০৯:১৬ পি.এম
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এর আগে কয়েক দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (৬ নভেম্বর) আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানায়। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস প্রদান করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন: ঘাসের ডগায় জমছে শিশির, বদলাচ্ছে প্রকৃতি
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্তও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এদিন বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন: দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। পাশাপাশি তাপমাত্রাও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন