০২:৪৯ পি.এম
সিঙ্গাপুর এয়ারলাইনসের (এসআইএ) একটি উড়োজাহাজে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি করার পাশাপাশি একটি পৃথক ঘটনায় এক পুলিশ কর্মকর্তার ওপর থুতু ছিটানোর জন্য এক বাংলাদেশিকে কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। এই তথ্যটি প্রকাশ করেছে দ্য স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন গ্লাস ওয়াইন পান করার পর মাতাল হয়ে এক বাংলাদেশি যাত্রী এক নারী কেবিন ক্রুকে শ্লীলতাহানি করেন। গত সেপ্টেম্বরে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ২৩ বছর বয়সী খন্দকার মো. ইয়ামিনকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছিল। তবে অক্টোবরে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে আবারও মাতাল অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে আটক থাকার সময় তিনি এক পুলিশ সদস্যের গায়ে থুতু ছিটিয়ে দেন। এ ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
আরও পড়ুন: মানবাধিকার সংস্থার পরিচয়ে ভুয়া অভিযান ও জরিমানা; সমালোচনার মুখে অব্যাহতির ঘোষণা
গত ২৩ নভেম্বর শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর খন্দকার মো. ইয়ামিনকে দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড প্রদান করেন আদালত। আদালতের নথিতে উল্লেখ করা হয়নি, খন্দকার ঠিক কোথা থেকে ওই বিমানে উঠেছিলেন। তবে গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক নারী কেবিন ক্রুর নিতম্বে হাত দেন। ২৬ বছর বয়সী ওই নারী কেবিন ক্রু এতে মানসিকভাবে বিপর্যস্ত ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি খন্দকারকে আর স্পর্শ না করতে বলেন। কিন্তু কোনো জবাব না দিয়ে তিনি শুধু ওই নারীর দিকে তাকিয়ে হাসেন।
ওই নারী কেবিন ক্রু পরে তার এক সহকর্মীকে ঘটনাটি জানান। এরপর ওই সহকর্মী খন্দকারের কাছে এ বিষয়ে জানতে চান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওই দিন সকালে বিমানটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ কর্মকর্তারা খন্দকারকে গ্রেপ্তার করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়ার পর খন্দকারকে জালান বেরসেহ এলাকায় একটি শক্ত জায়গায় হেলান দিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন। সরকারি কৌঁসুলি জানান, পুলিশ কর্মকর্তারা তাকে মাতাল অবস্থায় পান। তখন তার নাক দিয়ে রক্ত ঝরছিল। পরে প্যারামেডিকরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। এ সময় মাটিতে শুয়ে এলোপাতাড়ি হাত-পা ছুড়তে থাকেন।
পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি একটি সিগারেট চান। তবে পুলিশ তা দিতে অস্বীকৃতি জানালে তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের দিকে থুতু ছিটিয়ে দেন খন্দকার।
আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন