০৬:২৭ পি.এম
চট্টগ্রামে পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে পরিবর্তন এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্দেশ্যে আগামী ১৪ নভেম্বর ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি) সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনটি চট্টগ্রামের দ্য পেনিনসুলা চট্টগ্রাম হোটেলে অনুষ্ঠিত হবে, যা নগরের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবাবিষয়ক সম্মেলন হিসেবে পরিচিত।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে নগরের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সামিটের গুরুত্ব, কর্মপরিকল্পনা ও মূল রূপরেখা তুলে ধরেন চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিক, সহসভাপতি নুরুল আনোয়ার জীবন এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহসভাপতি দাঊদ আরমান।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এ সময় জানানো হয়, চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) উদ্যোগে আয়োজিত এই সামিটের মূল লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর করা, পেশাগত দক্ষতা বিনিময় করা এবং আন্তর্জাতিক হাসপাতাল ও বিশেষজ্ঞদের সঙ্গে আঞ্চলিক স্বাস্থ্য খাতের সংযোগ তৈরি করা।
আয়োজকরা উল্লেখ করেন, চট্টগ্রাম অঞ্চল থেকে প্রতিবছর বিপুলসংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন শহর ও বিদেশে যান। এমভিটি সামিটের মাধ্যমে দেশি-বিদেশি প্রখ্যাত হাসপাতাল, চিকিৎসক ও বিশেষজ্ঞ সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের সুযোগ তৈরি হবে। এর ফলে স্থানীয় চিকিৎসাসেবার মানোন্নয়ন হবে এবং রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাওয়ার পথ আরও সহজ ও স্বচ্ছ হবে।
আয়োজকরা আরও জানান, ১৪ নভেম্বরের সামিটে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রখ্যাত হাসপাতালের প্রতিনিধি, স্বাস্থ্য খাতের উদ্যোক্তা এবং চিকিৎসা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। সামিটে ব্যবসায়িক পর্যায়ে বিটুবি (বিজনেস-টু-বিজনেস) বৈঠক, প্যানেল আলোচনা এবং স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।
তাদের আশা, এই আয়োজন চট্টগ্রামের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন