ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সোনালী ব্যাংক: প্রতারণা রোধে ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ


সোনালী ব্যাংক: প্রতারণা রোধে ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারণা ও গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনা রোধে সোনালী ব্যাংক পিএলসি সোনালী ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছে। ব্যাংক কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে যে, ই-ওয়ালেটের অ্যাপের পিন, পাসওয়ার্ড, লেনদেনের পিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অন্য কারও সঙ্গে শেয়ার না করার জন্য গ্রাহকদের আহ্বান জানানো হচ্ছে।

সম্প্রতি সিলেটের কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান সকল গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করেছেন।

ব্যাংক সূত্রে জানা যায়, সিলেটের ওই গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হয়। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নজরে আসার পর ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ওই গ্রাহক দাবি করেন যে, তিনি সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে কোনো লেনদেন করেননি।

আরও পড়ুন: জাপানের অর্থনীতি তৃতীয় প্রান্তিকে স্থবির, প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে দুর্বল

তবে তদন্তে প্রাথমিক তথ্য অনুসারে জানা যায়, তার মোবাইল ফোনে সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করা হতো এবং একই ফোনে পরিবারের অন্যান্য সদস্যরাও অ্যাপটি ব্যবহার করতেন। ওই ফোনে থাকা ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে একাধিক লেনদেন করে বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়।

সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান বলেন, "ব্যাংকের যেকোনো ডিজিটাল সেবা চালুর ক্ষেত্রে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের ব্যবস্থা রাখা হয়।" ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মাল্টিলেয়ার ভেরিফিকেশন নিশ্চিত করা হয়, ফলে একজনের ই-ওয়ালেট ব্যবহার করে অন্যজনের টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ই-ওয়ালেট অ্যাপের পিন, ওয়ালেটের পাসওয়ার্ড, লেনদেনের পিন এবং যেকোনো ওটিপি বা এসএমএসের তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এসব গোপন তথ্য অন্যের হাতে চলে গেলে আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাহককেই মূল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সোনালী ব্যাংক সব শ্রেণির গ্রাহকের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংক কর্তৃপক্ষের মতে, ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নিজস্ব মোবাইল ফোন ব্যবহার, অ্যাপের গোপন তথ্য সংরক্ষণ এবং লেনদেনের বার্তা সম্পর্কে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে পরিবারের অন্য সদস্য বা পরিচিত ব্যক্তির সঙ্গে একই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ই-ওয়ালেটের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার লৌহ আকরিক বাণিজ্যে চীনের কারসাজি নিয়ে উদ্বেগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিককে হত্যার চেষ্টা প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সাংবাদিককে হত্যার চেষ্টা প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা হওয়ার পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সামনে মহড়া দেওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে সোমবার দুপুরে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় প্রেস ক্লাব কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা রিপেটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টুয়েন্টি ফোর নারায়নগঞ্জ জেল প্রতিনিধি শরিফ সুমন, জেলা সিটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিংকন, দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফরিদ আহম্মেদ বাধন।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখনো হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।" বক্তারা আরও বলেন, "প্রতিদিনই আমরা দেখি কোথাও না কোথাও অভিযান চালিয়ে 'সিংহামে'র নির্দেশে ৪০ থেকে ৫০ কখনো ১ থেকে দেড়শো জনকে গ্রেফতার করা হচ্ছে।" তবে সাংবাদিকদের ঘটনার সাথে জড়িত গুটি কয়েক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছে না পুলিশ। বক্তারা পুলিশের ব্যর্থতাকে দায়ী করে বলেন, "আপনার কোথায় কার সাথে মিলিত হচ্ছেন, কি করছেন তা আমাদের জানা আছে।" বক্তারা সরকারদলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, "যারাই তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন আমরা তাও জানি।" বক্তারা আল আমিন প্রধানের ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে বলেন, "যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।"

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল্লা রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, আওয়ার নারায়নগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল, রাকিব চৌধুরী শিশির, সেলিম হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

অভিযোগ উঠেছে মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ১০-১২ জনের একটি দলের বিরুদ্ধে। সাংবাদিক আল আমিন প্রধান অভিযোগ করেছেন যে, তাঁকে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য ডাকাডাকি করা হয়েছে এবং যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। পরপর দুই দিনের এসব ঘটনার পর তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডিটি করেন আল আমিন প্রধান।

উল্লেখ থাকে যে, শুক্রবার রাতে ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধান ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ৫-৭ জন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।

ওই ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান নেয়। তখন আল আমিন প্রধান বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে বিষয়টি জানান। কিছুক্ষণ সেখানে অবস্থান করে অভিযুক্তরা তাঁর নাম ধরে ডাকাডাকি করে এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। তাঁকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যায় তারা।

পরে আল আমিন প্রধান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি অবহিত করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন। আল আমিনের ভাষ্য অনুযায়ী, অভিযোগ শোনার পর ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, সাংবাদিক আল আমিন প্রধানের ওপর ধারাবাহিক দুই দিনের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের পুশব্যাক ও আটক হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের পুশব্যাক ও আটক হচ্ছে

ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ফলে দেশটির বহু সংখ্যালঘু মুসলিম নাগরিক চরম অনিশ্চয়তা ও নাগরিকত্ব সংকটের সম্মুখীন হয়েছেন। এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, তালিকা থেকে নাম গায়েব হওয়ার কারণে অনেককে ভিনদেশি বা বাংলাদেশি তকমা দিয়ে আটক করা হচ্ছে এবং জোরপূর্বক পুশব্যাক বা বহিষ্কারের মতো ঘটনা ঘটছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুম্বাইয়ের ৩৮ বছর বয়সী সাহিদা ফকির গত ১৯ জুলাই সবজি কেনার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। কিন্তু এরপর তাকে আটক করে জোরপূর্বক সীমান্তের অরক্ষিত ও উন্মুক্ত পথ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের একটি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন। আদালতের নথিপত্র অনুযায়ী, এই ঘটনার সঙ্গে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জড়িত ছিল।

একই ধরনের হয়রানির শিকার হয়েছেন নসিরুদ্দিন শেখ নামের এক হকার। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাকে ৩২ দিন ধরে একটি কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আটক রাখা হয়। এ সময় এক পুলিশ কর্মকর্তা তাকে জানান যে, ভোটার তালিকায় নাম না থাকায় তিনি একজন ‘বাংলাদেশি’। পরবর্তীতে আদালতের শুনানির ঠিক আগের রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। আটকদের অভিযোগ, সেখানে বায়োমেট্রিক নিবন্ধন ও স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে তাদের বন্দিশালায় রাখা হয়েছিল, যা যেকোনো অর্থে একটি জেলের মতোই ছিল।

মানবাধিকার কর্মী কিরিতি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা আদালতে ঝুলে আছে এবং বিচার পেতে মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ট্রাইব্যুনালের এই ধীরগতির কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজ্যে কোনো স্থায়ী আটক কেন্দ্র নেই, তবে মুর্শিদাবাদের মতো বিভিন্ন জায়গায় সন্দেহভাজন অভিবাসীদের জন্য তৈরি হোল্ডিং সেন্টারে কড়া পাহারা ও বন্দী রাখার চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই পুরো প্রক্রিয়ার সঙ্গে অভিবাসী বহিষ্কারের একটি বড় যোগসূত্র রয়েছে। তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রযটার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য কমিশনে প্রায় দু’বছর পর অভিযোগের শুনানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


তথ্য কমিশনে প্রায় দু’বছর পর অভিযোগের শুনানি শুরু

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : তথ্য কমিশন বাংলাদেশ, তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি প্রায় দু’বছর পর শুরু করেছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, আজ সোমবার পাঁচটি অভিযোগের শুনানির মধ্যে তিনটি নিষ্পত্তি করা হয়েছে, এবং বাকি দু’টির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

শুনানি গ্রহণ করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন।

কমিশনের সূত্রে জানা যায়, কমিশন দীর্ঘদিন কার্যকর না থাকায় গত দু’বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করেছে।

নবগঠিত কমিশন দায়িত্ব গ্রহণের পর জমে থাকা অভিযোগ নিষ্পত্তিতে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমে গতি আনতে কমিশন কাজ করছে।

আজকের শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয়ে দায়ের করা অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল

পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় ৯৭ বছর।

তার ইন্তেকালে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা নযরুর রহমান। তিনি তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯২৯ সালে রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন এই আলেম। পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন তিনি। জীবনের দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের মেহনতে ব্যয় করেছেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে, মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেন, "ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।"

এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%