বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৯:০২ পি.এম
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামে যন্ত্রাংশ হিসেবে আমদানি করে স্থানীয়ভাবে সংযোজনের (অ্যাসেম্বল) মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।
আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাড়িটি আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি সম্পূর্ণ অবস্থায় আমদানি না করে বিভিন্ন যন্ত্রাংশ হিসেবে দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়। পরে চট্টগ্রাম বন্দর দিয়ে খালাসের পর গাড়ির বিভিন্ন অংশ কাপ্তাই/চন্দ্রঘোনা এলাকার একটি স্থানে নিয়ে জোড়া লাগানো হয়।
পরবর্তীতে নগরীর মুরাদপুর এলাকার একটি অটোমোবাইল গ্যারেজে গাড়িটির অবশিষ্ট কাজ সম্পন্ন করে পূর্ণাঙ্গ বিএমডব্লিউ হিসেবে প্রস্তুত করা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক গাড়িটি ২০১৪ মডেলের বিএমডব্লিউ বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়ভাবে সংযোজনের পর গাড়িটি একটি পুরোনো বিএমডব্লিউয়ের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সড়কে চলাচল করছিল বলে অভিযোগ রয়েছে। ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বর হিসেবে চট্টগ্রাম মেট্রো-গ ১১-৩৬৫১ উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গাড়িটি পরবর্তীতে চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার একটি ভবনের পার্কিংয়ে রাখা হয়।
আরও জানা যায়, গাড়িটির আমদানি ও স্থানীয়ভাবে সংযোজনের সঙ্গে মোহাম্মদ আইয়ুব নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, দুবাই থেকে গাড়ির অংশবিশেষ পাঠানো, চট্টগ্রাম বন্দর থেকে খালাস এবং স্থানীয়ভাবে জোড়া লাগানোর পুরো প্রক্রিয়ায় তিনি এবং তার সহযোগীরা জড়িত ছিলেন।
তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী, এ সংক্রান্ত ছবি ও ভিডিও রয়েছে।
এনবিআর জানায়, বন্দর থেকে খালাসের পর গাড়ির অংশগুলো প্রথমে কাপ্তাই/চন্দ্রঘোনা এলাকার একটি স্থানে নেওয়া হয়। সেখানে সংযোজনের পর নগরীর মুরাদপুর এলাকার ‘অটো শপ ফাস্ট রিপেয়ার’ নামের একটি গ্যারেজে নিয়ে পরবর্তী কাজ সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিতে সংশ্লিষ্ট স্থান পরিদর্শন, সিসিটিভি ফুটেজ, গ্যারেজের রেকর্ড এবং আমদানি-সংক্রান্ত নথি যাচাই করা হবে।
এদিকে গাড়িটির প্রকৃত আমদানি পদ্ধতি এবং শুল্ক-কর পরিশোধের বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে গাড়িটির বিল অব এন্ট্রি, ইনভয়েস, প্যাকিং লিস্ট, শিপিং ডকুমেন্ট, চ্যাসিস/ভিআইএন নম্বর, আমদানি মূল্য, ঘোষিত পণ্যের বিবরণ এবং পরিশোধিত শুল্ক-কর যাচাই করা হবে।
এনবিআর আরও জানায়, যন্ত্রাংশ হিসেবে ঘোষিত পণ্যগুলো দেশে এনে স্থানীয়ভাবে সম্পূর্ণ গাড়ি হিসেবে সংযোজন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক অভিযোগে আরও বলা হয়, স্থানীয়ভাবে সংযোজনের পর গাড়িটি অন্য একটি পুরোনো বিএমডব্লিউয়ের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চলাচল করছিল। অভিযোগটি সত্য হলে গাড়িটির প্রকৃত পরিচয়, ভিআইএন/চ্যাসিস নম্বর এবং রেজিস্ট্রেশন তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হবে।
এনবিআর জানায়, যন্ত্রাংশ ঘোষণার আড়ালে পূর্ণাঙ্গ বিলাসবহুল গাড়ি আমদানি, স্থানীয়ভাবে সংযোজন এবং রেজিস্ট্রেশন-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ২৭ আগস্ট, ২০২৬ : একটি পরীক্ষায় অকৃতকার্য হয়ে যেন কোনো শিক্ষার্থী জীবনের দৌড় থেকে ছিটকে না পড়ে, এ লক্ষ্যে জেলার ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়।
ফেল নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ-এমন বার্তা দেওয়া হয় এ আয়োজন থেকে।
গতকাল বুধবার সকাল ১০টায় আন্দুলিয়া, শাহপুরের সোনামুখ স্মার্ট একাডেমি হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরামর্শ সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ এম কামরুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজনে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশা থেকে বের করে এনে কীভাবে নতুন করে প্রস্তুতি নিয়ে কাক্সিক্ষত সাফল্যে পৌঁছানো যায়, সেই বিষয়ে দিনব্যাপী আলোচনা ও দিক-নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক হাফিজুর রহমান। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মল্লিক, এ. এম. কামরুল ইসলাম (সাবেক পুলিশ কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা, সোনামুখ স্মার্ট একাডেমি ), বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. সন্দীপক মল্লিক, এস এম নূরুল ইসলাম, অধ্যাপক মামুন কাদের, অধ্যাপক তাসিন কাদির, অধ্যাপক ড. বিশ্বাস শাহিন আহমেদ, সোনামুখ স্মার্ট একাডেমির প্রিন্সিপাল হুসাইন আহমেদ এবং ইংরেজি বিভাগের শিক্ষক সৌমেন মণ্ডলসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সেমিনারে বক্তারা বলেন, একটি পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর পুরো জীবন নির্ধারণ করে না। ব্যর্থতার কারণ চিহ্নিত করে সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে অকৃতকার্য শিক্ষার্থীরাও সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে।
বিশেষ করে এ বছর অনেক শিক্ষার্থী ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে অকৃতকার্য হয়েছে উল্লেখ করে বক্তারা ইংরেজি বিষয়ে দুর্বলতা কাটাতে নিয়মিত পড়াশোনা, অনুশীলন ও দক্ষ শিক্ষকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সোনামুখ স্মার্ট একাডেমি এলাকার সকল শিক্ষার্থীকে বিভিন্ন সাবজেক্টে দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে বিশেষ সহায়তা প্রদানের কথা ঘোষণা করে।
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের দিনব্যাপী আয়োজন ব্যতিক্রমী একটি উদ্যোগ।
শিক্ষার্থীদের শুধু ফলাফলের ভিত্তিতে বিচার না করে তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কথা শোনা হয় ও সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার ওপর আলোচনা এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সবাইকে পুরস্কৃত করা হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের প্রত্যেককে ‘তুমিও জিতবে’ বইটি উপহার দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের মূল বার্তা ছিল-ফল খারাপ হয়েছে, ভবিষ্যৎ নয়, আজকের ব্যর্থতাই আগামী দিনের সাফল্যের সিঁড়ি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির (কিউএসি) ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কিউএসি-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদদীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা এবং শিক্ষা কার্যক্রমকে আরও কাঠামোবদ্ধ ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান (এএসপি) সংশ্লিষ্ট, কে-পি-আই ফ্রেমওয়ার্ক, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম সংশ্লিষ্ট অ্যাকাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশনস, পিএসএসি মনিটরিং ফ্রেমওয়ার্ক এবং বিশ্ববিদ্যালয়ে মিশন অ্যান্ড ভিশন রিভিউ-সংক্রান্ত বিভিন্ন কমিটি চূড়ান্ত করা হয়।
সভায় সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যপরিধি ও দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অ্যাকাডেমিক পরিকল্পনা ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কিউএসির ৫ম সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান ও কাতারের চলমান দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে, দ্বিপক্ষীয় সম্পর্কের সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এই তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের কারণে গত কয়েক মাসে অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে কাতার যে উদ্যোগ নিয়েছে, সে বিষয়টিও আলোচনায় উঠে আসে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক উত্তেজনা কমানো এবং সংলাপের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছে।
এছাড়া, আল থানি ও আরাগচি হরমুজ প্রণালির মধ্য দিয়ে সাময়িকভাবে একটি যৌথ নৌ-চলাচল করিডর প্রতিষ্ঠার প্রস্তাবিত ধাপভিত্তিক কাঠামো নিয়েও আলোচনা করেন।
কাতারের প্রধানমন্ত্রী এ সময় প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬-হৃদয়ে ঢাকা’ উদযাপন উপলক্ষে আগামীকাল বিকেলে অনুষ্ঠেয় শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউটস, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ থাকবে।
উল্লেখ্য, ঢাকা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোভাযাত্রায় ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উপকরণ প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে বড় আকারের স্টিমার, বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের প্রতিকৃতি প্রদর্শন করা হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে-বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার, গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের পাশ দিয়ে নগর ভবনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আকর্ষণীয়, ঐতিহ্যনির্ভর ও তাৎপর্যপূর্ণ করে তুলতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ