মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
০২:০২ এম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নির্মমভাবে নিহত অটোরিকশা চালকের পুত্র জুয়েল মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ বিচার ফাঁসির দাবিতে লাশের খাটিয়া কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (১১জুলাই) সন্ধ্যার পর জুয়েল মিয়ার নামাজে জানাজা শেষে লাশ দাফনের আগে খাটিয়া কাঁধে নিয়ে এই নজিরবিহীন বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নিহতের নিজ বাড়ি লক্ষ্মীপুর বুধাইবাড়ি গিয়ে শেষ হয়। পরে পারিবারিক কবরস্থানে অশ্রুসিক্ত নয়নে জুয়েলের মরদেহ সমাহিত করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই শুক্রবার বিকেলে জুয়েল মিয়া (২০) তার এক বন্ধুর ডিমের গাড়িতে চড়ে আগরপুর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। গাড়িটি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারের ১০০ গজ পশ্চিমে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে। তারা জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবি, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে নিহত জুয়েল সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং ওই বিরোধের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। কোনো অপরাধ বা বিরোধে জড়িত না থেকেও কেবল পরিস্থিতির শিকার হয়ে অকালে প্রাণ হারাতে হলো এই সম্ভাবনাময় যুবককে। নিহত জুয়েল গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি তরতাজা প্রাণ এভাবে প্রকাশ্য রাস্তায় ঝরে যেতে পারে না। আমরা কোনো ধরনের বিচারহীনতা চাই না। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা দ্রুত পার পেয়ে গেলে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।"
জুয়েলের এই আকস্মিক ও নির্মম মৃত্যুতে গোটা লক্ষ্মীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। এই হত্যাকাণ্ডের পর থেকে লক্ষ্মীপুর বাজার ও বুধাইবাড়ি গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি বর্তমানে থমথমে।
এদিকে ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, "হত্যার কারণ উদঘাটন এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার রাত পর্যন্ত) নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা রুজু করা সম্ভব হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।"
একটি নিরীহ যুবকের এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে আর কোনো পরিবার যেন এমন পরিণতির শিকার না হয়- এটাই এখন কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের একমাত্র প্রত্যাশা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়ুর্গেন ক্লপের শরণাপন্ন হয়েছে জার্মানি, হারানো গৌরব ফেরাতে। ইংলিশ ফুটবলের পরাশক্তিতে লিভারপুলকে পুনরায় পরিণত করা এই বিখ্যাত কোচ দেশের ডাক উপেক্ষা করতে পারলেন না। জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) জানিয়েছে, ইয়ুর্গেন ক্লপের সঙ্গে জার্মানি জাতীয় দলের নতুন কোচ হওয়ার বিষয়ে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা হয়েছে।
ক্লপ ৫৯ বছর বয়সী, তিনি সদ্য দায়িত্ব ছেড়ে দেয়া ইউলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হওয়ার পথে রয়েছেন। ২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুলের কোচের পদ ছাড়ার পর এটিই হবে ক্লপের প্রথম কোচিং দায়িত্ব।
ডিএফবি এক বিবৃতিতে জানিয়েছে, 'সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ এবং সহ-সভাপতি হান্স-ইয়োয়াখিম ভাটজে গতকাল (১০ জুলাই) নিউইয়র্কে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার সম্ভাবনার বিষয়ে প্রথমবারের মতো বিস্তারিত আলোচনা করেছেন।' গঠনমূলক আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সম্ভাব্য চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'আগামী সপ্তাহে আলোচনা আরও চলবে। উভয় পক্ষই ধারণা করছে যে ক্লপের বর্তমান নিয়োগকর্তা রেডবুলের সঙ্গে সমঝোতা আসলে আলোচনা সফলভাবে সম্পন্ন হবে। তবে চূড়ান্ত চুক্তির জন্য ডিএফবি–এর সুপারভাইজরি বোর্ড ও শেয়ারহোল্ডারদের যৌথ বৈঠকে অনুমোদন নিতে হবে।'
ক্লপ লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর রেডবুলের গ্লোবাল ফুটবলের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি লিভারপুলে কোচিং ক্যারিয়ার শুরু করার পর প্রিমিয়ারে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপের শিরোপা লাভ করেছেন।
বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপ বর্তমানে বিশ্বকাপে জার্মান টেলিভিশনে বিশ্লেষক হিসেবেও কাজ করছেন।
এদিকে, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে জার্মানির অভিযান শেষ হওয়ার পর নাগেলসম্যান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নাগেলসম্যান প্রথমে দায়িত্বে থাকতে চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ডিএফবি গত ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপ এখন চূড়ান্ত মুহূর্তে রয়েছে। শনিবার অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর গোলটি স্পেনকে জয় এনে দেয়। এই জয়ের ফলে মঙ্গলবার ডালাসে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।
কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে এবং মাইকেল ওলিসের মতো ফরাসি তারকাদের সামলানোর কঠিন পরীক্ষা দিতে হবে স্পেনকে। এই দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে স্পেন এগিয়ে থাকলেও টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালের লক্ষ্য নিয়ে নামা ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি যে সমানে সমান হবে, তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে, রবিবারের সূচিতে রয়েছে বাকি দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচটিতে ফুটবল ভক্তদের চোখ থাকবে হ্যারি কেইন এবং আর্লিং হালান্ডের ব্যক্তিগত লড়াইয়ের দিকে। নিজেদের দেশের হয়ে দুজনেই দারুণ ফর্মে আছেন।
এরপর সকাল ৭টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। টানা ম্যাচ খেলায় লিওনেল মেসি কিছুটা ক্লান্ত থাকলেও পুরো টুর্নামেন্টজুড়ে তার পায়ের জাদু অব্যাহত রেখেছেন। আর্জেন্টিনাকে হারাতে মরিয়া সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিয়েছেন যে, আর্জেন্টিনা মোটেও অজেয় নয়।
ইউরোপের তিনটি দল ইতিমধ্যে সেমিফাইনালে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। এখন দেখার বিষয় আর্জেন্টিনা কি পারবে ল্যাটিন আমেরিকার শেষ প্রতিনিধি হিসেবে টিকে থাকতে, নাকি ইউরোপীয় আধিপত্যের পূর্ণতা পাবে এবারের বিশ্বকাপে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও নরওয়ে।
মিয়ামির মাঠে অনুষ্ঠিত হতে চলা এই হাইভোল্টেজ লড়াইয়ে সেমিফাইনালের টিকিটের জন্য যেমন লড়াই হবে, তেমনি নজর থাকবে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা—হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের দিকে।
ইংল্যান্ডের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক হ্যারি কেইন। তিনি ছাড়া আক্রমণে তাঁর সঙ্গে রয়েছেন জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে। মাঝমাঠে ডেক্লান রাইস ও এলিয়ট অ্যান্ডারসন রয়েছে, আর রক্ষণভাগে জন স্টোনস, মার্ক গেহি ও এজরি কনসার ওপর ভরসা রেখেছেন ইংল্যান্ডের কোচ।
অন্যদিকে, নরওয়ের সবচেয়ে বড় ভরসা তাঁর স্ট্রাইকার আর্লিং হালান্ড। তাঁকে সহায়তা দিচ্ছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সোরলথ ও আন্দ্রেয়াস শেলদেরুপ। রক্ষণে ক্রিস্টোফার আয়ের ও টরবিয়র্ন হেগেম আছেন, এবং গোলবার সামলাবেন ওরইয়ান নিল্যান্ড।
ইংল্যান্ডের একাদশ হল:
জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন।
নরওয়ের একাদশ হল:
ওরইয়ান নিল্যান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্ডার সোরলথ, জুলিয়ান রিয়ারসন, আর্লিং হালান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা হওয়ার পর ইরান নিজেদের ‘ভুল’ স্বীকার করেছে। ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে গোপনে এই কথা জানিয়েছেন। তারা দাবি করেছেন যে, এই হামলা শীর্ষ নেতাদের নির্দেশে হয়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, চলমান আলোচনা ভেস্তে দিতেই একটি কট্টরপন্থী দল এই হামলা চালানোর কথা বলে তেহরান। তাদের বক্তব্য হচ্ছে, যুক্তরাষ্ট্রকে তারা বলেছে, ‘আমরা ভুল করেছি। আসুন আলোচনা চালিয়ে যাই।’ তবে, হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আলোচনা এগোতে হলে ইরানকে প্রকাশ্যে এ বিষয়টি স্বীকার করতে হবে যে, এই হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন ছিল।
ট্রাম্প তার প্রতিনিধি দলকে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তবে, যুক্তরাষ্ট্র এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মূল বিষয় হচ্ছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে আগের মতো জাহাজ চলাচলের সুযোগ দেয় কি না। যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করে বলেছে, যদি ইরান কথা না রাখে, তাহলে তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হবে।
ইরান কট্টরপন্থীদের দোষ দিলেও যুক্তরাষ্ট্র তা পুরোপুরি বিশ্বাস করছে না। ট্রাম্প প্রশাসন কূটনীতির পথ খোলা রেখেছে, তবে এর সময়সীমা খুবই সীমিত। ইরান যদি পুনরায় শত্রুতা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য প্রস্তুত।
এদিকে, এই আলোচনার ওপর ইরানের পরমাণু চুক্তির ভবিষ্যৎও নির্ভর করছে। যুক্তরাষ্ট্র মনে করে, যদি হরমুজ প্রণালি খোলা রাখার প্রতিশ্রুতি ইরান না রাখে, তাহলে জটিল পরমাণু বিষয় নিয়ে আলোচনা করার কোন মানে হয় না। সূত্র: এনডিটিভি
বিডিপ্রতিদিন/কেকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ