ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মহাসড়কে ময়লা ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, সাময়িক বরখাস্ত


মহাসড়কে ময়লা ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, সাময়িক বরখাস্ত

আমিনবাজারে মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। তাদের সম্পর্কে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।

ছুটির দিন শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম আমিনবাজার মহাসড়কসংলগ্ন বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করতে গিয়ে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের হাতেনাতে ধরেন এবং সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেই মহাসড়কের পাশে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশের প্রতি অসতর্কতা দেখিয়ে তারা বর্জ্য ফেলতে গেলে জেলা প্রশাসকের আকস্মিক অভিযানে তারা হাতেনাতে ধরা পড়েন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ৬৫ বছরের নারীর মৃত্যু

ঘটনাস্থলেই জেলা প্রশাসক সংশ্লিষ্টদের তীব্র ভর্ৎসনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন। একই সাথে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের সাময়িক বরখাস্তের নির্দেশনাও দেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘মহাসড়কের পাশে কোনোভাবেই বর্জ্য ফেলা যাবে না—এ বিষয়ে আগেই স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। তারপরও যারা নির্দেশ অমান্য করেছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবেশ ও জনস্বার্থের সঙ্গে কোনো আপোস করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং জনদুর্ভোগ কমাতে মহাসড়ক ও জনবহুল এলাকায় অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি স্কুল বাস দুর্ঘটনার শিকার হয়েছে, যখন একটি যাত্রীবাহী লোকাল ট্রেন সেটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ও বাসের চালকসহ মোট চারজন নিহত হয়েছেন। অন্যদিকে, আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুলাই) সকাল সাতটার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ট্রেন যাওয়ার পরে রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়েছিল। গেট খুলে যাওয়ার পর স্কুল বাসটি যখন লাইন পার করার চেষ্টা করছিল, তখন বিপরীত দিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী লোকাল ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং এর ধ্বংসাবশেষ রেললাইনের ওপর ছড়িয়ে পড়ে।

এক রেল কর্মকর্তা জানাচ্ছেন, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে যখন ওই বাসটি লাইন পার হচ্ছিল, তখনই এটি লোকাল ট্রেনের মুখে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঊর্ধ্বতন পুলিশ ও রেল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্ব নিয়ে মারাত্মক ক্ষোভ সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অবহেলার কারণে সংশ্লিষ্ট গেটম্যান ও একজন সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে।

এখন দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। অন্য দিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে লোকসভার সাবেক সংসদ সদস্য ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মর্মান্তিক ট্র্যাজেডির জন্য সরাসরি গেটম্যানের চরম অবহেলাকেই দায়ী করেছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোমাদের একদিন ঠিক বিচ্ছেদ হবে’, সোনাক্ষী-জাহিরকে কেন বলেছিলেন সালমান খান?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


‘তোমাদের একদিন ঠিক বিচ্ছেদ হবে’, সোনাক্ষী-জাহিরকে কেন বলেছিলেন সালমান খান?

বলিউডের তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমজীবনের ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন ভাইজান খ্যাত তারকা সালমান খান। সম্প্রতি একটি চ্যাট শোতে এসে সোনাক্ষী ও জাহির তাদের প্রেম জীবনের চমকপ্রদ তথ্য ফাঁস করেন।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদনে জানা যায়, অভিনেতা জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহার সাত বছরের গোপন প্রেম এবং পরবর্তীতে বিয়ের পেছনে অন্যতম অনুঘটক ছিলেন সালমান খান। সালমানের আয়োজনে তাঁদের প্রথম দেখা হয় একটি পার্টিতে।

প্রথম দেখাতেই সোনাক্ষী ও জাহির নিজেদের প্রেমে পড়ে যান। তবে তাঁরা কখনোই প্রকাশ্যে নিজেদের প্রেম ও সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু সোনাক্ষী-জাহির প্রেমের বিষয়টি ভাইজানের চোখে ধরা পড়েছিল।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হয়ে এ জুটি ব্যক্তিজীবনের অপ্রকাশিত তথ্য তুলে ধরেন।

স্মৃতিচারণ করে সোনাক্ষী সিনহা মন্তব্য করেন, "আমাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সালমান তো বোকা নন। উনি সবই দেখেছিলেন। যখনই আমাদের জিজ্ঞেস করতেন, আমরা বলতাম, আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই।"

সোনাক্ষী সিনহা বলেন, "একদিন সালমান আমাদের বললেন, দেখো, একদিন না একদিন তোমাদের বিচ্ছেদ হবেই। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দু’জনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না।" এই কথাটি শুনে সোনাক্ষী ও জাহির দু’জনেই অবাক হয়ে যান।

এখানেই শেষ নয়, চ্যাট শো ‘ডাবল ডেট’-এ সোনাক্ষী জানালেন, ওই ঘটনার পর একটি ট্রেকিংয়ে গিয়েও সালমান জাহিরকে আলাদা করে ডেকে তাঁদের প্রেম নিয়ে সাবধান করেছিলেন। বলেছিলেন, "সবই কিন্তু বোঝা যাচ্ছে।"

সালমান খানের ওই মন্তব্য শোনার পর সোনাক্ষী ও জাহির নিশ্চিত হন যে, তাঁদের প্রেম ভাইজানের নজর এড়ায়নি। আশপাশের সবার নজরেও পড়েছে। এরপর প্রায় সাত বছর প্রেমের সম্পর্ক গোপন রাখার পর ২০২৪ সালের জুন মাসে শোবিজ দুনিয়ায় গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন সোনাক্ষী ও জাহির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট-ঢাকা স্পেশাল ট্রেনে সায়েস্তাগঞ্জ স্টপেজের দাবি, ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ কণ্ঠশিল্পী আশিকের

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন মোঃ শরীফ উদ্দিন

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


সিলেট-ঢাকা স্পেশাল ট্রেনে সায়েস্তাগঞ্জ স্টপেজের দাবি, ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ কণ্ঠশিল্পী আশিকের

সিলেট-ঢাকা রুটে চালু হতে যাওয়া স্পেশাল ট্রেনের সায়েস্তাগঞ্জ জংশনে যাত্রাবিরতির দাবিতে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন হবিগঞ্জের খ্যাতিমান কণ্ঠশিল্পী আশিক।

নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে তিনি এই বিষয়ে লিখেছেন, "সিলেট-ঢাকা রুটের স্পেশাল ট্রেনের সায়েস্তাগঞ্জে স্টপেজ দিতে হবে, দিতে হবে মানে দিতেই হবে।"

তিনি অভিযোগ করেন যে নতুন স্পেশাল ট্রেনটি সিলেট থেকে ছেড়ে শুধু শ্রীমঙ্গলে যাত্রাবিরতি দিয়ে সরাসরি ঢাকা বিমানবন্দরে যাবে। এতে হবিগঞ্জের মানুষ পুনরায় রেলসেবায় বঞ্চিত হবেন বলেই তিনি মনে করেন।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, "অন্য ট্রেনের এসি বগির কোনো টিকিট আমরা হবিগঞ্জবাসী পাই না। নন-এসি টিকিট থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এভাবে একটি জেলাকে বারবার বঞ্চিত করার মানে কী?"

তিনি জানান, "আমরা হবিগঞ্জবাসী আর চুপ থাকতে চাই না। সকল বৈষম্য থেকে আমরা মুক্তি চাই।"

তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক হবিগঞ্জবাসীও সায়েস্তাগঞ্জ জংশনে স্পেশাল ট্রেনটির স্টপেজের দাবি জানিয়ে মত প্রকাশ করেছেন।

তবে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি মন্ত্রীর ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


ইসরাইলি মন্ত্রীর ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব

ফিলিস্তিনি বন্দিদের জন্য এমন একটি উচ্চ-নিরাপত্তা কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এই কারাগারটি কুমিরবেষ্টিত হবে।

প্রস্তাবটি ইতোমধ্যে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ (আইপিএস) সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বিভিন্ন জায়গা পরিদর্শন ও ব্যয় নিরূপণের মাধ্যমে পরীক্ষা করছে, বলে জানা গেছে হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে।

বেন-গভির এই কুমিরবেষ্টিত কারাগার পরিকল্পনাকে ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ নাম দিয়েছেন। এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এভারগ্লেডস জলাভূমি অঞ্চলের একটি কারাগার থেকে অনুপ্রাণিত হয়েছে, যেখানে প্রাকৃতিকভাবে অ্যালিগেটরের (এক প্রজাতির কুমির) উপস্থিতি রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার (১৭ জুলাই) ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান নীল নদের কুমিরকে ‘তত্ত্বাবধানে থাকা বন্য প্রাণী’ হিসেবে পুনঃশ্রেণিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। এটির ফলে কারাগার প্রাঙ্গণে পরীক্ষামূলকভাবে কুমির রাখার পথ উন্মুক্ত হবে।

হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির হামাত গাদের এলাকায় এই কারাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এলাকাটিতে প্রায় ২০০ থেকে ২৫০টি কুমির নিয়ে এই অঞ্চলটির অন্যতম বৃহৎ কুমির খামার রয়েছে।

গত ১ জানুয়ারি ইসরাইলি কারা কর্তৃপক্ষ আইপিএসের উপ-কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল হামাত গাদের কুমির খামার পরিদর্শন করে। তারা কুমির পালন, খাদ্য ব্যবস্থাপনা, শীতকালীন আচরণ, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।

হামাত গাদেরের প্রধান নির্বাহী ইয়োসি মুসানেজাদ জানিয়েছেন, এটি ছিল একটি ‘শিক্ষামূলক সফর’। তিনি বলছেন, ‘খাঁচায় কুমির পালন মোটেও সহজ নয়। এটি কোনো পোষা কুকুর নয়। এর জন্য বিশেষ যত্ন, পানির সঠিক ব্যবস্থাপনা, এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।’

বেন-গভির দাবি করেছেন, এই ব্যবস্থা নিরাপত্তা জোরদার ও পালানোর ঝুঁকি কমানোর ক্ষেত্রে ব্যয়-সাশ্রয়ী হবে। তিনি বলেন, ‘একটি ছোট কুমিরের দাম প্রায় ৮ হাজার ডলার এবং বড় কুমিরের দাম প্রায় ২০ হাজার ডলার। প্রয়োজনীয় যে বাজেট লাগবে, আমি তা দিতে প্রস্তুত।’

তবে, এই প্রস্তাবটি মানবাধিকারের সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থা বিতসেলেম-এর চেয়ারম্যান অরলি নয় একে ‘ইসরাইলের বর্তমান নীতির আরেকটি ভয়াবহ ও বিকৃত উদাহরণ’ হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ন্যায়বিচারের পথ বেছে নেওয়ার আগে কর্তৃপক্ষ যেন সব ধরনের অমানবিক উপায়ই চেষ্টা করতে প্রস্তুত।’

এই প্রস্তাবকে ঘিরে ইসরাইলের কারা নীতি এবং ফিলিস্তিনি বন্দিদের প্রতি আচরণ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%