ছাপিয়ে বিশ্বজুড়ে বিতরণের উদ্যোগ নিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তার মতে, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে কোরআন সম্পর্কে জানার সুযোগ তৈরি করে এবং ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে সহায়তা করে।

এখানে আনোয়ারের বক্তব্যের তাৎপর্য হলো, ধর্মীয় অবমাননার প্রতিবাদ অবশ্যই করা যায়; কিন্তু প্রতিবাদের ভাষা ও পদ্ধতিও ধর্মের নৈতিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। জ্ঞান ও শিক্ষার মাধ্যমে ইসলামের পরিচয় তুলে ধরা ঘৃণার পাল্টা ঘৃণার চেয়ে অধিক কার্যকর হতে পারে।

মুসলিম উম্মাহর ঐক্য ও বিভক্তি অতিক্রমের আহ্বান

মুসলিম বিশ্বের ঐক্য সম্পর্কে আনোয়ার ইব্রাহিমের বক্তব্যে আবেগের পাশাপাশি বাস্তববাদী রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। ২০২৪ সালের ৬ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মুসলমানদের ঐক্যের অর্থ ও প্রয়োজনীয়তা বুঝতে হবে। বিভক্তি ও পারস্পরিক বিরোধ মুসলিম দেশগুলোকে দুর্বল করে এবং বাইরের শক্তির জন্য তাদের আক্রমণ, অপমান ও নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করে।

তিনি গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতির উদাহরণ দিয়ে বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি থাকলে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়। তবে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা ও বিচক্ষণতা জরুরি। তাড়াহুড়া করে কিংবা সংকীর্ণ চিন্তা থেকে নেওয়া সিদ্ধান্ত মুসলিম সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি মালয়েশিয়ার বহুজাতিক ও বহুধর্মীয় সমাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মুসলিম ও অমুসলিম জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও বোঝাপড়া প্রতিষ্ঠা করা একটি শক্তিশালী অর্থনীতির পূর্বশর্ত। তার মতে, অর্থনৈতিক উন্নয়ন শুধু বড় প্রবৃদ্ধির পরিসংখ্যান নয়; দরিদ্র, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান নিশ্চিত করাও এর অংশ।

একই অনুষ্ঠানে তিনি মুসলিম তরুণদের নতুন জ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্র অন্বেষণের আহ্বান জানান। মালয়েশিয়ার প্রায় দুই লাখ তাহফিজ শিক্ষার্থীর জন্য জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ তৈরির কথা বলেন। তার মতে, ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় মুসলিম সমাজের ভবিষ্যৎ শক্তি বাড়াতে পারে।

উম্মাহর জন্য প্রযুক্তি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান

২০২৪ সালের ১০ নভেম্বর মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কেন্দ্রে ‘স্ট্রংগার টুগেদার: এ ভিশন ফর দ্য মুসলিম উম্মাহ থ্রু টেক, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট’ শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ভাষণের শুরুতেই তিনি আল-আজহারকে এক হাজার বছরের বেশি সময় ধরে জ্ঞান ও অনুসন্ধানের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, পশ্চিমা বিশ্বে যুক্তিবাদের যুগের আগেই আল-আজহারের মতো প্রতিষ্ঠানে জ্ঞানচর্চা ও নবজাগরণের ধারা বিকশিত হয়েছিল। তার বক্তব্যে আল-আজহারকে মুসলিম জ্ঞান-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই বক্তৃতার মূল বিষয় ছিল মুসলিম উম্মাহর ভবিষ্যৎ ক্ষমতায়ন। তিনি প্রযুক্তিগত অগ্রগতি, সামাজিক সক্ষমতা এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তার মতে, মুসলিম দেশগুলোকে শুধু অতীতের জ্ঞান ও সভ্যতার গৌরব স্মরণ করলে চলবে না; সেই জ্ঞানভিত্তিক ঐতিহ্যকে বর্তমানের গবেষণা, প্রযুক্তি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে রূপান্তর করতে হবে।

এই বক্তব্যের সঙ্গে তার দীর্ঘদিনের চিন্তার মিল রয়েছে। তিনি মুসলিম পুনর্জাগরণকে কেবল রাজনৈতিক ঐক্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন না; বরং জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক স্বনির্ভরতাকে এর অপরিহার্য উপাদান হিসেবে দেখেন।

ইসলামি জ্ঞানচর্চা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়

২০২৫ সালের ১৯ জুলাই মালয়েশিয়ার পুত্রজায়া মসজিদে ‘মালয়েশিয়া বেরমুনাজাত ২০২৫’ অনুষ্ঠানে আনোয়ার মুসলিমদের ইসলামি জ্ঞানচর্চার ঐতিহ্য রক্ষার আহ্বান জানান। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, তিনি আলেম ও রাষ্ট্রীয় নেতৃত্বের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে মুসলিমদের জ্ঞান, মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় উপলব্ধির সমন্বয় ঘটাতে হবে। প্রযুক্তিগত সাফল্য যদি নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে মুসলিম দেশগুলো অন্যের তৈরি প্রযুক্তি ও ব্যবস্থার কেবল ভোক্তা হয়ে থাকবে।

তিনি বিশেষভাবে বলেন, কওমি বা পন্ডক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাব্যবস্থায় সুযোগ দিতে হবে। তারা যেন ইসলামি জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত থেকেও কারিগরি শিক্ষা, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা অর্জন করতে পারে। কোরআন, হাদিস, ফিকহ, আইন, শিক্ষা, প্রযুক্তি ও রাষ্ট্র পরিচালনা বিষয়ে মুসলিমদের জ্ঞানভান্ডার নতুন করে অন্বেষণ করার আহ্বান জানান তিনি।

এ বক্তব্যে আনোয়ারের একটি গুরুত্বপূর্ণ ধারণা প্রকাশিত হয়েছে: আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে গিয়ে মুসলিমদের ঐতিহাসিক পরিচয় ও ধর্মীয় জ্ঞান হারানোর প্রয়োজন নেই। বরং নিজস্ব জ্ঞান-ঐতিহ্যকে আধুনিক গবেষণা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে হবে।

ফিলিস্তিন ও মুসলিম জনগোষ্ঠীর অধিকার

ফিলিস্তিন প্রশ্নে আনোয়ার ইব্রাহিমের অবস্থান তার মুসলিম বিশ্ববিষয়ক বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ। ২০২৩ সালের ১১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যৌথ আরব-ইসলামিক বিশেষ সম্মেলনে তিনি গাজায় ইসরাইলি সামরিক অভিযান, বেসামরিক মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে বক্তব্য দেন।

তিনি বলেন, গাজার নারী, পুরুষ ও শিশুরা নির্বিচার হামলার শিকার হচ্ছে। বাড়িঘর, হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয়ও নিরাপদ থাকছে না। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান।

২০২৪ সালের ১১ নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক বিশেষ সম্মেলনেও তিনি ফিলিস্তিনিদের দুর্দশা, গাজা পুনর্গঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মালয়েশিয়ার বক্তব্যে তিনি ফিলিস্তিনের প্রশ্নকে শুধু মুসলিমদের বিষয় হিসেবে নয়, বরং মানবতা ও আন্তর্জাতিক ব্যবস্থার ন্যায়বিচারের প্রশ্ন হিসেবে উপস্থাপন করেন।

২০২৫ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার ইপোহ শহরে এক বক্তব্যে তিনি গাজা পুনর্গঠনে সহায়তার উদ্যোগের সমালোচনাকারীদের জবাব দেন। বারনামার প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। নিজেদের দেশের সমস্যা আছে বলে অন্য বিপদগ্রস্ত মানুষের প্রতি সহায়তার হাত বাড়ানো যাবে না—এমন মানসিকতা ইসলাম শেখায় না।

এ বক্তব্যে তার দৃষ্টিভঙ্গি হলো, মুসলিমদের মধ্যে সংহতি শুধু রাজনৈতিক স্লোগান নয়; বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও এর অংশ। তবে তার বক্তব্যে মানবিক সহায়তার বিষয়টি মুসলিম পরিচয়ের বাইরেও বৃহত্তর মানবিক দায়িত্বের সঙ্গে যুক্ত।

মুসলিম সমাজের ভেতরের সংকট ও আত্মসমালোচনা

আনোয়ার ইব্রাহিমের বক্তব্যের একটি উল্লেখযোগ্য দিক হলো, তিনি মুসলিম বিশ্বের সব সমস্যার দায় বাইরের শক্তির ওপর চাপান না। বরং মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ দুর্বলতা, দুর্নীতি, বিভক্তি, অদক্ষ নেতৃত্ব এবং জ্ঞানচর্চার ঘাটতি নিয়ে কথা বলেন।

২০০৫ সালের ১০ অক্টোবর রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলিম সমাজের উগ্রবাদী প্রবণতা মোকাবিলার দায়িত্ব প্রথমত মুসলমানদেরই নিতে হবে। মুসলিম সরকার ও রাষ্ট্রগুলো গণতান্ত্রিক পরিসর নিশ্চিত করতে ব্যর্থ হলে উগ্রবাদী প্রবণতা বিস্তারের সুযোগ তৈরি হয়। তবে এর অর্থ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া নয়। সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের পাশাপাশি সমাজে প্রয়োজনীয় সংস্কারও করতে হবে।

তিনি বহুজাতিক ও বহুধর্মীয় সমাজের বাস্তবতা স্বীকার করার ওপর গুরুত্ব দেন। মুসলিমদের নিজেদের সমাজে মুসলিম হিসেবে বসবাসের অধিকার রয়েছে; কিন্তু অন্যদের ওপর ধর্মীয় বিধান জোর করে চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

এই বক্তব্য তার ধর্মীয় চিন্তায় রাজনৈতিক বাস্তববাদ ও নাগরিক অধিকারের গুরুত্ব তুলে ধরে। তিনি ধর্মীয় পরিচয়কে অস্বীকার করেন না, কিন্তু ধর্মের নামে জবরদস্তি বা নাগরিক অধিকার সংকুচিত করার পক্ষেও নন।

আনোয়ারের চিন্তার তাৎপর্য ও সীমাবদ্ধতা

আনোয়ার ইব্রাহিমের ইসলামবিষয়ক বক্তব্যে তিনটি প্রধান প্রবণতা লক্ষ করা যায়। প্রথমত, ইসলাম ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার চেষ্টা। দ্বিতীয়ত, ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রেখে বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার আহ্বান। তৃতীয়ত, মুসলিম উম্মাহর পুনর্জাগরণের জন্য জ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও নৈতিক নেতৃত্বের ওপর গুরুত্ব।

তার বক্তব্যে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ রয়েছে, কিন্তু প্রতিক্রিয়ায় ঘৃণা বা সহিংসতার সমর্থন নেই। মুসলিম সমাজের প্রতি তার আহ্বান হলো, অন্য ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানুন, সংলাপ করুন, নিজেদের দুর্বলতা সংশোধন করুন এবং জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে নিজেদের অবস্থান শক্তিশালী করুন।

তবে তার চিন্তার মূল্যায়নে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন। মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও দেশটি বহুজাতিক ও বহুধর্মীয়। ফলে ধর্মীয় পরিচয়, জাতিগত রাজনীতি, নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় নীতির মধ্যে ভারসাম্য রক্ষা করা দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আনোয়ারের বক্তব্যে এই বাস্তবতার প্রতিফলন রয়েছে। তার ঘোষিত আদর্শ ও সরকারের বাস্তব নীতির মধ্যে কতটা সামঞ্জস্য তৈরি হচ্ছে, তা বিচার করতে হলে নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংখ্যালঘুদের অভিজ্ঞতা নিয়ে আরো বিস্তৃত মূল্যায়ন প্রয়োজন। তার আলোচনার মূল ক্ষেত্র হলো ইসলামি মূল্যবোধের সঙ্গে আধুনিক রাষ্ট্র, গণতন্ত্র, অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পর্কের সমন্বয়।

ইতিবাচক চিন্তার মূল কথা

ইসলাম ও মুসলিম সম্পর্কে আনোয়ার ইব্রাহিমের ইতিবাচক চিন্তার মূল কথা হলো, ইসলাম মানবিকতা, জ্ঞান, ন্যায়বিচার, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ধর্ম। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গণতন্ত্র, বহুত্ববাদ ও নাগরিক অধিকারের ভিত্তিতে উন্নত রাষ্ট্র হতে পারে। ধর্মীয় পরিচয় বজায় রেখেও অন্য ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। ইসলামবিদ্বেষের জবাব দিতে হবে জ্ঞান, যুক্তি ও সংলাপের মাধ্যমে; আর মুসলিম উম্মাহর পুনর্জাগরণের জন্য প্রয়োজন ঐক্য, আত্মসমালোচনা, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা।

তার বক্তব্যে অতীতের ইসলামি সভ্যতার গৌরব স্মরণের পাশাপাশি বর্তমানের বাস্তব সংকট মোকাবিলার তাগিদ রয়েছে। তিনি মুসলমানদের শুধু নিজেদের অধিকার দাবি করতে বলেননি; অন্যের অধিকার ও মর্যাদা স্বীকার করার কথাও বলেছেন। তার দৃষ্টিতে ধর্মের শক্তি মানুষের মধ্যে ঘৃণা তৈরি করা নয়, বরং ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠা করা।

আনোয়ারের চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে—মুসলিম পুনর্জাগরণ শুধু রাজনৈতিক স্লোগান, আবেগ কিংবা অতীতের গৌরবচর্চার মাধ্যমে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জ্ঞানচর্চা, নৈতিক নেতৃত্ব, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, প্রযুক্তিগত দক্ষতা, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং বহুত্ববাদী সমাজের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%