০২:১৬ পি.এম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। তিনি আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, কারণ তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছেন।
শনিবার বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শুভ সূচনা করেছিলেন এবং সে সময় এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আজকের এই দিনে আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদের মাকে জান্নাতবাসী করুন।
আরও পড়ুন: অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজ তাঁর জন্য কাঁদছে। ১৯৯২ সালে তিনি এই মাটিতে এসে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।
ভূমিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি, অবৈধভাবে চোরাচালান ও মাদক ব্যবসা করে অনেকে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। তিনি বলেন, মাদক ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু।
আজকের এই শুভদিনে আমার সকল সহকর্মীকে অনুরোধ করব, আপনারা রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যে আরএমপি মানুষের আস্থা অর্জন করেছে। আমরা এখানে সব নেতাই আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদের কিছু বলব না। আইন নিজস্ব গতিতে চলুক। বলা হচ্ছে, আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সুখী ও সমৃদ্ধিশালী হবে।
আরও পড়ুন: জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন