ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাপ্তাই লেকে ২০ সাঁতারুর দাপট, সেরা ফয়সাল-মুক্তি


কাপ্তাই লেকে ২০ সাঁতারুর দাপট, সেরা ফয়সাল-মুক্তি

পাহাড়ঘেরা কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬। সোমবার সকালে রাঙামাটির কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন পর্যটন অবতরণ ঘাটে। এতে পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল এবং নারী বিভাগে একই বাহিনীর মোছাম্মৎ মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন।
‎
‎বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জন এবং স্বাগতিক রাঙামাটির দুজনসহ মোট ২০ জন সাঁতারু অংশ নেন।
‎
‎পুরুষ বিভাগে সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। নারী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।
‎
‎প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি।
‎
‎অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ নৌবাহিনী, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎পরে শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতা সফলভাবে শেষ করা অন্য সাঁতারুদেরও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে অসংখ্য প্রতিভাবান সাঁতারু উঠে এসেছে। এসব প্রতিভাবান সাঁতারু একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
‎
‎তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হিসেবে গড়ে তুলতে নৌবাহিনী কাজ করছে। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
‎
‎কাপ্তাই লেকে এমন আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাঙামাটির পর্যটন সম্ভাবনাও নতুন করে সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে ১৩৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


কিশোরগঞ্জে ১৩৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মতবিনিময় সভা

নীলফামালীর কিশোরগঞ্জে ১৩৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ৫টি মন্দিরের পুরোহিতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুস সালাম, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ এবং থানার এসআই নাছরুল ইসলাম প্রমুখ।

এছাড়া, সভায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতগণ তাদের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শরিফুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হান ইসলাম।

সভায় সরকারিভাবে সম্মানীর আওতায় আসা ১৩৫টি মসজিদের ৪০৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত অংশগ্রহণ করেন।

সভায় সমাজের সকল ব্যাধি দূরীকরণে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, "আপনাদের নেতৃত্বেই মানবিক কিশোরগঞ্জ প্রতিষ্ঠিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আট বীমা কোম্পানি ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা পরিশোধ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


আট বীমা কোম্পানি ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা পরিশোধ করেছে

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : আর্থিক সংকটে থাকা আটটি বীমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে এ পর্যন্ত ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। আজকের অধিবেশন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, দুর্বল আর্থিক অবস্থা ও পরিচালনাগত অদক্ষতার কারণে আটটি বীমা কোম্পানির বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত ২২ হাজার ৩০ জন গ্রাহকের মধ্যে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দাবি নিষ্পত্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য যোগ্য ও নিরপেক্ষ নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে এবং পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, সরকারের এসব পদক্ষেপের পর অন্যান্য বীমা কোম্পানিও তাদের দাবি নিষ্পত্তির কার্যক্রম জোরদার করেছে। এর ফলে সামগ্রিক দাবি নিষ্পত্তির কার্যক্রম কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

মেয়াদোত্তীর্ণ জীবনবীমার দাবি বারবার পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, আইনগত বাধ্যবাধকতা, আর্থিক দায় এবং বীমা গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করা হবে।

তিনি জানান, কোনো কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও বীমা গ্রাহকদের প্রতি ওই কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

অর্থমন্ত্রী সংসদকে জানান, রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ দেশে বর্তমানে মোট ৮২টি জীবন ও সাধারণ বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টার মধ্যে চারজনের মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৬৮২ জনের প্রাণহানি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫০৯ জন, এবং ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৩ জন, আর ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৫ হাজার ৪৪২ জন।

১৫ মার্চ থেকে ১৬ নভেম্বরের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৬ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচ

আন্তর্জাতিক ডেস্ক

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


শরীয়তপুরে নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচ

প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে শরীয়তপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। একই সঙ্গে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখা, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানান তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা ও পেশাগত অধিকারকে সংকটে ফেলবে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ ছালেহ বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। প্রতিটি বিবাহ নিবন্ধনের বিপরীতে প্রাপ্ত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে।
কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%