১০:২৩ পি.এম
গত সপ্তাহে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজশাহীর তানোরে অসময়ে দুই দিন ও তিনরাতের বৃষ্টি এবং উজানের নেমে আসা পানির কারণে বিল কুমারী বিলের পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ডুবছে বোরো বীজতলা। কৃষকরা একের পর এক প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়েছেন। এ অঞ্চলের চাষীরা এমন দূর্যোগ আগে কখনো দেখেননি। বোরো বীজতলা ডুবে যাওয়ার কারণে বিলপাড়ের চাষীরা চরম হতাশায় ভুগছেন। কৃষি অফিসের কাছে এ বিষয়ে তেমন কোন তথ্য নেই বললেই চলে, অথচ তারা আধা কিলোমিটার দূরে অবস্থিত।
বিলপাড়ের কৃষক মমিন জানান, গত সপ্তাহের ২০ ও ২১ নভেম্বর শুক্রবার ও শনিবারে দিনরাতের গুড়িগুড়ি বৃষ্টি এবং ২২ নভেম্বর রবিবার দিবাগত রাতে ভারি বর্ষণের কারণে বিভিন্ন দিক থেকে বিলে পানি নামছে। পানি বাড়তে বাড়তে সপ্তাহ ধরে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পানি বেড়ে যাওয়ার কারণে ঠাকুর পুকুর গ্রামের কৃষক আজহারের একমন বীজতলা ডুবেছে। একই গ্রামের শাহজাহানের দেড় মন বীজতলাও ডুবে গেছে।
গুবিরপাড়া গ্রামের আতাউর জানান, ২ মন বীজ বপন করা হয়েছিল, যা সবই ডুবে গেছে। তার ভাই জাইদুরের একমন বীজ পানির নিচে, বাক্কারেরও একই অবস্থা। সিন্দুকাই গ্রামের আলতাবের একমন, আইয়ুবের একমন, হিন্দুপাড়া গ্রামের গয়ার একমন, পরিতোষ মাস্টারের একমন, মহারাজের ২০ কেজি, সীতানাথের একমন বীজ ডুবেছে।
আরও পড়ুন: চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বিলের নিচু জমিতে যারা বীজ বপন করেছিলেন, তাদের সবার বীজতলা ডুবে গেছে। গত সপ্তাহের শুক্রবার, শনিবার ও রবিবারের রাতে বৃষ্টির পানি হওয়ার পরের দিন থেকেই বাড়তে শুরু করে বিলের পানি। পানি বেড়ে যাওয়ার কারণে বীজতলা ডুবে যাওয়ায় সর্বনাশ হয়ে পড়েছে। যে সব বীজতলা ডুবে গেছে, সেগুলো আর হবেনা। নতুন করে বপন করতে হবে। এক মন বীজতলা তৈরি ও বপনের জন্য খরচ সাড়ে তিন হাজার টাকা হয়েছে। পুরো টাকায় লোকসান হয়েছে।
এতো কাছে কৃষি অফিস হলেও সেখানে কোন তদারকি নেই। তারা জানেওনা। বিলপাড়ের আরেক কৃষক শাকির জানান, ডুবে যাওয়া বীজ আর হবেনা। নতুনভাবে জমি তৈরি করে বপন করতে হবে। একমন বীজ মান সম্মত হলে ৮ থেকে ১০ বিঘা জমি রোপণ করা যায়। বোরো রোপণের শুরুতেই বীজতলা নিয়ে চাষীরা ধাক্কা খেয়েছেন। একের পর এক দূর্যোগে তারা নাজেহাল হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আতাউর জানান, এত কষ্ট করে বীজতলা তৈরি ও বপন করা হয়েছিল, কিন্তু সেই বীজতলা অসময়ের পানিতে ডুবে গেছে। অতীতে কখনো বীজতলা ডুবেনি। এটি প্রথমবার, বীজতলা ডুবে যাওয়ায় সর্বনাশ হয়ে পড়েছে। দাবি থাকবে সঠিকভাবে তদারকি করে বীজতলা ক্ষতিগ্রস্ত চাষীদের প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে বীজ সার দিয়ে বোরো রোপণের সুযোগ করে দেয়া হোক। প্রতি আবাদে লোকসান হলে পথে বসতে হবে।
কৃষি বিজ্ঞানী স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ জানান, উপজেলার চান্দুড়িয়া ব্রিজ ঘাট থেকে চৌবাড়িয়া ব্রিজ পর্যন্ত বিলের নিচু জমিতে যারা বীজ বপন করেছিলেন, তাদের সবার বীজতলা ডুবে গিয়ে নষ্ট হয়েছে। এসব বীজ আর হবেনা। প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে সরকার ও কৃষি বিভাগকে। নচেৎ কৃষকের হাহাকার দূর হবে না। কারণ কৃষকের রক্ত ঘামে দেশ খাদ্যে ভরপুর। কৃষকরা সময়মত চাষাবাদ করে বলেই আমদানি রপ্তানি ছাড়াই সবকিছু চলছে। কোনোভাবেই কৃষিকে অবহেলা করা যাবে না। বোরো রোপণের বীজতলা নষ্ট হওয়ার পর থেকে বিলপাড়ের কৃষকরা চরম হতাশায় ভুগছেন। কিন্তু প্রায় ৫/৬ দিন ধরে বিলের পানি বেড়ে বীজতলা নষ্ট হলেও কৃষি অফিসের কাউকে দেখা যায়নি।
আরও পড়ুন: জামালপুরে সেচপাম্প চালাতে গিয়ে কৃষক ফারুক ফকিরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
সাবেক ভাইস চেয়ারম্যান কামারগাঁ শ্রীখন্ডা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, এসব এলাকায় যারা নিচু জমিতে বীজ বপন করেছিলেন, তাদের বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এসব বীজ আর হবে না। বিনামূল্যে প্রণোদনার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি বিভাগকে আহ্বান জানান তিনি।
উপজেলা নয়া কৃষি অফিসার রাজিব হোসাইন জানান, যাদের বীজতলা ডুবে বীজ নষ্ট হয়ে গেছে, তাদের তালিকা তৈরি করে প্রণোদনা দেয়া হবে। যাতে করে পুনরায় বীজ তৈরি করতে পারেন চাষীরা। তবে কতদিনের মধ্যে দেয়া হবে সে বিষয়ে কিছুই বলেননি তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন