ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় দুই বাসের চাপায় মারা গেলেন একজন যুবক


ঢাকায় দুই বাসের চাপায় মারা গেলেন একজন যুবক

রাজধানীর চাঁনখারপুলে একজন যুবক মারা গেছেন। জয়দেব (৪০) নামে এই যুবক নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের আরেকটি বাসের চাপায় নিহত হন।

এ দুর্ঘটনাটি ঘটে বুধবার (১০ জুন) বিকেল ৪টা নাগাদ। মুমূর্ষু অবস্থায় পথচারীরা জয়দেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, সেখানে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজটি করেন মো. মুছা গাজী নামে একজন। তিনি জানান, জয়দেব ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চাঁনখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। ঠিক সেই মুহূর্তে ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় তাকে চাপা দেয়। এতে জয়দেব গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, ঘটনার পর স্থানীয়রা বাস দুটি আটকিয়ে রেখেছেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানালেন, জয়দেব এবং তিনি রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন। আজ সকাল থেকে তারা শাহবাগ এলাকায় ছিলেন। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলের দিকে তিনি বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, মোবাইলে জানা যায়, রাস্তার দুর্ঘটনায় তার সহকর্মী জয়দেবের খোঁজ নেই। এরপর তিনি ঢাকা মেডিকেলে গিয়ে জয়দেবের মরদেহ দেখেন। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে পুশ ইনের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


সীমান্তে পুশ ইনের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

বাংলাদেশ সীমান্তে ভারতের কর্তৃক জোরপূর্বক পুশ ইন এবং সীমান্তে আবির্ভূত আগ্রাসী আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে। আজ বুধবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় এ বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর গণঅধিকার পরিষদ এই কর্মসূচি ঘোষণা করেছিল।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সীমান্ত হত্যা এবং ভারত কর্তৃক জোরপূর্বক পুশ ইন বন্ধের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় মাদকের বিস্তার ও কথিত মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ গোপালপুর অংশে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার কারণে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং যুবসমাজ বিপথগামী হচ্ছে। তারা বলেন, যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেন বা প্রতিবাদ করেন, তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকার যুবক আল-আমিন সরদার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাকে মারধরের শিকার হতে হয়। এ ঘটনায় তিনি কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও মানববন্ধনে জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

এলাকাবাসী আরও জানান, মাদকের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও এক এমপির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও এক এমপির পদত্যাগ

ভারতের লোকসভায় ২০ জন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যের ‘বিদ্ৰোহের’ মধ্যেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন আরও এক তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য।

রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে সুখেন্দু শেখর রায়ের ইস্তফার পরে বুধবার (১০ জুন) সুস্মিতা দেব পদত্যাগ করেছেন। খবর বিবিসি’র।

সংসদের উচ্চকক্ষের পদ থেকে তিনি ছাড়ার পাশাপাশি সুখেন্দু শেখর রায়ের মতো তিনিও দলের সদস্যপদ ছাড়ার খবর পাওয়া যাচ্ছে।

আসামের বরাক উপত্যকায় রাজনৈতিক জীবনের সূচনা করেন সুস্মिता দেব। কংগ্রেসের সদস্য হিসেবে কাজ করার পর তিনি ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার বাবা সন্তোষমোহন দেব ছিলেন আসামের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার কংগ্রেস নেতা এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন বিস্তারের দায়িত্ব দিয়েছিলেন।

২০২১ সালে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে নিযুক্ত হন সুস্মিতা দেব। পরে ২০২৪ সালে ফের তাকে রাজ্যসভায় পাঠানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী সংসদ সদস্যদেরও নিজ এলাকার উন্নয়নে কাজ করার হক আছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


নারী সংসদ সদস্যদেরও নিজ এলাকার উন্নয়নে কাজ করার হক আছে : প্রধানমন্ত্রী

বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব কেন দেওয়া হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘নারী সংসদ সদস্যদেরও নিজ এলাকার উন্নয়নে কাজ করার হক আছে।’

আজ বুধবার বিকেলে সংসদে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ব্যাখ্যা প্রদান করেন।

সরকারি দলীয় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য আরমান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কয়েকদিন আগে মহিলা সংসদ সদস্যদের নির্বাচিত করা হয়েছে। সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই। আপনার বা আমার যেরকম নির্দিষ্ট আসন আছে, সেরকম নির্দিষ্ট কোনো আসন তাদের নেই। খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করেছি যে, তারা কোথায় কাজ করবেন।’

প্রধানমন্ত্রী মীর আহমদ বিন কাসেমকে উদ্দেশ করে বলেন, ‘আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নের ব্যাপারে কীভাবে ভূমিকা রাখতে চান, সে বিষয়ে আপনার সম্পূর্ণ হক আছে। ঠিক তেমনিভাবে যেহেতু এই সংসদ নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, তাই তাদেরও একই রকমভাবে হক আছে, তাদের নিজ এলাকার মানুষের জন্য কাজ করার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই যেটি নিয়ম আছে সরকারের, সেই নিয়ম অনুযায়ী আমরা এগোচ্ছি। আপনার এলাকার যদি কোনো উন্নয়নের বিষয়ে যদি আমার সহযোগিতা করার কিছু থাকে জানাবেন। আমি অবশ্যই করবো।’

জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি, এর মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদেও সংরক্ষিত আসনে বিএনপি ৩৬, জামায়াতে ইসলামীরসহ ১১ দলীয় জোট ১২ ও স্বতন্ত্র ১ জন নারী নির্বাচিত হয়েছেন।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রথম ৩০ মিনিট পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল তারকা চিহ্নিত ৫টি প্রশ্ন। এরমধ্যে ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%