ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে স্বর্ণের দামে পতন, ভরি যত টাকায় বিক্রি হচ্ছে আজ


দেশে স্বর্ণের দামে পতন, ভরি যত টাকায় বিক্রি হচ্ছে আজ

টানা ৩ দফা বাড়ানোর পর অবশেষে সবশেষ সমন্বয়ে দেশে বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১৫ আগস্ট) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

সবশেষ শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি রুহুল আমিন আটক

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠান এই দাম কার্যকর রাখবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ১৩ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

আরও পড়ুন: নলছিটির তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫১ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৩০ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

আরও পড়ুন: সৌদির কাছে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে ঢাকা এখনও জবাব পায়নি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলার সময় সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৩ এম


আজকের খেলার সময় সূচি

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। তাই কিছুটা বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা রয়েছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে আপনি দেখে নিন এই শিডিউল। আর এখন ঠিক করে ফেলুন কখন কোন খেলায় নজর দেবেন।

ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তৃতীয় দিনের খেলা চলমান। এছাড়া শুরু হতে চলেছে শ্রীলঙ্কা ও ভারতের গল টেস্ট।

ক্রিকেট

ডারউইন টেস্ট, ৩য় দিন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ

সকাল ৬-৩০ মিনিট, পিটিভি

গল টেস্ট-১ম দিন

শ্রীলঙ্কা-ভারত

সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস ১

ফুটবল

লা লিগা

আলাভেস-হেতাফে

রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সেভিয়া-ভায়েকানো

রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইক্লিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ব্রিটিশ রাইডারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ এম


সাইক্লিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ব্রিটিশ রাইডারের

পর্তুগাল অনুষ্ঠিত ভোলেটা আ পর্তুগাল সাইক্লিং প্রতিযোগিতার অষ্টম ধাপে ব্রিটিশ সাইক্লিস্ট ফিনলে টার্লিং মাত্র ১৯ বছর বয়সে মারাত্মক সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আকস্মিক মৃত্যু ঘটে রেস চলাকালীন একটি হালকা পণ্যবাহী গাড়ির সঙ্গে মাথা থেকে মুখোমুখি সংঘর্ষের কারণে। ফিনলে ছিলেন ইনিয়স দলের প্রখ্যাত সাইক্লিস্ট জশ টার্লিংয়ের ছোট ভাই।

মেলগাসো থেকে ফাফে পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার রুটে এনএসএনডেভেলপমেন্ট টিমের হয়ে সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন তিনি।

স্থানীয় ন্যাশনাল রিপাবলিকান গার্ডের অফিসার মেজর তিয়াগো মাচাদো স্থানীয় গণমাধ্যমকে জানান, সাইক্লিস্ট এবং গাড়ির মধ্যে মাঝপথে মারাত্মক সংঘর্ষ ঘটে। ঘটনার মূল কারণ সম্পর্কে অনুসন্ধানে ইতোমধ্যে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

ফিনলে টার্লিংয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার দল এনএসএন। তারা এক হৃদয়বিদারক বার্তায় জানায়, ভোলেটা আ পর্তুগালে ফিনলে টার্লিংয়ের প্রয়াণের খবর প্রকাশ করতে গিয়ে আমাদের হৃদয় ভেঙে গেছে। ফিনের বাবা-মা, ভাই জশ এবং তার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

এই ট্র্যাজেডির পর পর্তুগিজ সাইক্লিং ফেডারেশন ও রেস আয়োজকরা সাথে সাথে প্রতিযোগিতা স্থগিত করে। পাশাপাশি পোডিয়াম পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করে শোক পালন করার সিদ্ধান্ত নেয়।

পর্তুগালের রাষ্ট্রপতি আন্তোনিও হোসে সেগুরো এক বার্তায় বলেন, টার্লিংয়ের মত্যু পুরো রেস, আয়োজক ও স্বাগতিক জাতিকে গভীর শোকে নিমজ্জিত করেছে।

ব্রিটিশ সাইক্লিংয়ের পারফরম্যান্স ডিরেক্টর স্টিফেন পার্ক এবং সাইক্লিংয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইউসিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিনলেকে স্মরণ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বড় ভাই জশ টার্লিংয়ের মতো টাইম ট্রায়াল বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পাচ্ছিলেন ফিনলে। অল্প বয়সে গ্রেট ব্রিটেনের হয়ে রোড ও ট্র্যাক সাইক্লিংয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। গত জুনে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২৩ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন ফিনলে। মাত্র এক বছর আগে তিনি ট্যুর অব ব্রিটেনে অংশ নিয়েছিলেন।

গত ৫ আগস্ট লিসবন থেকে শুরু হওয়া ১০ পর্বের ভোলেটা আ পর্তুগাল প্রতিযোগিতা ১৬ আগস্ট পোর্তোতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উদীয়মান এই ব্রিটিশ অ্যাথলেটের করুণ বিদায়ে সারা সাইক্লিং বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ এম


ইসরায়েলি নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প

ইসরায়েলে ২৭ অক্টোবরের নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপে রয়েছেন। তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পাশে নেই। এখন পর্যন্ত তিনি নেতানিয়াহুকে রাজনৈতিক সমর্থন দেওয়া থেকে বিরত থাকছেন।

সম্প্রতি, হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যখন ইসরায়েলের নির্বাচনি জরিপের ফল সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন নেতানিয়াহুর এক উপদেষ্টা দাবি করেন, 'তিনি জিতছেন'।

কিন্তু বাস্তবতা ভিন্ন। জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহু নির্বাচনে জয় পাওয়ার অবস্থানে নেই। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও, ট্রাম্প তাকে এখনও স্পষ্ট রাজনৈতিক সমর্থন দেননি। জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর বর্তমান জোট পেতে পারে ৪৯ থেকে ৫৩টি আসন, যেখানে সরকার গঠনের জন্য অন্তত ৬১ আসন প্রয়োজন। বর্তমানে তার হাতে ৬৮ আসন রয়েছে।

অন্যদিকে, বিরোধী দলগুলো জরিপ অনুসারে ৬৭ থেকে ৭০টি আসন পেতে পারে এবং নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক আইডিএফ প্রধান গাদি আইজেনকোট বেশিরভাগ জরিপে এগিয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে।

তবে নির্বাচনে নেতানিয়াহুর স্পষ্ট বা একক জয় না পেলেও, পরিস্থিতি ভিন্ন হতে পারে। এমন অবস্থায়, তার মূল কৌশল হবে বিরোধীদের এককভাবে সরকার গঠন ঠেকাতে পর্যাপ্ত ভোট ধরে রাখা। কোনাে দলই এককভাবে সরকার গঠন করতে না পারলে, পুনরায় আরেকটি নির্বাচন হওয়ার আগে, নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থেকে যেতে পারবেন। এ মুহূর্তে এমন সম্ভাবনাই প্রতীয়মান হচ্ছে।

ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্কের দূরত্ব:

ইরান যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে, ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ উপদেষ্টা আশা করেছিলেন যে, তিনি নেতানিয়াহুকে সমর্থন দেবেন। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার শেষ করার জন্য তাকে একটি সাধারণ ক্ষমা দেওয়ার পক্ষে সোচ্চার হন।

কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দুই নেতার পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং অভ্যন্তরীন রাজনৈতিক স্বার্থের মধ্যে দূরত্ব তৈরি হয়। ইরান, লেবানন এবং গাজা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও, নেতানিয়াহু গত কিছুদিনে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং যে ধরনের নীতি অনুসরণ করছেন, তা ট্রাম্পের পছন্দ নয় এবং এ কারণে তিনি হতাশ।

সম্প্রতি নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন এমন দুটি কর্মকর্তা জানান- মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "বিবি (নেতানিয়াহু) নিজেই নিজের ঘোর শত্রু।”

এছাড়াও, ট্রাম্পের ১৫ দফা গাজা শান্তি পরিকল্পনা (বোর্ড অব পিস) নেতানিয়াহু প্রকাশ্যে প্রত্যাখ্যান করায় সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে।

গাজা পরিকল্পনার বিষয়ে মতবিরোধ:

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, হোয়াইট হাউজ নেতানিয়াহুর বক্তব্যকে একটি নীতিগত ঘোষণা হিসেবে হাতে না নিয়ে বরং নির্বাচনী মৌসুমের রাজনীতি হিসেবেই বিবেচনা করছে।

নেতানিয়াহু পরবর্তীতে ট্রাম্পের দূত জ্যারেড কুশনারের সঙ্গে কথা বলেন এবং গাজা পরিকল্পনা নিয়ে সন্দেহ থাকা সত্ত্বেও এটিকে একটি সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার জন্য গাজায় হামলা কমানো বা নিয়ন্ত্রণে রাখতে তিনি রাজি হন।

এরপর থেকে, ইসরায়েল গাজায় কিছুটা কম হামলা চালিয়েছে এবং আইডিএফ হলুদ লাইন থেকে পিছু হটেছে, যেখানে চুক্তি অনুযায়ী তাদের মোতায়েন করা কথা ছিল।

কুশনার আগামী সপ্তাহে গাজা পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ইসরায়েল সফর করবেন বলে আশা করা হচ্ছে।

ট্রাম্পকে নিরপেক্ষ থাকার আহ্বান নেতানিয়াহুর প্রতিপক্ষের:

নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধীরা, এর মধ্যে আইজেনকোট এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদও রয়েছেন, তারা উদ্বিগ্ন যে ট্রাম্প শেষ পর্যন্ত তাকে সমর্থন দিতে পারেন।

তার সহযোগীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, বিরোধী দলের ব্যক্তিরা পারস্পরিক বন্ধু, দাতা এবং অন্যান্য রাজনৈতিক মিত্রদের মাধ্যমে ট্রাম্প ও তার উপদেষ্টাদের কাছে বার্তা পাঠিয়ে তাকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়েছেন।

একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন, জনমত জরিপে নেতানিয়াহুর দুর্বল অবস্থানের কারণে ট্রাম্প তার সঙ্গে কোনও বিষয়ে জড়াতে বা সাহায্য করতে আগ্রহ হারিয়ে থাকতে পারেন।

বর্তমানে ট্রাম্প ইসরায়েলে জনপ্রিয়। তবে তার ইরান চুক্তি এবং সেই চুক্তি বাতিল হওয়ার পর যুদ্ধ থেকে পিছিয়ে আসার সিদ্ধান্তের কারণে, ইসরায়েলে গত তিন মাসে তার অবস্থান বা ভাবমূর্তি কিছুটা নিম্নমুখী হয়েছে।

ইরান, গাজা, সিরিয়া এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে, ট্রাম্প যে বিধিনিষেধ আরোপ করেছেন, তাতেও ইসরায়েলিরা আপত্তি জানিয়েছে।

চারবার নেতানিয়াহুকে সমর্থন দেওয়া এড়িয়েছেন ট্রাম্প:

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে চারবার প্রশ্ন করা হয়েছে যে, তিনি নেতানিয়াহুকে সমর্থন করেন কিনা। প্রতিবারই তিনি নেতা হিসেবে তাকে সমর্থন দেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন।

জুলাই মাসে যখন রেডিও সঞ্চালক হিউ হিউইট জিজ্ঞাসা করেন, ইসরায়েলে এই পদের জন্য কি আরও উপযুক্ত কেউ আছে, তখন ট্রাম্প জানান যে, তিনি নেতানিয়াহুর বেশিরভাগ প্রতিপক্ষকে চেনেন না।

ট্রাম্প সম্প্রতি নেতানিয়াহুকে একজন মহান যুদ্ধকালীন নেতা হিসেবে প্রশংসা করেছেন। তবে তিনি এ কথাগুলি অতীতকাল ব্যবহার করে উল্লেখ করেছেন, যা থেকে প্রতীয়মান হচ্ছে যে, নেতানিয়াহুর সেই সময়ের ভূমিকা এখন আর বর্তমান নেই।

যদিও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প তাদের শেষ বৈঠকে নেতানিয়াহুর ক্ষমার বিষয়টি ব্যক্তিগতভাবে উত্থাপন করেছিলেন, তবুও তিনি এটি নিয়ে কয়েক মাস ধরে প্রকাশ্যে আলোচনা করেননি।

ট্রাম্পের কাছে ইসরায়েলের নির্বাচনের গুরুত্ব:

ট্রাম্পের ক্ষমতায় থাকার শেষ দুই বছরে, তার পশ্চিম এশিয়া বিষয়ক কর্মপরিকল্পনার জন্য ইসরায়েলের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন ইরান সংকট 'কোনও চুক্তি নেই, কোনও যুদ্ধও নেই' এমন পরিস্থিতির মধ্যে উপস্থিত।

ট্রাম্প গাজায় তার শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়া, ইসরায়েল ও লেবাননের মধ্যে অগ্রগতি আনা, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি করার জন্য মধ্যস্থতা করতে চান।

ট্রাম্প এবং তার দল ইসরায়েলের ২০১৯ সালের রাজনৈতিক সংকটের পুনরাবৃত্তি নিয়ে সতর্ক রয়েছেন, সেই সময় তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পশ্চিম এশিয়ায় কূটনীতির একটি বছর নষ্ট হয়েছিল।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউজ সেই ভুলের পুনরাবৃত্তি চাইবে না অথবা ইসরায়েলের অভ্যন্তরীন রাজনীতির কারণে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কর্মসূচি বিলম্বিত হোক তা চাইবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণায় রচনাচুরির অভিযোগে পদত্যাগের পর কেমব্রিজ অধ্যাপকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৬ এম


গবেষণায় রচনাচুরির অভিযোগে পদত্যাগের পর কেমব্রিজ অধ্যাপকের মৃত্যু

গবেষণায় রচনাচুরির (প্লেজিয়ারিজম) অভিযোগকে কেন্দ্র করে চরম বিতর্কের মুখে পদত্যাগ করার মাত্র এক সপ্তাহের মাথায় মারা গেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জেসন আরডে (৪১)। শুক্রবার (১৫ আগস্ট) দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার একটি আবাসন থেকে অচেতন অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ ঘটনাটিকে ‘অপ্রত্যাশিত’ উল্লেখ করলেও তারা কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে।

২০২৩ সালে কেমব্রিজের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক নজর কাড়েন আরডে। তবে সম্প্রতি আরেক শিক্ষাবিদ তার গবেষণাকর্মে একাধিক অসঙ্গতি ও রচনাচুরির অভিযোগ তুললে বিতর্ক তৈরি হয়। আরডে এসব অভিযোগ অস্বীকার করলেও নিজের অটিজমের কারণে প্রাথমিক কাজের কিছু ভুলের কথা স্বীকার করেছিলেন।

তবে প্রতিনিয়ত গণমাধ্যমের কড়া নজরদারি ও ব্যক্তিগত আক্রমণের মুখে গত সপ্তাহে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

আরডের পরিবার এক বিবৃতিতে জানান, ভুল তথ্যের বিষাক্ত প্রচারণা ও মানসিক চাপ তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল। তার ঘনিষ্ঠ বন্ধুরা জানান, পদত্যাগের পর তিনি তীব্র বিষণ্ণতায় ভুগছিলেন এবং কার্যত ঘরবন্দি ছিলেন। শিক্ষাজগতের কৃষ্ণাঙ্গ অধ্যাপকদের ওপর অতিরিক্ত চাপ ও তাদের সুরক্ষার বিষয়ে এই ঘটনাটি একটি বড় সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডেবোরা প্রেন্টিস ও যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল এই ঘটনায় গভীর শোক ও পরিবারটির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। কেমব্রিজ ও তার পূর্ববর্তী কর্মস্থল গ্লাসগো বিশ্ববিদ্যালয় আরডের নিয়োগ ও গবেষণাসংক্রান্ত বিষয়ে তদন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%