০২:৫৬ পি.এম
চট্টগ্রামের মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে গ্রেফতারকৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম জামালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বসতগৃহ থেকে ৫২৫ পিস ইয়াবাসহ মোঃ আজিজুল ইসলাম তারেক (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারেক ওই এলাকার আব্দুল মোতালেব ওরফে মতিন ড্রাইভারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী মুহুরী প্রজেক্ট বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ এমরান (২৪) নামের আরেক তরুণকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করেন এসআই (নিঃ) মোঃ মামুন হাসান। গ্রেফতারকৃত এমরান স্থানীয় আহসানুল হক দিদারের ছেলে।
অন্য এক অভিযানে চুরির মামলার আসামি মোঃ মেহেদী হাসান (২১)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে জোরারগঞ্জের বিশ্বরোড এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন। গ্রেফতারকৃত মেহেদী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মহেশপুর গ্রামের মৃত মোঃ ফারুকের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলি এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন