ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কে ভালো, কে খারাপ, সেটা মাঠে প্রমাণিত হবে: এনজো ফার্নান্দেজ


কে ভালো, কে খারাপ, সেটা মাঠে প্রমাণিত হবে: এনজো ফার্নান্দেজ

আলজেরিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনার সামনে এবার অস্ট্রিয়ার চ্যালেঞ্জ।

শুক্রবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তেদের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ কথা বলেছেন।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

এই ম্যাচে সাফল্যের চাবিকাঠি হবে বলের দখল ধরে রাখা, তার মতে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে সম্প্রতি দাবি করেছিলেন যে বিশ্বের সেরা ছয় মিডফিল্ডার স্পেনের দলে খেলেন।

এ নিয়ে প্রশ্ন করা হলে এনজো বলেন, 'আমি তর্কে যেতে চাই না। কে ভালো, কে খারাপ, সেটা মাঠেই প্রমাণ হবে।'

এনজো স্প্যানিশ কোচের মন্তব্য সম্পর্কে আরও বলেন, 'স্পেনের মিডফিল্ড বিশ্বের অন্যতম শক্তিশালী, কারণ তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। তবে শেষ পর্যন্ত সবকিছুর সিদ্ধান্ত হয় মাঠে।'

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

ফাদার্স ডে উপলক্ষে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেছেন চেলসি তারকা।

বাবার অবদানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, 'আমার জীবনে বাবা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি ভোর পাঁচটায় উঠে কাজে যেতেন। তিনি আমার জন্য বড় অনুপ্রেরণা। এখন আবেগপ্রবণ হতে চাই না, কিন্তু তিনি আমার কাছে এক আদর্শ, আর আমি তাকে খুব ভালোবাসি।'

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন এই ফুটবলার। ২৬ বছর বয়সী এনজো বলেন, 'আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, তবে আলজেরিয়া ভালো দল এবং তাদের ভালো খেলোয়াড়ও আছে। গরম আবহাওয়া শারীরিক সুবিধা কমিয়ে দেয়, কিন্তু তারপরও আমরা দারুণ খেলেছি। কিছু সময় অবশ্য রক্ষণও সামলাতে হয়েছে।'

জাতীয় দলে নিজের বর্তমান ভূমিকা সম্পর্কে এনজো বলেন, “কোচ লিওনেল স্ক্যালোনি আমাকে সামনে উঠে বক্সে ঢুকতে বলেন।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

এটাই এখন আমার দায়িত্ব, যদিও এর আগেও এমন ভূমিকায় খেলেছি। আমি এতে স্বচ্ছন্দ বোধ করি। আমাদের খেলার ধরন খুবই গতিশীল, তাই সতীর্থদের সঙ্গে বলের চারপাশে ক্রমাগত নড়াচড়া করতে হয়।'

আজকের প্রতিপক্ষ অস্ট্রিয়াকে নিয়ে চেলসির এই মিডফিল্ডার বলেন, 'আমরা এমন একটি দলের মুখোমুখি হব, যারা সরাসরি আক্রমণ করতে পছন্দ করে এবং মাঝমাঠে খুবই আক্রমণাত্মক।

কিন্তু আমরা পুরো সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি এবং আশা করছি পরিকল্পনা সফল হবে।'

গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে দলের হারের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এনজোকে প্রথম একাদশে খেলানো শুরু করেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখে টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকার পুরস্কারও জেতেন এই মিডফিল্ডার।

এরপর থেকে মাঝমাঠে স্ক্যালোনির অন্যতম ভরসার জায়গা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও একাদশে নিজেকে অটোচয়েজ মনে করেন না এনজো।

তিনি বলেন, 'গোলরক্ষকদের বাদ দিয়ে আমরা ২৩ জন খেলোয়াড়। আমি নিজেকে নিশ্চিত একাদশের সদস্য মনে করি না। কে খেলবে সেটা কোচ ঠিক করেন।

কিন্তু যখনই সুযোগ পাই, দেশের হয়ে সেরাটা দিতে চাই।'

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী এই মিডফিল্ডার গত চার বছরে নিজের পরিবর্তন সম্পর্কে বলেন, 'কাতারের পর চার বছর কেটে গেছে। এই সময়ে আমি অনেক কিছু শিখেছি। জাতীয় দলে আমার খেলার ভূমিকাও বদলেছে।

এখন নিজেকে অনেক বেশি পরিণত মনে হয়। যখন প্রথম এসেছিলাম, তখন আমি ছিলাম এক কিশোর।

এরপর থেকে নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে গেছি এবং মনে করি, সেই লক্ষ্য অর্জন করতে পেরেছি।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে নিয়ে কোনো ধরনের রাজনীতি করতে দেয়া হবে না।

সোমবার, ২২ জুন তারিখে মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার ফলে পুরো ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং ব্যাংকটিতে দ্রুত সময়ের মধ্যে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

এর আগে, সকালে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

আন্দোলনকারীরা বলেছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্ট কাউকে রাখা যাবে না। একই সঙ্গে ২০১৭ সালের আগে যারা ব্যাংকের মালিকানার সাথে যুক্ত ছিলেন, তাদের পুনর্বহালের দাবি করেছেন তারা।

বিক্ষোভকারীরা আরও দাবি করেছেন, ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ২৪ ঘণ্টার মধ্যে গঠন করতে হবে। অন্যথায়, পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া, গত ১৬ জুন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পরিচালনা পর্ষদ দ্রুত গঠন ও এসআলমের শেয়ার পুরানো মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছিল।

প্রথমত, গত ১ জুন থেকে সদ্যবিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন শুরু হয়। পরে ১৩ জুন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দেয় এবং সার্বিক দায়িত্বের ভার দেয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শেষ বয়সে নিজের ঘরেই মরতে পারব কি না, জানি না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


‘শেষ বয়সে নিজের ঘরেই মরতে পারব কি না, জানি না’

নব্বই পেরোনো হাসমত বেপারীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের ভিটেমাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। কিন্তু সেই স্বপ্ন বারবার ভেঙে দিয়েছে সর্বগ্রাসী পদ্মা নদী। গত কয়েক দশকে সাতবার তার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এবারও পদ্মার ভয়াল ভাঙনের কবলে পড়ে স্মৃতিবিজড়িত বাড়িঘর ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় নিতে হয়েছে ভাড়া বাসায়।

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা হাসমত বেপারী বর্তমানে স্ত্রী, পুত্রবধূ ও নাতিকে নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। তার একমাত্র ছেলে সৌদি আরবে কর্মরত। অথচ জীবনের শেষ প্রান্তে এসে মাথা গোঁজার স্থায়ী কোনো ঠাই নেই এই বৃদ্ধের। চোখের সামনে বারবার ভেঙে যেতে দেখেছেন নিজের হাতে গড়া বাড়ি, আবাদি জমি আর বহু বছরের স্মৃতি।

কাঁপা কণ্ঠে হাসমত বেপারী বলেন, "জীবনে আটবার ঘর তুলেছি। সবই গিলে খেয়েছে পদ্মা। এই বয়সে এসে আর নতুন করে কিছু করার শক্তি নেই। বাধ্য হয়ে ভাড়া বাসায় উঠেছি। জানি না, শেষ বয়সে নিজের একটা ঘরে মরতে পারব কি না।"

হাসমত বেপারীর মতো এমন বেদনাময় গল্প সদরপুর উপজেলার পদ্মা তীরবর্তী এলাকার অসংখ্য মানুষের। প্রতি বছরই নদীভাঙনের কারণে ভিটেমাটি হারাচ্ছে শত শত পরিবার। বর্ষা মৌসুমে পানি বাড়লেই বাড়ে আতঙ্ক, কাটে নির্ঘুম রাত। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। ফলে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

বর্তমানে উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ও বেপারীডাঙ্গী এবং আকোটেরচর ইউনিয়নের ছলেনামা ও আকোট গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে শত শত বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আকোট জনসংঘ উচ্চ বিদ্যালয়, আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিয়াজখালী বাজার এবং আকোট গুচ্ছগ্রামসহ অন্তত ১০টি গ্রাম।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে প্রতিবছরই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পদ্মার তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ ইতোমধ্যে নিরাপদ স্থানে চলে গেছেন।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা দ্রুত জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং কার্যকর নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন, "ভাঙনের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।"

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার বলেন, "আমরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, "পদ্মা নদীর ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

পদ্মার ভয়াল থাবায় বছরের পর বছর ধরে সর্বস্ব হারানো মানুষের দীর্ঘশ্বাস যেন থামছেই না। হাসমত বেপারীর মতো অসংখ্য মানুষ আজও অপেক্ষায়—কবে মিলবে নদীভাঙনের স্থায়ী সমাধান, কবে ফিরবে নিজের ভিটেমাটিতে নিরাপদে বসবাসের নিশ্চয়তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন।

তিনি সোমবার (২২ জুন) তার পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

বদিউজ্জামান তপাদার পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর, আগস্ট, ২০২৪ মাসে আমাকে বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হয়। আমি নিয়োগ দেওয়ার জন্য, আমার নাম প্রস্তাব ও সুপারিশকারীদের প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি নিজেকে সম্মানিত মনে করছি।

তিনি আরও লিখেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে আমি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলাম। তবে, বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার মামলার আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার (২২ জুন) র‍্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এর আগে, শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আইয়ুব আলীর বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকায়। তিনি ওই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় এক র‍্যাব  সদস্য নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%