০৯:৩১ এম
সন্তান হারানোর অসহনীয় বেদনা সত্ত্বেও সৌদি আরবের এক পিতা একটি বিরল নজির তৈরি করেছেন। মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে, তিনি তার সন্তানের হত্যাকারীকে নিঃশর্তভাবে ক্ষমা করে দেন। এ ঘটনা মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম বন্দর এবং অভিযুক্তের নাম ইয়াসের। আদালতের রায়ে ইয়াসেরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি চলছিল। তবে, রায় কার্যকর হওয়ার ১৫ ঘণ্টা আগে বন্দরের বাবা শেখ ইয়াহিয়া বিন কানস আল-বুশরি ঘোষণা করেন যে তিনি ঘাতককে কোনো শর্ত ছাড়াই ক্ষমা করছেন।
এক সময় আর্থিকভাবে স্বচ্ছল হলেও বর্তমানে সাধারণ জীবনযাপন করেন শেখ ইয়াহিয়া। তবুও, তিনি হত্যাকারীকে ক্ষমা করার বিনিময়ে প্রস্তাবিত বিপুল অঙ্কের 'ব্লাড মানি' গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তার বক্তব্য ছিল, পার্থিব কোনো লাভের জন্য নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল
ক্ষমার খবরটি নিজে পৌঁছে দিতে তিনি ইয়াসেরের মায়ের বাড়িতে যান। সেখানে একটি আবেগঘন মুহূর্ত ঘটে। ছেলের জীবন রক্ষা পাওয়ার সংবাদ শোনার পর ইয়াসেরের মা আবেগে আপ্লুত হয়ে শেখ ইয়াহিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তার পায়ে চুমু খেতে উদ্যত হন। কিন্তু ইয়াহিয়া বিনয়ের সঙ্গে তাকে থামিয়ে দেন এবং ওই মায়ের কপালে স্নেহভরা চুম্বন এঁকে দিয়ে তাকে সান্ত্বনা দেন।
এ সময় ইয়াসেরের পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। কান্নাজড়িত পরিবেশে শেখ ইয়াহিয়া তাদেরও বুকে টেনে নিয়ে সাহস জোগান। নিজের সন্তানের গভীর শোক বহন করেও অন্য একটি পরিবারকে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মানবতা, সহমর্মিতা ও ক্ষমাশীলতার এই বিরল দৃষ্টান্ত বিশ্বজুড়ে মানুষের হৃদয়কে স্পর্শ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন