ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

জাতিসংঘে ইরানের প্রতিবাদ, পরমাণু তথ্যের জন্য ২০ কোটি ডলার পুরস্কারের বিরুদ্ধে চিঠি


জাতিসংঘে ইরানের প্রতিবাদ, পরমাণু তথ্যের জন্য ২০ কোটি ডলার পুরস্কারের বিরুদ্ধে চিঠি

তেহরান যুক্তরাষ্ট্রের ঘোষিত দুই কোটি ডলার পুরস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, যা ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে। এ ঘটনার প্রেক্ষিতে, ইরান জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। চিঠিতে ইরান দাবি করেছে, এ ধরনের পুরস্কার ঘোষণা ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যার মতো ঘটনার জন্য উৎসাহ প্রদান করতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ ও আইএইএর প্রধানদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার তীব্র নিন্দা করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর চলতি সপ্তাহের শুরুতে এই পুরস্কারের ঘোষণা দেয়। এরপর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) বিষয়টি প্রচার করে।

চিঠিতে আরাগচি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ গুপ্তচরবৃত্তির কার্যক্রমকে উসকে দিচ্ছে এবং ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি তৈরি করছে। এ ছাড়া, এটি আইএইএ’র নিরাপত্তা পর্যবেক্ষণের বিশ্বাসযোগ্যতা, সততা ও নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করছে।

আরও পড়ুন: আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যখন দেশটির পরমাণু স্থাপনা ও সংশ্লিষ্ট কর্মীরা হত্যাকাণ্ড, নাশকতা ও আগ্রাসনের ঝুঁকিতে রয়েছে, তখন পরমাণু কর্মসূচির পরিদর্শনের দাবি পূরণ করা সম্ভব নয়।

তিনি মনে করেন, ইরানের কাছে পরিদর্শন ও সহযোগিতা দাবি করা বাস্তবসম্মত নয়, যদি না পরমাণু স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সূত্র: আলজাজিরা

আরএ

আরও পড়ুন: শীতের জ্বালানি সহায়তায় ১ হাজার ৮৬ ডলার পাবে নিম্ন-মধ্যম আয়ের পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্য নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ফ্লাইওভার ব্রিজের উপর একটি মোটরসাইকেল দুর্ঘটনার ফলে একই পরিবারের তিন সদস্য, স্বামী, স্ত্রী এবং তাদের সন্তান, নিহত হয়েছেন।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাউসিফ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাউসিফ নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাউসিফ (২৮) নিহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি বুধবার (১১ নভেম্বর) সকালে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাউসিফের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার কাচিঝুলি গ্রামে। তার বাবার নাম কামরুল ইসলাম। তিনি বর্তমানে ক্যান্টনমেন্ট এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। হাতিরপুলে মোতালিব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন তিনি।

হাসপাতালে মোটরসাইকেলটির চালক মো. সেলিম জানিয়েছেন, তিনি নিজে ভাড়ায় মোটরসাইকেল চালান। সকালে এয়ারপোর্ট থেকে ওই যুবককে নিয়ে হাতিরপুল যাচ্ছিলেন। খিলক্ষেত পুলিশ বক্সের সামনে পৌঁছালে পিছন থেকে একটি তেলের লরি মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ওই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে তাকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্প্যাশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনার তদন্ত করছে খিলক্ষেত থানার পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় হানিট্র্যাপে প্রবাসী ব্যবসায়ী আব্দুল মমিনের শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


কুমিল্লায় হানিট্র্যাপে প্রবাসী ব্যবসায়ী আব্দুল মমিনের শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী আব্দুল মমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এর আগে একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্র তাঁকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে নগদ প্রায় দেড় কোটি টাকা এবং ১০ একরের বেশি জমি হাতিয়ে নিয়েছে। নিহতের ছেলে অভিযোগ করেছেন যে, চক্রের জালিয়াতি ও সম্পদ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার আশঙ্কায় সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

দানবীর ও সমাজসেবক হিসেবে পরিচিত আব্দুল মমিনের মৃত্যুর প্রায় এক মাস পর তাঁর সম্পদ আত্মসাৎ, ব্ল্যাকমেইল ও প্রতারণার নানা তথ্য সামনে আসতে শুরু করে। এসব ঘটনায় দুই নারীসহ ১৫ জনকে আসামি করে গত ৫ নভেম্বর কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন তাঁর ছেলে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব লাকসাম থানা পুলিশকে দিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬, রোববার রাত আনুমানিক ৯টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বিজরা বাজারের উত্তর পাশে এমআরএফ ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে চাঁদপুরমুখী লেনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা আব্দুল মমিনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মহানগরীর মডার্ন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে করেছিল পরিবার। পরে পরিবারের পক্ষ থেকে লাকসাম থানায় অভিযোগ দায়ের করা হলে ২০২৬ সালের ২০ আগস্ট সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলা নম্বর ৬ দায়ের করা হয়।

তবে নিহতের ছেলে ও মামলার বাদী ফখরুল ইসলামের দাবি, তাঁর বাবা একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের ফাঁদে পড়েছিলেন। চক্রের সদস্যরা তাঁর বাবার সরলতা ও বিশ্বস্ততার সুযোগ নিয়ে বিভিন্ন নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল শুরু করেন। এসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে নগদ প্রায় দেড় কোটি টাকা আদায় করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আব্দুল মমিনের স্বাক্ষর নেওয়া অলিখিত চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে এক হাজার শতকেরও বেশি জমি চক্রের সদস্যদের নামে দলিল ও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে রেজিস্ট্রি করে নেওয়া হয়। এসব সম্পদের মূল্য কয়েকশ কোটি টাকা বলে দাবি পরিবারের।

মামলার বাদীর দাবি, এ ঘটনায় এর আগেও ২০২৪ সালের ৪ মে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন তিনি। মামলাটির নম্বর ১২, জিআর নম্বর ৩৭০/২৪। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে এবং বর্তমানে সেটি আদালতে বিচারাধীন।

ফখরুল ইসলামের অভিযোগ, আগের মামলার ভিকটিম ও সাক্ষী হওয়ায় এবং হানিট্র্যাপের মাধ্যমে হাতিয়ে নেওয়া সম্পদ হারানোর আশঙ্কায় চক্রের সদস্যরা তাঁর বাবাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন তাঁদের নিয়ন্ত্রিত একটি অটোরিকশা দিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। পরে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে দাবি তাঁর।

রবিউলের মৃত্যুর পর সামনে আসে সম্পদ ভাগাভাগির দ্বন্দ্ব। বাদীর ভাষ্য অনুযায়ী, হানিট্র্যাপ চক্রের অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত নিহত ব্যবসায়ী আব্দুল মমিনের বিশ্বস্ত দলিল লেখক বরুড়ার গালিমপুর এলাকার রবিউল। রবিউলের মৃত্যুর পর আব্দুল মমিনের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ ও সম্পত্তির ভাগাভাগি নিয়ে চক্রের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, রবিউলের স্ত্রী ফাতেমা পারভীন জান্নাত, যিনি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী হিসেবে কর্মরত, তাঁকে ঘিরেও নানা তথ্য সামনে এসেছে। রবিউল ও ফাতেমা পারভীনের কথিত বিবাহবিচ্ছেদ এবং রবিউলের মৃত্যুর পর সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে চক্রের সদস্যদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। এর মধ্য দিয়ে প্রতারণা ও সম্পদ আত্মসাতের নানা তথ্য প্রকাশ পেতে শুরু করে।

নিহতের ছেলে জানান, পরে এলাকাবাসী ও বিভিন্ন সাক্ষীর কাছ থেকে তিনি এসব ঘটনার বিস্তারিত তথ্য জানতে পারেন। তাঁর দাবি, বাবার মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল না; বরং সম্পদ আত্মসাৎ ও প্রতারণার ঘটনা আড়াল করতেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, হত্যা মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতারণার সঙ্গে জড়িত চক্রের কয়েকজন ইতিমধ্যে জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তাঁদের নামে দলিল করা বেশ কিছু জমি নিহত আব্দুল মমিনের সন্তানদের ফেরতও দিয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, আব্দুল মমিনের মৃত্যুর পর শোক ও মানসিক বিপর্যয়ের কারণে সব তথ্য সংগ্রহ এবং আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিতে তাঁদের কিছুটা সময় লেগেছে।

মামলার বাদীর দাবি, এ ঘটনায় একাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী রয়েছেন। বিচারিক প্রক্রিয়ায় তাঁরা আদালতে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

তবে আব্দুল মমিনের মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যা, নাকি সড়ক দুর্ঘটনা—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। একইভাবে হানিট্র্যাপ, ব্ল্যাকমেইল, জমি আত্মসাৎ ও সম্পদ ভাগাভাগি নিয়ে ওঠা অভিযোগগুলোরও নিরপেক্ষ তদন্ত জরুরি। আদালতে দায়ের করা মামলার তদন্তে এসব অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গেরা সুন্দরী কলা চাষে স্বাবলম্বী শাহ আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


গেরা সুন্দরী কলা চাষে স্বাবলম্বী শাহ আলম

॥ মুহাম্মদ আমিনুল হক ॥

সুনামগঞ্জ, ১১ নভেম্বর, ২০২৬ : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি গ্রামের একজন পরিশ্রমী যুবক শাহ আলম (৩৮)। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত।

মথুরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এবং গৃহিণী হামিদা বেগমের বড় সন্তান শাহ আলম। তার পরিবারে ২ ভাই ও ৫ বোন রয়েছে। ৯ সদস্যের পরিবার নিয়ে তিনি দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন।

দারিদ্র্যের কারণে শাহ আলমের পড়াশোনার সুযোগ হয়নি। তিনি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত ছিলেন। পরে তিনি স্থানীয় একটি করাত কলে (স’মিল) কাজ করতেন। একটি দুর্ঘটনায় তার দুই হাতের আঙ্গুল কেটে যায় এবং পরে ৬টি আঙ্গুল কেটে ফেলতে হয়। অবশিষ্ট ৪টি আঙ্গুল তামার পাত দিয়ে ঢেকে রাখা হয়।

বার্ধক্যজনিত কারণে শাহ আলমের বাবা কৃষিকাজ ছেড়ে দেন। এরপর সংসারের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন।

শাহ আলম বাসস’কে জানান, তার হাতের আঙ্গুল না থাকায় অন্য কোনো কাজ করতে পারেননি। তাই তিনি নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। এই চিন্তা থেকেই তিনি তার বাড়ির কাছে কয়েকজনের জমি ইজারা নিয়ে কলার চাষ শুরু করেন। বর্তমানে তিনি ৪ বছর ধরে কলার চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এখন তিনি একজন সফল কলা চাষী। কলা বিক্রি করে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি জমিও ক্রয় করেছেন।

তিনি জানান, ৮০ বছর বয়সে তার বাবা মারা যাওয়ার পর সংসারের প্রয়োজনে বিয়ে করতে হয়। বর্তমানে তার স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং মা, ভাই-বোনদের ভরণপোষণের খরচ বহন করছেন। কলা বিক্রির উপার্জনের মাধ্যমে তিনি ভাই-বোনদেরকে স্কুল-কলেজে লেখাপড়া করাচ্ছেন। তার একমাত্র আয়ের উৎস কলা চাষ।

এখন তার ১০টি কলার বাগান রয়েছে। সব খরচ বাদে প্রতি মাসে ৫ হাজার টাকা আয় হয়। পরিবারের ভরণপোষণের পর বছরে তার ৫০ হাজার টাকা জমা থাকে।

তিনি জানান, কোনো প্রকার রাসায়নিক সার বা কেমিক্যাল ছাড়া শুধুমাত্র গোবর ব্যবহার করে কলা চাষ করছেন। তার বাগানের উন্নতমানের গেরা সুন্দরী কলা জেলাজুড়ে বেশ জনপ্রিয়।

শাহ আলম বলেন, প্রতিদিন তিনি ৪০-৫০ হালি গেরা সুন্দরী কলা বিক্রি করেন। পাইকারি দোকানদাররা তার বাগান থেকে প্রতিদিন কলা ক্রয় করে নিয়ে যান। পাশাপাশি মথুরকান্দি বাজারেও তার নিজস্ব দোকানে সুলভ মূল্যে কলা বিক্রি হচ্ছে। জেলা শহরেও এসে গেরা সুন্দরী কলা বিক্রি করছেন।

তার সঙ্গে আলাপকালে তিনি সাবলীলভাবে জানান, আমি ফরমালিনমুক্ত (গেরা সুন্দরী) কলা জেলা শহরের মানুষদের খাওয়ানোর জন্য নিয়ে আসি। ক্রেতাদেরকে ফরমালিনমুক্ত কলা খাওয়াতে পেরে ভালো লাগে। রাত-দিন কলা চাষের উন্নতির জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০২৩ সাল থেকে তিনি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। সরকারি সহযোগিতা পেলে তার উৎপাদিত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা সম্ভব হবে বলে জানান শাহ আলম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওমর ফারুক বাসস’কে জানান, জেলা পর্যায়ে কলা চাষের জন্য এখন কোনো বরাদ্দ নেই। বিশ্বম্ভরপুর উপজেলায় কলা চাষের বিষয়টি তিনি জেনেছেন। চাষীরা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষি অফিস তাদের পরামর্শ দেবেন। এতে ফলনও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%