ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সাঘাটা-ফুলছড়ি নৌরুটে ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের ভোগান্তি


সাঘাটা-ফুলছড়ি নৌরুটে ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের ভোগান্তি

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার তিস্তামুখ নৌঘাটসহ একাধিক নৌ-রুটে যাত্রীভাড়া বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গজারিয়া-পেপুলিয়াসহ অন্তত ১২টি নৌরুটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। এর ফলে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থী, শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার গজারিয়া ঘাট থেকে ফুলছড়ি ইউনিয়নের পেপুলিয়া, টেংরাকান্দি এবং সাঘাটার হলদিয়া, কানাইপাড়া, হাসিলকান্দী, পাতিলবাড়ী, দেলুয়াবাড়ী, ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারী ও তালতলা এবং এরেন্ডাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপার করা হয়। চরাঞ্চলের বিপুল জনগণের যাতায়াতের অন্যতম ভরসা এই নৌপথগুলো।

যাত্রীদের অভিযোগ, গজারিয়া-পেপুলিয়া নৌপথে আগে জনপ্রতি ভাড়া ছিল ৩০ টাকা। গত ২২ সেপ্টেম্বর থেকে তা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। একইভাবে অন্যান্য ঘাটেও মনগড়া বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় মাথায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

বর্তমানে পেপুলিয়া থেকে ফুলছড়ি ঘাটে ৪০ টাকা, খঞ্চাপাড়া থেকে ৬০ টাকা, ফজলুপুর ঘাট থেকে ৫০ টাকা, দেলুয়াবাড়ী থেকে ৫০ টাকা, বাগবাড়ী থেকে ৫০ টাকা, খোলাবাড়ী থেকে ৬০ টাকা, জিয়াডাঙ্গা থেকে ৪০ টাকা, এরেন্ডাবাড়ী থেকে ২০০ টাকা এবং মইন্যাঘাট থেকে ২০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

বাজে ফুলছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী আকবর বলেন, "আগে গজারিয়া থেকে পেপুলিয়া যেতে ৩০ টাকা ভাড়া দিতাম, এখন ৪০ টাকা দিতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লে খরচ বাড়া স্বাভাবিক, কিন্তু যাত্রীপ্রতি ১০ টাকা বাড়ানো কতটা যৌক্তিক, তা প্রশাসনের বিবেচনা করা দরকার।"

সালমা বেগম নামে অপর এক যাত্রী বলেন, "নদীতে পানি কম থাকলে নৌকায় যেতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে, অথচ একই ভাড়া গুনতে হয়। এখন আবার নতুন করে ভাড়া বাড়ানোয় নিয়মিত যাতায়াতকারীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।" প্রায় একই ধরনের ক্ষোভ প্রকাশ করেন ফজলুপুর ইউনিয়নের সাদেক আলী এবং ফুলছড়ির মিজানুর রহমান ও ফরহাদ হোসেন।

বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, পড়াশোনার জন্য প্রতিদিন নৌকায় যাতায়াত করতে হয়। প্রতিবার অতিরিক্ত ভাড়া মেটাতে গিয়ে শিক্ষার্থীদের চরম হিমশিম খেতে হচ্ছে। তবে সাঘাটার কানাইপাড়া চরের বাসিন্দা শাহজাহান আলী জানান, তেলের দাম বাড়ার কারণে ভাড়া কিছুটা বেড়েছে এবং বাধ্য হয়ে তা মেনেই তারা চলাচল করছেন।

আরও পড়ুন: সাংগঠনিক অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক

এনসিপির ফুলছড়ি উপজেলা আহ্বায়ক সেকেন্দার আলী বলেন, "চরাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। ঘাট মালিক ও মাঝিরা মনগড়া ভাড়া বাড়ালে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কঠোর ভূমিকা রাখা জরুরি।"

এদিকে ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, একটি ট্রলারে প্রতিদিন প্রায় সাত লিটার ডিজেল লাগে। তেলের দাম বাড়ায় প্রতিদিন ট্রলারপ্রতি জ্বালানি খরচ ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

নৌকার মাঝি মোকছেদ ও মোরশেদ জানান, জ্বালানি তেলের পাশাপাশি নৌকা রক্ষণাবেক্ষণ খরচও বেড়েছে। তাছাড়া বর্তমানে নদীতে যাত্রী সংখ্যাও কম। এসব বাস্তবতা বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে ভাড়া বাড়ানো হয়েছে।

তবে যাত্রীদের দেওয়া হিসাব অনুযায়ী, এসব রুটে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ যাত্রী চলাচল করেন। যাত্রীপ্রতি ১০ টাকা করে বেশি নিলে প্রতিদিন অতিরিক্ত আদায় হয় ৫ থেকে ৬ হাজার টাকা। ফলে দৈনিক মাত্র ২০০ টাকা জ্বালানি খরচ বৃদ্ধির অজুহাতে কয়েক হাজার টাকা অতিরিক্ত আদায় নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সাঘাটার তেনাচিরা বিলে পানি কমতেই লাল-সাদায় সেজেছে প্রকৃতি, নজর কাড়ছে দর্শনার্থীদের

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান, "বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আবদুস সালাম আহ্বায়ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আবদুস সালাম আহ্বায়ক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুনভাবে গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল দায়িত্ব পালন করবেন। এছাড়া, যুগ্ম আহ্বায়ক হিসেবে আ ন ম সাইফুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, বিচার বিভাগের জন্য বুদ্ধিবৃত্তিক দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতির তুলনায় অধিক ক্ষতি সাধন করেছে।

তিনি রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করে এই কথা বলেন।

মন্ত্রী বলেন, "হাতে গোনা কয়েকজন বিচারকের বিরুদ্ধে অসততার অভিযোগ রয়েছে।" তিনি উল্লেখ করেন যে, যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে, সরকার তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের মতোই ৯০ এবং ২৪ এর গণহত্যাকারীদের বিরুদ্ধেও আমরা কথা বলবই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএমএফের ঋণ পেতে এনবিআরকে মানতে হবে ৪ কঠিন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


আইএমএফের ঋণ পেতে এনবিআরকে মানতে হবে ৪ কঠিন শর্ত

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার জন্য কঠিন চারটি শর্ত মানতে হবে। ২০৩১ সালের মধ্যে কর অব্যাহতি তুলে নেওয়ার নির্দেশ রয়েছে। পাশাপাশি, দেশের বিভিন্ন স্থানে ভ্যাটের অভিন্ন হার কার্যকর করতে হবে। রাজস্ব আহরণ বৃদ্ধি করার জন্য কীভাবে পরিকল্পনা করা হবে, সে বিষয়েও আইএমএফকে একটি পরিকল্পনা দিতে হবে।

এছাড়া, এনবিআরের নীতি এবং বাস্তবায়নকে আলাদা করার শর্তও সংস্থাটি যুক্ত করেছে। সম্প্রতি এনবিআরের চেয়ারম্যান তিনটি অনুবিভাগ, আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে বিষয়গুলো আলোচনায় এসেছে। এনবিআর সূত্রে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

সূত্র জানায়, আইএমএফের প্রথম ঋণের কিছু শর্ত ছিল, তবে সেগুলো এনবিআর ঢিলেঢালাভাবে পালন করেছিল। কিন্তু এবারে আইএমএফের ঋণে কঠোর শর্ত মানতে হচ্ছে এনবিআরকে। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মূলত সরকার দেশীয় শিল্পের সুরক্ষা এবং অর্থনীতির গতি বাড়ানোর জন্য এ ধরনের কর অব্যাহতি প্রদান করে। এই প্রেক্ষাপটে, আইএমএফ ২০৩১ সালের মধ্যে সব ধরনের কর অব্যাহতি তুলে নেওয়ার শর্ত দিয়েছে।

এছাড়া, সংস্থাটির আরেকটি শর্ত হচ্ছে ভ্যাটের অভিন্ন হার কার্যকর করতে হবে। বর্তমানে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বিভিন্ন স্ল্যাব রয়েছে। শিল্পের সুবিধা ও জনস্বার্থে সরকার এ সুবিধা প্রদান করে আসছে। আইএমএফের ঋণ পাওয়ার জন্য ভ্যাটের একটি অভিন্ন হার কার্যকর করতে হবে। যদি ১৫ শতাংশ হয়, তাহলে সব ক্ষেত্রে ১৫ শতাংশ প্রযোজ্য হবে, আর ১০ শতাংশ বা সাড়ে ৭ শতাংশ হলে সব ক্ষেত্রেই একই ভ্যাট হার কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, "আইএমএফের বড় কনসার্ন হচ্ছে কর অব্যাহতি তুলে দিতে হবে। ভ্যাটের একটা স্ট্যান্ডার্ড রেট নির্ধারণ করতে হবে।" এছাড়া, রাজস্ব আহরণ বৃদ্ধি করার জন্য এনবিআরের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে আইএমএফ। আরেকটি বড় কনসার্ন হচ্ছে এনবিআরকে বিভক্ত করা। যদিও সরকার ইতোমধ্যে এনবিআরকে ভাগ করে অধ্যাদেশ জারি করেছে, তবে আইএমএফ বিষয়টির বাস্তবায়ন দেখতে চায়।

সূত্র আরও জানায়, এনবিআরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে করের আওতা বৃদ্ধি করার বিষয়টিতে জোর দিয়েছে আইএমএফের প্রতিনিধিদল। নতুন ঋণ প্রস্তাবের ক্ষেত্রেও বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। আইএমএফ বিষয়টির বাস্তবায়ন দেখতে চায়। এছাড়া, এনবিআর পৃথকীকরণের শর্তও রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করেছে। আগামী সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত বিল উঠছে। এনবিআরকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও বাস্তবায়ন আলাদা দুটি বিভাগ গঠন করা হচ্ছে। রাজস্ব নীতি বিভাগ পলিসি তৈরি করবে এবং বর্তমান এনবিআর বাস্তবায়ন বিভাগ হিসেবে কাজ করবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজস্বনীতি বিভাগে ১৬ সদস্যের একটি কাউন্সিল থাকবে। এই কাউন্সিলের মাধ্যমে ভবিষ্যতে রাজস্ব-সংক্রান্ত পলিসি কী হবে, তা নির্ধারণ করা হবে। এ কাউন্সিলে ব্যবসায়ী, আমলা, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকতে পারেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু হতে যাচ্ছে। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশাপাশি বিশ্বনেতারাও উপস্থিত থাকবেন। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে অনেক বেশি।

জানা গেছে, সম্মেলনটি আনতালিয়ায় সোমবার (৯ নভেম্বর) শুরু হয়ে ১২ দিনব্যাপী চলবে।

বাংলাদেশের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে। উপকূলে লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও তাপপ্রবাহের মতো সংকট মোকাবিলায় বিপুল অর্থ ও কার্যকর পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এই বাস্তবতায় এবারের জলবায়ু সম্মেলন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্টদের দ্বারা।

প্রথমবারের মতো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন। তার নেতৃত্বে আন্তর্জাতিক পরিসরে দেশের জলবায়ু সংকট ও প্রত্যাশার বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছে পরিবেশ মন্ত্রণালয়। সম্মেলনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নিজেদের সক্ষমতা, অভিযোজন পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, শব্দদূষণ, বায়ুদূষণ ও পানিদূষণ মোকাবিলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং প্রকৃতিভিত্তিক সমাধানের বিষয়গুলো তুলে ধরা হবে। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোর দূষণের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেসবের ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হবে। বাংলাদেশ যে পরিমাণ সহায়তা পাওয়ার যোগ্য, তা আদায়ে দরকষাকষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দেশের দাবিগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরতে বিশেষজ্ঞদের প্রস্তুত করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের দাবি আদায়ে সমন্বিত অবস্থান প্রয়োজন। নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক জোটের মাধ্যমে দাবি তুলে ধরতে পারলে দরকষাকষিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা সময় সংবাদকে জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের ক্ষেত্রে কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতার চেয়ে দেশটির ঝুঁকির মাত্রা বেশি গুরুত্ব পাওয়ার প্রয়োজন। জাতিসংঘের জলবায়ু আলোচনার প্রক্রিয়ায় বাংলাদেশকে এ বিষয়টি তুলে ধরতে হবে। বাংলাদেশের জন্য, নেপাল ও ভুটানকে নিয়ে যে জোট রয়েছে, সেটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এতে অভিযোজন ও অনুদানভিত্তিক অর্থায়নের পক্ষে বাংলাদেশের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

বর্তমানে কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের জন্য কার্যকর অর্থায়ন ও বাস্তবভিত্তিক সহায়তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%