০৮:২৯ এম
কিশোরগঞ্জে এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় মামলার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা আসামিপক্ষের হুমকির কারণে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের নিরাপত্তাহীনতায় কাটানোর কারণে পরিবারটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে, যেখানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে ওই নারী জানিয়েছেন, তারা সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া গ্রামে বসবাস করেন। মেয়েটির বাবা একজন মাটিকাটা শ্রমিক, আর মা মানুষের বাড়িতে কাজ করেন। তাদের দুটি কন্যা রয়েছে। বড় মেয়ে সাড়ে সাত বছরের এবং স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ছোট মেয়ে পাঁচ বছরের এবং একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা আরব, বিএনপির শীর্ষ নেতাদের কাছে দোয়া কামনা
তিনি জানান, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় বড় মেয়েকে প্রতিবেশি সৌদি প্রবাসী লিটন মিয়ার ছেলে (১৫) চকলেটের প্রলোভন দেখিয়ে মুখ চেপে তুলে নিয়ে যায়। এরপর আসামি মেয়েটিকে তার বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি মায়ের কাছে জানালে পরদিন মা বাদী হয়ে ওই কিশোরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেন। একইদিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করার পর বিচারক অভিযুক্তকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত বর্তমানে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, মামলার পর থেকেই অভিযুক্তের বাবা সৌদি থেকে ফোনে বাদী পক্ষকে কেটে টুকরো টুকরো করে হত্যার হুমকি প্রদান করছেন। আসামির চাচা বাদল মিয়া, আল আমিন, আরজু মিয়া, বাবুল মিয়া, চাচাত ভাই উজ্জ্বল ও রায়হানসহ অন্যান্য স্বজনরা বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। প্রাণের ভয়ে মেয়েদের নিয়ে মা বর্তমানে কিশোরগঞ্জ পৌরসভার কানিকাটা এলাকায় তার বোনের মেয়ের বাসায় আশ্রয় গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে দুই মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। মেয়েদের বাবা ঝুঁকি নিয়ে কেবল বাড়িতে বাস করছেন। শিশুটির মা পুলিশ বিভাগ ও প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন