০৩:১৪ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় একটি প্রাইভেট কার মালবাহী কনটেইনারের চাপায় দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চবটী বনানী সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতীয় তলা সড়কের নির্মাণকাজ চলমান থাকায় পঞ্চবটী মোড় এলাকায় ইন্টারসেকশন, সংযোগ সড়ক এবং র্যাম্প নির্মাণের কাজ চলছে। ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে প্রায়ই ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
আরও পড়ুন: বাবুগঞ্জে মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ: নিষিদ্ধ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
শুক্রবার রাতে ঢাকা থেকে পঞ্চবটীমুখী একটি ছাই রঙের প্রাইভেট কার বনানী সিনেমা হলের সামনে পৌঁছালে, ঢাকাগামী একটি মালবাহী কনটেইনার কাত হয়ে গাড়িটির ওপর পড়ে যায়। এর ফলে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহত চালককে গাড়ি থেকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
চলমান সড়ক নির্মাণকাজের কারণে সৃষ্ট গর্ত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন