ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই


ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান চলে গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শেষে ৭৫ বছর বয়সে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার তার পরিবার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে।

মাত্র সাত সপ্তাহ আগে কিগান নিজেই প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত জুনে তিনি বিষয়টি জানান, তার ক্যান্সার চতুর্থ স্তরে পৌঁছেছে এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই কিংবদন্তি ফুটবলার জীবনের শেষ সময়টি কাটিয়েছেন।

কিগান খেলোয়াড়ি জীবনে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে পরিচিত ছিলেন। তিনি লিভারপুলের জার্সিতে ছয় বছরে তিনটি লিগ শিরোপা, একটি ইউরোপিয়ান কাপ এবং দুটি উয়েফা কাপ জয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। এরপর তিনি জার্মান ক্লাব হামবুর্গে যোগ দেন এবং সেখানে দলটিকে বুন্ডেসলিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি সাউথ্যাম্পটন ও নিউক্যাসল ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেছেন।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

ব্যক্তিগত অর্জনে কিগান ছিলেন অনন্য। তিনি ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি'অর অর্জন করেন। এখন পর্যন্ত মাত্র চারজন ইংলিশ ফুটবলার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন, এবং তাঁদের মধ্যে কিগান একজন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে কিগান ১৯৭২ থেকে ১৯৮২ সালের মধ্যে ৬৩ ম্যাচে ২১ গোল করেন। ফুটবল খেলোয়াড়ি জীবন শেষে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি নিউক্যাসল ইউনাইটেড, ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবেও কাজ করেছেন।

কিগানের মৃত্যুতে শোক জানিয়েছেন নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং ইংল্যান্ড ফুটবল কর্তৃপক্ষ। তার অধীনে খেলা সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়ারার সামাজিক মাধ্যমে লিখেছেন, "আমার নায়ক, আমার কোচ, আমার বন্ধু। শান্তিতে ঘুমান, বস।"

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি উল্লেখ করেন, সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং ক্রীড়া চর্চাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

মঙ্গলবার রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় গত ২ মার্চ সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর শুভ সূচনা হয়েছে। এরপর ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলার সফল সমাপ্তি শেষে আজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হলো। চলমান এই আসরের পর্দা নামবে আগামী ২৭ জুলাই।

উদ্বোধনী আসরের সফলতা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রথম আসরে মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রথম আসর শেষ হওয়ার পূর্বেই দ্বিতীয় আসরের প্রস্তুতি শুরু করা হয়েছে। চলতি মাসের ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং সারা বছরব্যাপী দেশে খেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

জাতীয় পর্যায়ে উদীয়মান প্রতিভাদের অনুপ্রেরণা দিয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশীয় ক্রীড়াঙ্গনকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারব। একই সাথে এই প্রতিযোগিতায় যারা ভালো পারফরম্যান্স করবে, বিকেএসপির মাধ্যমে তাদের উচ্চতর পড়াশোনা ও পেশাদার খেলাধুলার সার্বিক দায়িত্ব গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শব্দদূষণ রোধে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


শব্দদূষণ রোধে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

রাজধানী ঢাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ একটি সপ্তাহব্যাপী (২১ জুলাই থেকে ২৭ জুলাই) বিশেষ অভিযান শুরু করেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিশেষ অভিযানের প্রথম দিনেই ডিএমপি’র বিভিন্ন ট্রাফিক বিভাগ ও জোন যুক্ত হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল এবং চেকপোস্টে একযোগে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার, বিকন লাইট, ভিআইপি লাইট এবং শব্দদূষণ সৃষ্টিকারী অন্যান্য সরঞ্জাম অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

ট্রাফিক লালবাগ বিভাগে হাইড্রোলিক হর্নের অবৈধ ব্যবহার ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছিল। ট্রাফিক যাত্রাবাড়ী জোনের অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনালের ইনগেটে ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে, ধোলাইপাড় এলাকার পৃথক অভিযানে বাউফল, দশমিনা, শরীয়তপুর সুপার, লাবিবা, গোল্ডেন লাইন, তাসবিহ, আপন এবং শ্যামলী পরিবহনের বিভিন্ন বাস থেকে ১৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ট্রাফিক বাড্ডা জোনে শব্দদূষণবিরোধী অভিযানে বিভিন্ন যানবাহন থেকে সাইলেন্সার এবং হাইড্রোলিক হর্ন অপসারণের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ট্রাফিক ওয়ারী, মতিঝিল এবং মিরপুর বিভাগেও একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়, যেখানে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার, ভিআইপি লাইট ও বিকন লাইট অপসারণ করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়া ট্রাফিক মিরপুর ও পল্লবী জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়, যেখানে হলারযুক্ত মোটরসাইকেল ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত হুটার ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ শব্দদূষণের অভিযোগে মামলা দায়েরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবুজবাগ ট্রাফিক জোনের টিটিপাড়া এলাকাতেও অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ট্রাফিক যাত্রাবাড়ী জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বিআরটিএর মোটরযান টাস্কফোর্স (BMTF)-এর সমন্বয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভার ইনকামিং পয়েন্টে একটি RFID ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে, যার উদ্দেশ্য হলো যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আধুনিক ট্রাফিক সেবা নিশ্চিত করা।

ডিএমপির ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে শব্দদূষণ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার এবং অন্যান্য নিষিদ্ধ সরঞ্জামের বিরুদ্ধে এই ধরনের অভিযানে সপ্তাহব্যাপী চালানো হবে। রাজধানীতে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, গ্যাস সংকটের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, গ্যাস সংকটের শঙ্কা

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হ্রাস পেয়েছে।  

এতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।    

মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।  

এতে বলা হয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালসমূহে কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। ফলে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।    

এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজি ও অন্যান্য শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়তে হবে। 

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করা প্রয়োজন: জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করা প্রয়োজন: জুবাইদা রহমান

জাতীয় যেকোনো দুর্যোগের সময় দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি জানান, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মানবতার সর্বোচ্চ প্রকাশ, যা সমাজে মমত্ববোধ ও একাত্মতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’য় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, জাতীয় যেকোনো দুর্যোগের সময়ে আমাদের সবার আগে মানুষের কথা এবং তাদের অবস্থার দিকটিও ভাবতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই মানবিক সহযোগিতাই সমাজে ভালোবাসা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়েছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, কঠিন এই শোককে শক্তিতে পরিণত করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে সাহস তারা দেখিয়েছেন, তা সবার জন্য অনুপ্রেরণার বলে মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনাটি আমাদের ইতিহাসের অন্যতম একটি কালো অধ্যায়। সেদিন নিজের জীবনের তবুও যতটা আসবেন শিক্ষিকা মাহেরিন চৌধুরী যেভাবে আগুনে পোড়া বাচ্চাদের উদ্ধার করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, সেই সংকটকালীন অবস্থায় সিঙ্গাপুর, ভারত, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তা আমাদের নতুন করে মানবিকতার শিক্ষা দেয়। আমাদের স্থানীয় চিকিৎসকেরাও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি প্রতিনিধি দল সম্প্রতি আমাদের বার্ন ইউনিটের স্কিন ব্যাংক ও চিকিৎসকদের প্রশিক্ষণের মান বৃদ্ধির জন্য ভূয়সী প্রশংসা করেছে।

স্বাস্থ্যমন্ত্রী নিহত ও আহতদের পরিবারের আকুতির বিষয়ে আশ্বস্ত করে জানান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এখানে উপস্থিত আছেন। তিনি অবশ্যই আপনাদের বার্তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি নিজেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে গিয়ে আপনাদের পুনর্বাসন ও চিকিৎসার সব বার্তা সশরীরে পৌঁছে দেব।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%