বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১২ পি.এম
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ঘরের মাঠে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক ও ডেভিড মিলারকে।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডান-হাতি পেসার জেরাল্ড কোয়েৎজি। সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপে খেলেছেন তিনি। একই বছর ওয়ানডেতে অভিষেকের পর ১৪ ম্যাচে ৩১ উইকেট শিকার করেন কোয়েৎজি।
ইনজুরি থেকে এখনও সুস্থ হয়ে উঠতে না পারায় দলে রাখা হয়নি পেসার কাগিসো রাবাদাকে। কোয়েৎজির সাথে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে থাকছেন মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কেওয়েনা মাফাকা ও অটনিল বার্টম্যান। দলে স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন কেশব মহারাজ ও বিয়র্ন ফোরটান।
সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না ব্যাটার আইডেন মার্করাম। শেষ দুই ম্যাচে পাওয়া যাবে তাকে। ডারবানে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোরটান, মার্কো জানসেন, কেশব মহারাজ, কেওয়ানা মাফাকা, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের পোল্ট্রি খাতকে কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও উন্নত করার জন্য ডিম-মাংসের উৎপাদন বৃদ্ধি করে দামকে যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ বুধবার, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পোল্ট্রিখাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানের নিশ্চয়তাও জরুরি। তিনি বলেন, খামারিরা যেন তাদের উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য পান, এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো মানের ডিম ও মাংস কেনার সুযোগ নিশ্চিত করতে হবে। ডিম ও মুরগির মাংসের উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পোল্ট্রিখাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা উচিত এবং ডিম, মাংস ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পোল্ট্রি ফিডের মান নিশ্চিত করতে হবে। কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে পোল্ট্রিখাতের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, খাতের প্রকৃত সমস্যা ও সম্ভাবনা জানার জন্য মাঠপর্যায়ের খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা আবশ্যক। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের প্রান্তিক খামারিদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ ও মানসম্মত আমিষের জোগান নিশ্চিত করতে পোল্ট্রি খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এফআইএবি) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)-এর সভাপতি মাহবুবুর রহমান, এফআইএবি-এর সিনিয়র সহ-সভাপতি মো. আহসানউজ্জামান, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ ব্রান্স (ডব্লিউপিএসএ-বিবি) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, বিপিআইসিসি-এর সচিব এ. টি. এম. মোস্তফা কামাল এবং নরিশ-এর পরিচালক রফিকুল ইসলাম বাবু)-সহ পোল্ট্রি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম (সেবা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। বুধবার রাতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে উঠে আসে গণমাধ্যম ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার নানা দিক।
সাক্ষাৎকালে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল পত্রিকার প্রকাশনা কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন বিষয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।"
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল পত্রিকার সার্বিক জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে বলেন, "দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সবসময় নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের এই ধরনের সেতুবন্ধন জনস্বার্থে কাজ করাকে আরও সহজ করে তোলে। পুলিশ প্রশাসনের এই আন্তরিক সহযোগিতা আমাদের পথচলাকে আরও উৎসাহিত করবে। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আনতে এবং জনগণের কণ্ঠস্বর হয়ে ভবিষ্যতেও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখব।"
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, সিরাজদিখান প্রতিনিধি সিজান খানসহ অন্যান্য প্রতিনিধিরা।
আলোচনায় সবাই দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসন ও গণমাধ্যমের এই ধরনের নিয়মিত মতবিনিময় সমাজে স্বচ্ছতা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্যসহ বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে তিনজন ডাকাত, একজন ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের এক সদস্যসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের অংশ হিসেবে কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া প্রায় ৩৮ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের অ্যালুমিনিয়াম ওয়্যার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম থেকে গাজীপুর যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান থেকে এক প্যাকেজ অ্যালুমিনিয়াম ওয়্যার আত্মসাৎ করা হয়। পরে অভিযান চালিয়ে ফেনীর একটি খামার থেকে ৩৬টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১ হাজার ৯৫০ কেজি ৯.৫ এমএম অ্যালুমিনিয়াম ওয়্যার উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
এ ঘটনায় ফেনী মডেল থানায় দণ্ডবিধির ৪০৭, ৪২০ ও ৩৮০ ধারায় মামলা করা হয়েছে। একই অভিযানে ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির সরঞ্জামসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যালয়ের পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষি শিক্ষা, ভালো অভ্যাস ও সবুজ পরিবেশ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম এডিপি। GEDSI Friendly Green School কার্যক্রমের আওতায় কুড়িগ্রাম গার্লস হাই স্কুলে বাস্তবভিত্তিক কৃষিশিক্ষা কার্যক্রম হিসেবে শুরু করা হয় ‘৪৮ দিনের শিক্ষার্থী-কৃষক’ (48 Days of Student-Farmer) উদ্যোগ। ৪৮ দিনের এই কার্যক্রমের অগ্রগতি শেয়ারিং ও উদযাপন উপলক্ষে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, কুড়িগ্রাম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবু হোসেন সরকার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কুড়িগ্রাম এডিপি ম্যানেজার নিতা ফ্লোরা দাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, ওয়ার্ল্ড ভিশন এডিপির কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই সৃজনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, শ্রেণিকক্ষের প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কৃষি, পরিবেশ, পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতিত জমিকে উৎপাদনশীল কাজে ব্যবহার করার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা এবং কৃষির প্রতি আগ্রহ তৈরি করবে।
কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কুড়িগ্রাম সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম শিক্ষার্থীদের কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষি শেখার সুযোগ তৈরি করে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী কারিগরি পরামর্শ ও কৃষি উপকরণ সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের দীর্ঘদিনের পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষিকাজ শেখার সুযোগ তাদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। বীজ বপন, পরিচর্যা, গাছের যত্ন নেওয়া এবং উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তারা কৃষির বাস্তব জ্ঞান অর্জন করছে। একই সঙ্গে নিয়মিত পরিচর্যার মাধ্যমে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও ভালো অভ্যাস গড়ে উঠছে।
শিক্ষার্থীদের মতে, বিদ্যালয়ের এই উদ্যোগ শুধু কৃষি শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলা, পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজে কৃষি ও পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিদ্যালয়ে অর্জিত অভিজ্ঞতা তারা নিজেদের পরিবারেও কাজে লাগাতে চায়।
আয়োজকদের মতে, ‘৪৮ দিনের শিক্ষার্থী-কৃষক’ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কৃষির সঙ্গে পরিচিত করা এবং বিদ্যালয়ের অব্যবহৃত জমিকে শিক্ষামূলক ও উৎপাদনশীল কাজে ব্যবহার করা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু কৃষি সম্পর্কে জ্ঞানই দেবে না, বরং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা, পুষ্টি সচেতনতা এবং স্বনির্ভরতার মানসিকতাও গড়ে তুলবে।
একটি পতিত জমিকে কেন্দ্র করে শুরু হওয়া ৪৮ দিনের এই উদ্যোগ এখন শিক্ষার্থীদের কাছে পরিণত হয়েছে বাস্তব কৃষিশিক্ষার এক জীবন্ত পাঠশালায়। সবুজে ঘেরা বিদ্যালয়, কৃষির প্রতি আগ্রহী শিক্ষার্থী এবং পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা—‘৪৮ দিনের শিক্ষার্থী-কৃষক’ উদ্যোগের মধ্য দিয়ে সেই স্বপ্নই ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ