১২:৫৮ এম
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে যুবদল নেতা-সহ একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র।
শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ফেনীতে সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
এ প্রসঙ্গে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. মানিক হোসেন (৪৩), ভূল্লীর শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মো. আশরাফুল ইসলাম (৪৭), মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. মোখলেছ (৪৮)।
পুলিশ জানাচ্ছে, ওই এলাকায় বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে চক্রটির সদস্যরা অবস্থান করছিলেন। এব্যাপারে ভূল্লী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যশিয়ার মো. জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মো. আজাহার আলী (৫৪) ও মো. গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের মাধ্যমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই-বাছাই করে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া এ ধরনের প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিস্তৃত তদন্ত অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন