১২:০৯ পি.এম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইন্সকে ওয়াঙ্গারাট্টা শহরে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হয়েছে।
এদিকে, পুলিশ সতর্ক করেছে যে, অনলাইনে উগ্রবাদী মতাদর্শের বিস্তার রাজনৈতিক মেরুকরণ বাড়িয়ে সহিংসতার ঝুঁকি তৈরি করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, ৩৮৯৭ গ্রাহকের তথ্য ফাঁস
সোমবার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে ২০০ কিলোমিটারেরও বেশি উত্তর-পূর্বে ওয়াঙ্গারাট্টা শহরে নিজের কার্যালয়ের কাছে গাড়ির ধাক্কায় আহত হন হেইন্স।
বুধবার পুলিশ জানিয়েছে, মেলবোর্নের একটি হাসপাতালে তিনি ‘সংকটাপন্ন, তবে স্থিতিশীল’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের ফলে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে এবং অন্য পা রক্ষা করার জন্য চিকিৎসকেরা চেষ্টা করছেন।
এ ঘটনায় ৪৩ বছর বয়সী ব্রেন্ডন নুজেন্টের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা ও একজন সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার
সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগটি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় আইনের আওতাভুক্ত অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড।
এএফপির ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, বুধবার ওয়াঙ্গারাট্টার একটি আদালতে নুজেন্টকে হাজির করা হয়।
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, তিনি জামিনের আবেদন করেননি। এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি।
হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে অনুমান করতে রাজি হননি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
তবে পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব সূত্র ধরে তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তি সরকারের বিরুদ্ধে উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ সাংবাদিকদের বলেন, ‘অন্য সবার মতো আমরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার যোগাযোগ ও সম্পৃক্ততা খতিয়ে দেখছি। পাশাপাশি প্রত্যক্ষদর্শী, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে কথা বলছি।’
অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের (এএফপি) কমিশনার ক্রিসি ব্যারেটও অনলাইনে উগ্রবাদী মতামতের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বর্তমানে অপরাধের হুমকির পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ। কেন্দ্রীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে অনলাইনে গালিগালাজ, হুমকিমূলক বক্তব্য এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমেই বাড়ছে বলে এএফপি নথিভুক্ত করছে।’
আরও পড়ুন: শীতের আগেই ইউরোপে গ্যাসের দাম রেকর্ড, তীব্র হচ্ছে জ্বালানি সংকট
৬৫ বছর বয়সী হেইন্স একজন স্বতন্ত্র আইনপ্রণেতা। সোমবার বিকেলে নিজের গাড়ির পেছনের অংশের কাছে দাঁড়িয়ে থাকার সময় একটি টয়োটা ল্যান্ড ক্রুজার তাকে ধাক্কা দেয়।
ঘটনার পর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন মহল থেকে তার প্রতি সমর্থন ও সহমর্মিতা জানানো হয়েছে। রাজনীতিতে স্বচ্ছতা বাড়ানো ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে কাজ করায় হেইন্স প্রশংসিত হয়েছেন।
বুধবার এবিসি মেলবোর্ন রেডিওকে তিনি বলেন, ‘এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এক প্রজন্ম আগের তুলনায় বিশ্ব এখন আরও বিপজ্জনক ও বিভক্ত।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, অস্ট্রেলীয়রা চান তাদের নির্বাচিত প্রতিনিধিরা স্বাভাবিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। এমনকি তারা যেন নির্বিঘ্নে নিজেদের গাড়ির পেছন থেকে কোনো জিনিস বের করতেও পারেন।’
আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলায় নিহত ২০০ হুথি যোদ্ধা
অভিযুক্তের বিরুদ্ধে হামলার অভিযোগের পর অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান মাইক বার্গেসও সতর্ক করে বলেন, ক্ষোভ, অসহিষ্ণুতা ও রাজনৈতিক মেরুকরণের উচ্চমাত্রা সহিংসতা ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি করছে।
হেইন্স ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি নার্স ও ধাত্রী হিসেবে কাজ করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থানের জন্যও তিনি পরিচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন