১০:০৯ পি.এম
কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।
অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৩টি যানবাহনের চালককে ৩টি মামলায় মোট ২,৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনগুলো থেকে ৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন