ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করেছে: শফিকুল ইসলাম মাসুদ


সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করেছে: শফিকুল ইসলাম মাসুদ

বর্তমান সরকার জনগণের কষ্টার্জিত অর্থ অপচয় করে অযোগ্য তোষামোদকারী ও সুযোগসন্ধানীদের রাষ্ট্রীয় খরচে বিদেশ সফরের সুযোগ প্রদান করে দেশকে বিশ্বদরবারে হাস্যকর ও লজ্জিত করে তুলেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি সমালোচনা করে বলেন, এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে আজ পৃথিবীর মানচিত্রে অপমানিত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ সরকারি খরচে বিদেশগামী প্রতিনিধিদলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘টাকা খরচ করে তথাকথিত মিথ্যা সম্পাদক, সহকারী এবং তাদের আশপাশের তেলবাজদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। তারা নিজেরাও জানে না কেন সেখানে যাচ্ছে! তারা দম্ভভরে বলছে—জীবনে প্রথম বিমানে উঠছি, জীবনে আর কী পাওয়ার আছে!’

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে আজ বিশ্ববাসীর সামনে একটি নির্লজ্জ ও হাস্যকর রাষ্ট্র হিসেবে দাঁড় করানো হয়েছে। আপনি তারেক রহমান, এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে লজ্জিত ও অপমানিত করেছেন।’

তিনি অবিলম্বে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় ও দলীয়করণ বন্ধ করার আহ্বান জানান এবং যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশের সম্মান সমুন্নত রাখার জন্য দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে যুবদলের সংঘর্ষ, সময় টিভির চিত্রসাংবাদিক মো. আরিফের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


গাজীপুরে যুবদলের সংঘর্ষ, সময় টিভির চিত্রসাংবাদিক মো. আরিফের ওপর হামলা

গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সময় টেলিভিশনের চিত্রসাংবাদিকের ওপর হামলা চালিয়ে তার ক্যামেরা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। হামলার শিকার চিত্রসাংবাদিকের নাম মো. আরিফ।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একদিক থেকে মিছিল নিয়ে আসেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু এবং বিপরীত দিক থেকে নেতাকর্মীদের বহর নিয়ে আসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা। যখন দুটি মিছিল শিববাড়ি মোড়ে এসে পৌঁছায়, তখন সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এ ঘটনার একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় সময় টেলিভিশনের চিত্রসাংবাদিক মো. আরিফ সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন। তখন যুবদলের একদল কর্মী হঠাৎ করে তার ওপর চড়াও হয়ে তাকে মারধর করে এবং ক্যামেরাটি ছিনিয়ে নেয়। যদিও পরবর্তীতে ক্যামেরাটি ফেরত দেয়া হয়, তবে ডিভাইসের মেমোরি কার্ড পাওয়া যায়নি।

পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীর ওপর এমন ন্যক্কারজনক হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় গাজীপুরের সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ডেমরা রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে ৩২ বছর বয়সী জনি নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ২৭ বছর বয়সী নিশাত মিয়া নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেটের কাছে ডেমরা রোডে এই ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন যুবক মিলে ছিনতাইয়ের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করে দুজনকে আটক করে গণধোলাই দেয়, বাকি দুজন পালিয়ে যায়। এই হামলায় ঘটনাস্থলেই জনির মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় নিশাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত জনির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

নিহত জনি যাত্রাবাড়ীর কাজলারপাড় মাতবর গলি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। অন্যদিকে আটক ও আহত নিশাতের বাসা একই থানার কলাপট্টি এলাকায়; তার বাবার নাম মহসিন মিয়া। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনএসইজেডের সমস্যা ৩ মাসে সমাধান হবে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


এনএসইজেডের সমস্যা ৩ মাসে সমাধান হবে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি উল্লেখ করেন, সমস্যাগুলোর সমাধান হলে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন উৎপাদনকারী কারখানা ও নির্মাণাধীন নৌ-জেটি পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, গত ১০ বছরে অর্থনৈতিক অঞ্চলে তেমন অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী গত মাসে হেলিকপ্টারে করে অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করেছেন এবং এবার তাকে পরিস্থিতি সরেজমিনে দেখতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিনিয়োগের ক্ষেত্রে যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের যেন দ্রুত কাজ শুরু করার সুযোগ হয়, সেই জন্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে।

মুখ্য সচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং প্রয়োজনে অর্থ বরাদ্দও দেওয়া হচ্ছে। এখানকার অগ্রগতিতে সরকার সন্তুষ্ট।

তিনি জানান, ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চলে ৩০টি কারখানা উৎপাদনে রয়েছে এবং আরো ১৫টি প্রতিষ্ঠানের কাজ চলমান। এসব প্রতিষ্ঠান এত দিন গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগের অপেক্ষায় ছিল। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সমস্যা সমাধানের বিষয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা হয়েছে। এ পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ভবিষ্যতে আরো বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য সালেহ আহমদ, ইনভেস্ট বাংলাদেশ, বেজা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। পরে তিনি অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মডার্ন সিনটেক্স ও কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এইচ এম আরাফাত হোসেন তাকে কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখান। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বেজা কার্যালয় ও সংযোগ সড়কে বৃক্ষরোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা

মানবপাচারকারীরা দুই বাংলাদেশি তরুণকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করে। যদিও পরিবার থেকে একই পরিমাণ অর্থ মুক্তিপণ প্রদান করা হয়, তবুও তারা বিড়ম্বনার মধ্যে পড়েন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই সদস্যকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টন থানার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গাজীপুরের পূবাইল থানার বড়দল গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিন শেখ ওরফে পনিরের ছেলে মো. শাওন মোল্লা (২৩) এবং একই থানার নয়ানিপাড়া গ্রামের বাসিন্দা শরীফুল ইসলামের ছেলে মো. সাকিব সরকার (২৬)।

সিআইডির মিডিয়া কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বিদেশে ভালো চাকরি ও আর্থিক স্বচ্ছলতার আশায় ভুক্তভোগী দুই তরুণ মানবপাচার চক্রের প্রলোভনে পড়ে কম্বোডিয়ায় যান। তাদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ছয় লাখ টাকা করে নেয়া হয়। পরিবারের সদস্যরা আশা করেছিলেন, বিদেশে কাজ করে দুই তরুণ তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়।

অভিযোগ অনুযায়ী, কম্বোডিয়ায় পৌঁছানোর পরপরই তাদের পাসপোর্ট কেড়ে নেয়া হয়। এরপর মানবপাচারকারীরা তাদের পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একটি স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের জোরপূর্বক অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে নিয়োজিত করা হয়। কাজ করতে অস্বীকৃতি জানালে কিংবা সামান্য ভুল হলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। নিজেদের ইচ্ছায় সেখান থেকে বেরিয়ে আসা কিংবা নিরাপদে দেশে ফেরার কোনো সুযোগ তাদের ছিল না।

পরবর্তীতে কোনোভাবে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে ভুক্তভোগী দুই তরুণের মুক্তির জন্য স্ক্যাম সেন্টার থেকে পাঁচ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। সন্তানদের মুক্তির আশায় তাদের পরিবারের সদস্যরা ওই অর্থের ব্যবস্থা করেন। তবে মুক্তি পাওয়ার পরও তাদের দুর্ভোগ শেষ হয়নি।

অভিযোগ রয়েছে, মুক্তির পর মানবপাচারকারীরা পুনরায় দুজনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং দেশে ফেরার টিকিটের অর্থও পরিবারের কাছ থেকে আদায় করে। এভাবে বিদেশে পাঠানোর খরচ, মুক্তিপণ এবং দেশে ফেরার টিকিটের অর্থ জোগাড় করতে গিয়ে পরিবারগুলোকে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয়।

পরবর্তী সময়ে ভুক্তভোগী দুই তরুণ প্রায় দুই মাস কম্বোডিয়ার একটি স্থানীয় হোটেলে অবস্থান করতে বাধ্য হন। একপর্যায়ে তারা অনলাইনের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে অবশেষে তাদের বাংলাদেশে ফেরার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিনের বন্দিদশা, নির্যাতন ও অনিশ্চয়তার পর তারা গত ৩ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন।

এ ঘটনায় গত ২৬ অক্টোবর পল্টন থানায় মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়। মামলাটির অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির একটি টিম ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি শাওন মোল্লা ও সাকিব সরকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%