শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:২৪ পি.এম
বিয়ের পাঁচ বছর পার হলেও সন্তান লাভ হয়নি আঁখি আক্তারের। সন্তানের জন্য মানত করতে স্বামী, বাবা, বোন, ভাগনে ও ভাগনিকে নিয়ে মৈনট পীরের মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি ধামরাইয়ের নান্দেশ্বরী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আঁখি, তার ১২ বছর বয়সী ভাগনে জাকারিয়া এবং সিএনজিচালক জুয়েল মারা যান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—সিএনজি অটোরিকশাচালক জুয়েল (৪০), যাত্রী আঁখি আক্তার (৩০) এবং তার ভাগনে জাকারিয়া (১২)। নিহতদের সকলের বাড়ি টাঙ্গাইল জেলায়। জাকারিয়া ছিল আঁখির বড় বোনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫), সেলিম আহমেদ (৩৫) এবং লাকী আক্তারের পাঁচ বছর বয়সী মেয়ে সাদিয়া।
আহত আবুল হোসেন তার মেয়ে ও নাতিকে একসঙ্গে হারিয়ে হাসপাতালে আহাজারি করছিলেন। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "আমরা যামু মৈনট, আমার জামাই-মেয়ে নিয়া যামু পীর বাড়ির মাজারে। হেই সময় এরকম হইলো। জামাই সামনে ড্রাইভারের পাশে বাম সাইডে বইছে। ডান সাইডে খালি। হঠাৎ কইরা সামনে থাইকা গাড়িডা আইলো।"
তিনি আরও বলেন, "আমার ছোট মেয়ের সন্তান হচ্ছিল না। বড় মেয়ে মানত করার পর মেয়ে হয়েছিল। সেই নাতনির মানত পূরণ করতে আর ছোট মেয়ের জন্য সন্তানের মানত করতে যাচ্ছিলাম। কিন্তু এখন আমার সব শেষ।" এই কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
নিহত আঁখির স্বামী সেলিম আহমেদ জানান, "আমাদের বিয়ের পাঁচ বছর হয়েছে। তবে আমরা নিঃসন্তান। আমরা মৈনট পীরের বাড়ি যাচ্ছিলাম। গাড়িতে ছয় জন ছিলাম। আমি, আমার স্ত্রী, জেঠাস ও তার দুই ছেলে যাচ্ছিলাম। আমার স্ত্রী ও তার বড় ভাগনে মারা গেছে।"
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা এলাকায় আরবিসি ব্রিকসের পাশে পাকা সড়কে কালামপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সাটুরিয়াগামী একটি অজ্ঞাত পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল ও জাকারিয়ার মৃত্যু ঘটে। গুরুতর আহত আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রোকনুজ্জামান জানান, "২টার দিকে তাদের নিয়ে আসে। তিনজন অজ্ঞান ছিল। রক্তপাত ছিল প্রচুর। পরে আঁখিকে রেফার করি। বাকি দুজনকে চিকিৎসা দিই। প্রায় ১০ মিনিট পর দুজনের মৃত্যু হয়। আর আঁখিকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।"
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ধামরাই থানার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, "আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পোর্ট শার্লটে ৩৮ বছর বয়সী এক নারীকে পোষা কুকুরের সঙ্গে যৌন আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের শিকার নারীটির নাম মালিয়া এলিজাবেথ নুমারডর।
শার্লট কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, তদন্তের জন্য বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নুমারডর অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে, আদালতে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।
নুমারডরের স্বামী এরিক নুমারডর গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন যে, তিনি তার স্ত্রীর বিরুদ্ধে ভিডিও ও ছবিসহ কিছু প্রমাণ পেয়েছেন। এর পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। তদন্তকারীরা এরিকের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেন।
এরিক জানিয়েছেন, তিনি বাড়ির একটি কয়েন রাখার পাত্র থেকে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি খুঁজে বের করতে দুটি নিরাপত্তা ক্যামেরা স্থাপন করেছিলেন। তিনি তদন্তকারীদের জানান, বাড়ির সদস্যরা ক্যামেরাগুলোর বিষয়ে অবগত ছিলেন।
পরে শোবার ঘরের ক্যামেরায় ধারণ করা পুরোনো ভিডিও দেখার সময় তিনি নুমারডর ও পরিবারের পোষা কুকুরকে নিয়ে সন্দেহজনক দৃশ্য দেখতে পান। এরপর তিনি পুলিশকে ভিডিওর কিছু ছবি দেন এবং ভিডিও সংরক্ষিত ল্যাপটপ ব্যবহারের সুযোগও দেন।
শার্লট কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, তদন্তকারীরা ভিডিওটি পর্যালোচনা করেন। তাদের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে নুমারডরকে আংশিক পোশাকহীন অবস্থায় কুকুরটির সঙ্গে এমনভাবে দেখা যায়, যা তদন্তকারীদের কাছে যৌন আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে। তবে এটি পুলিশের তদন্তভিত্তিক অভিযোগ এবং আদালতে এখনো এর সত্যতা নির্ধারিত হয়নি।
গত ১৫ সেপ্টেম্বর তদন্তকারীরা নুমারডরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তিনি ভিডিওতে থাকা ব্যক্তি নিজেই এবং সেখানে থাকা কুকুরটি পরিবারের পোষা প্রাণী বলে স্বীকার করেন। তবে তিনি জানান, তিনি কেবল কুকুরটিকে আদর করছিলেন এবং যৌন আচরণের অভিযোগ অস্বীকার করেন।
তদন্তকারীদের দাবি, ভিডিওতে দেখা কর্মকাণ্ড সম্পর্কে নুমারডরের দেওয়া ব্যাখ্যা অসঙ্গত ছিল। একপর্যায়ে তিনি একজন আইনজীবীর সঙ্গে কথা বলার অনুরোধ করলে জিজ্ঞাসাবাদ শেষ করা হয়।
এরপর নুমারডরকে গ্রেপ্তার করে শার্লট কাউন্টি কারাগারে নেওয়া হয়। শেরিফের দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ‘প্রাণীর সঙ্গে যৌন কার্যকলাপ’ সংক্রান্ত দ্বিতীয় শ্রেণির গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের সময় তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয় ৩৫ হাজার ডলার।
শার্লট কাউন্টির শেরিফ বিল প্রামেল ঘটনাটিতে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, "কোনো প্রাণীকে এ ধরনের আচরণের শিকার করা উচিত নয়।" এ ধরনের ঘটনা সম্পর্কে তথ্য পেলে তার দপ্তর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
গ্রেপ্তারের পর নুমারডরের কারাগারের ছবিতে তাকে হাসিমুখে দেখা যাওয়ার বিষয়েও শেরিফ মন্তব্য করেন।
তবে আইনগতভাবে নুমারডর এখনো দোষী সাব্যস্ত হননি। অভিযোগের বিচার প্রক্রিয়ায় প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করা হবে। শার্লট কাউন্টি শেরিফের দপ্তর এবং যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মামলাটি বর্তমানে অভিযোগ ও তদন্তের পর্যায়ে রয়েছে।
সূত্র: শার্লট কাউন্টি শেরিফের দপ্তর, গালফ কোস্ট নিউজ, পিপল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ হকি দলের অভিযান একটি বড় পরাজয়ের মাধ্যমে শুরু হলো। আজ দক্ষিণ কোরিয়ার কাছে তারা পাঁচ গোলে পরাজিত হয়েছে।
কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই খেলার দখল গ্রহণ করে দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারে কোনো গোল না হলেও দ্বিতীয় কোয়ার্টারে তারা দুটি গোল করে। এর ফলে বিরতির সময় স্কোর ৩-০ হয়ে যায়।
তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরও একটি করে গোল করে। ফলে ম্যাচের শেষে ব্যবধান ৫-০ দাঁড়ায়। অল্প সময়ের প্রস্তুতি এবং চীনের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও বাংলাদেশ দলের গোলের ব্যবধান কমাতে সক্ষম হয়নি।
বাংলাদেশ আগামী ২২ সেপ্টেম্বর তাদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে মাঠে নামবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের স্বর্ণের মজুত ব্যাংক অব ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তর করার বিষয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ তথ্য জানা গেছে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট চারজনের বরাতে।
চুক্তির শর্ত অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান দেলসি রদ্রিগেজ স্বর্ণের ওপর আইনগত নিয়ন্ত্রণ পাবেন। তবে সরকার তাৎক্ষণিকভাবে স্বর্ণ বিক্রি করতে পারবে না। বরং সরকারের ব্যয় মেটাতে, বিশেষ করে জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর পুনর্গঠন কাজে অর্থায়নের জন্য স্বর্ণের মজুত জামানত হিসেবে ব্যবহার করে ঋণ নেওয়ার সুযোগ রাখা হতে পারে।
এই সমঝোতা যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ভেনেজুয়েলা সরকার ও বিরোধীদের মধ্যে চলমান আলোচনার প্রথম বাস্তব ফলগুলোর একটি হতে পারে। চুক্তিটি চূড়ান্ত হলে স্বর্ণ নিয়ে সাত বছর ধরে চলা বিরোধের অবসান ঘটবে।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তৎকালীন জাতীয় পরিষদের প্রধান ও বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই বিরোধ শুরু হয়। এরপর বিরোধী পক্ষ ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে থাকা ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের ওপর নিয়ন্ত্রণ দাবি করে। বিষয়টি নিয়ে আইনি বিরোধ একপর্যায়ে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সমঝোতাটি এখনো চূড়ান্ত হয়নি। কারিগরি বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে আরও কিছু সময় লাগতে পারে।
আলোচনায় যুক্ত বিরোধী দলের এক নেতা বলেছেন, ‘স্বর্ণ যুক্তরাষ্ট্রে যাবে, কিন্তু দেলসি সরাসরি এর নিয়ন্ত্রণ পাবেন না। এটি তদারকি ও বিধিনিষেধের আওতায় থাকবে।’
ভেনেজুয়েলা সরকার ও বিরোধী পক্ষ গত মাসে জানিয়েছিল, ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে থাকা প্রায় ৩১ টন স্বর্ণের মজুত ব্যবহারের পথ খুলতে তারা একসঙ্গে কাজ করছে। তবে সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ তোলা বিরোধী পক্ষ স্বর্ণের মজুত যাতে অপব্যবহার না হয়, সে জন্য কঠোর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে।
এদিকে স্বর্ণ স্থানান্তর নিয়ে আলোচনার মধ্যেই চলতি সপ্তাহে যুক্তরাজ্য ও ভেনেজুয়েলা কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে সম্মত হয়েছে। যুক্তরাজ্য কারাকাসে আবার রাষ্ট্রদূত নিয়োগ করবে। দেশটির সরকার ভেনেজুয়েলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চলমান আলোচনাকেও স্বাগত জানিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের বর্তমান প্রধান হোর্হে রদ্রিগেজ লন্ডনে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভেনেজুয়েলার জনগণের জন্য ‘সুসংবাদ’ আসছে বলে মন্তব্য করেন।
ব্যাংক অব ইংল্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের আদালতের নতুন আদেশ না পাওয়া পর্যন্ত ব্যাংক কোনো নির্দেশনা বাস্তবায়নের অবস্থানে নেই। কার স্বর্ণের হিসাবের ওপর আইনগত কর্তৃত্ব রয়েছে, তা স্পষ্ট করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুক্তরাজ্যের আদালতে গিয়ে বিরোধ নিষ্পত্তি করতে হবে।
ভেনেজুয়েলায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে চলমান আলোচনার লক্ষ্য নতুন নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা। ২০২৪ সালের নির্বাচনে নিকোলাস মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন। তবে বিরোধী পক্ষের স্বাধীনভাবে যাচাই করা ভোটের হিসাব অনুযায়ী, তিনি বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন বলে দাবি করা হয়।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার সঙ্গে আন্তর্জাতিক পুনঃসম্পৃক্ততার প্রক্রিয়া জোরদার হয়। এরপর দেশটির অর্থনীতির ওপর কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এপ্রিলে সাত বছর পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভেনেজুয়েলার সঙ্গে আনুষ্ঠানিক কার্যক্রম পুনরায় শুরু করে। এর ফলে কারাকাসে সরকার আইএমএফে থাকা তহবিল ব্যবহারের সুযোগ পায়।
জানুয়ারিতে অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নেওয়া দেলসি রদ্রিগেজ অর্থনীতি পুনরুদ্ধারের বিভিন্ন পথ খুঁজছেন। ভূমিকম্পের আগেই দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় ধীরগতির ছিল।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্লেব্যাকের বিরতি থাকলেও অরিজিৎ সিংয়ের গানের জাদু একটুও কমেনি। পরিচালক নিতেশ তিওয়ারির নতুন সিনেমা ‘রামায়ণ’-এর জন্য গাওয়া তার নতুন গান ‘জয় জয় রাম’ ইতোমধ্যেই ভক্তদের হৃদয় জয় করেছে।
সম্প্রতি এই গানটি নিয়ে একটি চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে জানা যাচ্ছে যে গানটি রেকর্ড করতে অরিজিৎকে প্রায় ২০০টি টেক দিতে হয়েছে।
রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’ ছবিটি ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং অরিজিৎ সিংয়ের এই নতুন গান ছবির উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।
পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গানের রেকর্ডিংয়ের সময় অরিজিৎ এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তিনি বারবার গানটি গাইতে থাকেন। গাওয়ার সময় তিনি এতটাই ডুবে গিয়েছিলেন যে প্রায় ২০০টি টেক দিতে হয়েছে এবং প্রতিটি লাইনে নতুন আবেগ খুঁজে বের করার চেষ্টা করেছেন। অনুভূতির গভীরতায় তিনি এতটাই হারিয়ে গিয়েছিলেন যে থামতে চাইছিলেন না এবং সব টেকনিক্যাল বিষয় ভুলে গানের আবেগের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে সোপে দিয়েছিলেন।
অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া ‘জয় জয় রাম’ গানটিতে রাম ও সীতার বিয়ের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে, যেখানে ভিডিওতে দেখা যায় রাম ও সীতা রথে চড়ে অযোধ্যা ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষ তাদের ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নিচ্ছে।
এ আর রহমানের সুর করা এই গানটি মূলত জনপ্রিয় ভক্তিমূলক গান ‘জয় সিয়া রাম’-এর একটি নতুন রূপ এবং গানটির কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস।
এদিকে গণেশ চতুর্থী উপলক্ষে নির্মাতারা ছবিটির একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন, যেখানে রণবীর কাপুরকে রাম এবং সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা যাচ্ছে। পোস্টারে রাম ও সীতার এই পবিত্র ও সুন্দর বন্ধনকে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে রণবীর পরম যত্নে সাই পল্লবীর চুলে একটি ফুল গুঁজে দিচ্ছেন।
দুটি ভাগে মুক্তি পেতে চলা এই বহু প্রতীক্ষিত সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের ০৬ নভেম্বর এবং দ্বিতীয় পর্ব আগামী বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবিটিতে রণবীর ও সাই পল্লবী ছাড়াও সানি দেওল, রবি দুবে, অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং এবং বিবেক ওবেরয়ের মতো জনপ্রিয় তারকারাও অভিনয় করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ