ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর


বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যার ফলে গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারকে নতুন ঘর প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৯ আগস্ট, রবিবার প্রধানমন্ত্রীর কক্সবাজার ও চট্টগ্রাম সফরের সময় বাঁশখালীতে আয়োজিত একটি সমাবেশের মঞ্চে এইসব ঘরের চাবি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়ার বিষয়টি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন নিশ্চিত করেছেন।

বন্যার পানির তোড়ে গৃহহারা হয়ে পড়া পরিবারগুলো যখন সবকিছু হারিয়ে অসহায় অবস্থায় ছিল, ঠিক সেই সময়ে সরকারি ঘর দেওয়ার উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা সরকারের তরফ থেকে নির্মিত তাদের ভিটায় ভেঙে যাওয়া বাড়ির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নতুন ঘরর চাবি গ্রহণ করতে উত্তেজিত।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী তাদের সামনে এসে নতুন ঘরের চাবি বুঝিয়ে দেবেন এবং সেই সঙ্গে তাকে কাছ থেকে এক নজর দেখা উপলব্ধি হবে।

জেলা প্রশাসনের সূত্র জানাচ্ছে, বাঁশখালী পৌরসভা এবং ৯টি ইউনিয়নের প্রত্যেকটিতে ১০ জন করে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবার ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। সরকারি খরচে তাদের বাড়ি নতুন করে নির্মাণ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার বিষয়টি মাথা থেকে বাদ না দিয়ে বাড়ি নির্মাণে আরসিসি পিলার, কাঠ এবং টিন ব্যবহৃত হচ্ছে। টিনের ঘেরা ও ছাউনি দেওয়া এসব বাড়িকে ‘দুর্যোগ সহনীয়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৮ ফুট দৈর্ঘ্যে ও ১২ ফুট প্রস্থের প্রতিটি টিনের ঘরে দুটি করে কক্ষ থাকবে এবং এর সঙ্গে পাঁচ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগার থাকবে।

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘বন্যার কারণে বাড়িঘর ভেঙে যাওয়া যে পরিবারগুলোর নতুন বাড়ি করার মতো সামর্থ্য নেই তাদেরকেই প্রধানমন্ত্রীর বাইরের ঘর দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।’

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন আজ বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী আগামী রবিবার চট্টগ্রামের তিনটি উপজেলার সফর করবেন। এর মধ্যে বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নতুন ঘরের চাবি তুলে দেবেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইতোমধ্যে বাড়িগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে এসেছে।’

আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বাঁশখালী সফর এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন নির্ধারিত অনুষ্ঠানস্থলে প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক সেখানে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ, নিরাপত্তাব্যবস্থা, অতিথিদের বসার স্থান এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রস্তুতির অগ্রগতি নিয়ে কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। আমি বাঁশখালীর বাহারছড়ায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছি। তিনি অনুষ্ঠানের সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন।

ক্ষতিগ্রস্তদের বাড়ি দেওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘নির্মাণাধীন ঘরগুলোর কাঠামোগত স্থায়িত্ব ও কাজের মান নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলেছি। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করে নতুন বাড়ি নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে। আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে বাড়িগুলোর নির্মাণ কাজ শেষ হবে।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা, কোরআন-সুন্নাহ অনুযায়ী চলার কথা জানালেন এই নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা, কোরআন-সুন্নাহ অনুযায়ী চলার কথা জানালেন এই নেতা

জামালপুরের মাদারগঞ্জে রাজনীতি ছেড়ে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চান বলে মোহাম্মদ গোলাম রব্বানী নামে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেতা ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই ঘোষণা তিনি দেন। গোলাম রব্বানী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়ার বাসিন্দা এবং তিনি আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক। জানা গেছে, গোলাম রব্বানী আশির দশক থেকে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে রাজনীতির সঙ্গে জড়িত হন। পরে, তিনি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ৩ বারের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। বর্তমানে, তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। মোহাম্মদ গোলাম রব্বানীর সঙ্গে পদত্যাগের বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি ২০১৮ সালে পবিত্র হজ পালনের সময় কাবাঘর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম রাজনীতি থেকে বিদায় নেব। তিনি আরও বলেন, কেননা, রাজনীতি আমার জন্য নয়। এতদিন পদত্যাগ না করতে পারলেও আজ করলাম। আমি আওয়ামী লীগের আমলেও অআনুষ্ঠানিকভাবে রাজনীতিক কর্মকাণ্ড থেকে বিদায় নিয়েছি। গোলাম রব্বানী জানিয়েছেন, সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না। এতদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারিনি। এখন সুযোগ হয়েছে, তাই রাজনীতি থেকে বিদায় নিলাম। তিনি বলেন, বাকি জীবন আমি কোরআন-সুন্নাহ মোতাবেক চলতে চাই। এ নিয়ে কেউ অহেতুক বিভ্রান্ত হবেন না। আমি যা করেছি, সজ্ঞানে করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর, ৬ আগস্ট, ২০২৬ : জেলার সীমান্ত অঞ্চলে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ আটক করা হয়েছে। আজ ভোরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত অঞ্চলে ওই অভিযানটি পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ আজ দুপুরে বিজিবির একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে ওষুধ পাচারের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নিয়ে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের একটি চালান জব্দ করে বিজিবি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ জানান, জব্দকৃত অবৈধ ওষুধের আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাবজোনস্পোরে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সালাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


ট্রাবজোনস্পোরে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সালাহ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : লিভারপুলের সাবেক তারকা মোহাম্মদ সালাহ বুধবার ইস্তাম্বুলে পৌঁছেছেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই তার এই সফর।

“সালাহ মোড : অন”, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্টের সঙ্গে ৩৪ বছর বয়সী মিশরীয় তারকার ব্যক্তিগত বিমানে বসে ট্রাবজোনস্পোরের নীল ও মেরুন রঙের হোম জার্সি পরা ছবি প্রকাশ করেছে ক্লাবটি।

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলের ক্লাবটি মঙ্গলবার জানায়, লিভারপুলে নয় মৌসুম কাটিয়ে এবং ক্লাবটির হয়ে সমানসংখ্যক শিরোপা জেতার পর বিদায় নেওয়া সালাহর সঙ্গে তারা আলোচনা শুরু করেছে।

ইস্তাম্বুলে পৌঁছানোর পর শত শত উচ্ছ্বসিত সমর্থক সালাহকে স্বাগত জানান বলে এএফপি নিশ্চিত করেছে। এ সময় ট্রাবজোনস্পোর সমর্থক আবদুল করিম ইয়ারভান এএফপিকে বলেন, “আমি সরাসরি রাতের শিফট শেষ করে এখানে এসেছি। আর এখন মোহাম্মদ সালাহর জন্য আরও একটি নির্ঘুম রাত কাটাতেও আমি প্রস্তুত।”

গতকাল ইস্তুম্বুলে সালাহর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর দিনের শেষ দিকে তিনি ট্রাবজোনে উড়ে যাবেন।

রাইট উইঙ্গার সালাহ দুই মৌসুমের চুক্তিতে সই করবেন, যেখানে তৃতীয় মৌসুম বাড়ানোর সুযোগও থাকবে। তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো (১ কোটি ৯৬ লাখ ডলার) আয় করবেন তিনি।

ট্রাবজোনে পৌঁছে সালাহ বলেন, “আমি সত্যিই খুব খুশি... এবং দলের সঙ্গে অনুশীলনের জন্য মুখিয়ে আছি। আমি যেখানেই যাই, সবসময় জিতি অথবা জেতার চেষ্টা করি। আশা করি লিগে এবং ইউরোপেও আমরা কিছু অর্জন করতে পারব।”

এ সময় ক্লাবটি এক্সে পোস্ট করে তাকে স্বাগত জানায়, “স্বাগতম, মিশরীয় রাজা।”

সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ, যা ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল।

প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৯৩। এর মধ্যে লিভারপুলের হয়ে করেছেন ১৯১টি। সর্বকালের তালিকায় ইংল্যান্ডের তিন তারকা অ্যালান শিয়েরার, হ্যারি কেন ও ওয়েইন রুনির পর তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

গত মৌসুমে লিভারপুল দলে সালাহ নিজের সেরা ছন্দে ছিলেন না। লিগে মাত্র সাতটি গোল করেন তিনি।

সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন সালাহ। তার নৈপুণ্যে মিশর ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠেছিল। তবে দুই গোলের লিড নষ্ট করে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হতাশাজনক হারে বিদায় নেয় তারা। পরে আর্জেন্টিনা ফাইনালে হেরে রানার্সআপ হয়।

ট্রাবজোনস্পোরের সুপার লিগের প্রতিদ্বন্দ্বী বেসিকটাসের সঙ্গেও সালাহর আলোচনার গুঞ্জন ছিল।

গত মৌসুমে তুরস্কের শীর্ষ লিগে তৃতীয় হয়েছিল ট্রাবজোনস্পোর। বেসিকটাসের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে থেকে তারা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

মিশরের হয়ে ১১৯ আন্তর্জাতিক ম্যাচে ৬৬ গোল করেছেন সালাহ। আফ্রিকার ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সহায়তার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


পটুয়াখালীতে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সহায়তার চেক বিতরণ

পটুয়াখালী, ৬ আগস্ট, ২০২৬ : জেলার কলাপাড়ায় মোট ৫৭ জন গৃহহীন, প্রতিবন্ধী এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে, যার মোট পরিমাণ ৫ লাখ ৭০ হাজার টাকা।

এ সহায়তা উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে প্রদান করা হয়, যা জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন, যিনি উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে, ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নির্বাচিত ৫৭ জন অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। উপকারভোগীরাও এ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%