ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন


সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ব্যক্তিপর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি উল্লেখ করেন, সরকার এমন নীতি ও আইনি কাঠামো বাস্তবায়নে কাজ করছে, যা দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা দেবে, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করবে এবং প্রত্যেকের মর্যাদা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করবে। উন্মুক্ত পরামর্শ ও সংলাপে সবাই মিলে কাজ করলে সাইবার নিরাপত্তার মূল উদ্দেশ্য বজায় রেখে একটি সুদৃঢ় জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সাইবারফ্রেমস ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, মানুষ প্রতিনিয়ত সাইবার জগতে জালিয়াতি, আর্থিক অনিয়ম, অপতথ্য ও মিসইনফরমেশনের শিকার হচ্ছেন। অসত্য তথ্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি ও মানুষের চরিত্রহননের মতো অপরাধ যেমন ঘটছে, তেমনি এই মাধ্যমকে নারীদের হয়রানি ও অনিরাপদ করার কাজে ব্যবহার করা হচ্ছে। ল্যাপটপ বা মোবাইল ফোনের মতো যেকোনো ডিভাইসে ইন্টারনেটের অপব্যবহার, সংবেদনশীল তথ্য চুরি ও হ্যাকিং রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়ে তিনি টেকনোলজির অনিয়ন্ত্রিত অপব্যবহার বন্ধ করার ওপর জোর দেন।

আয়োজিত প্রতিযোগিতা ও প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রশংসা করে তিনি উল্লেখ করেন, সাইবার অপরাধ ও গোপনীয়তা লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের ভয় না পেয়ে দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে এবং রাষ্ট্রের আইনগত সহায়তা নিতে হবে। এমন ইতিবাচক ও সচেতনতামূলক উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে বলে জানান তিনি।

নর্থ সাউথ ইউনিভার্সিটিকে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিএনপি সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তার আলোকে তৈরি নীতিমালার ওপর ভিত্তি করে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছিল।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের সাহসী অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে

তরুণদের মেধা বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার লক্ষ্য কেবল সার্টিফিকেট প্রদান নয়, বরং পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভাকে বিকশিত করা। শিল্প, সাহিত্য, সঙ্গীত কিংবা পারফর্মিং আর্টসে তরুণদের আগ্রহ ও দক্ষতাকে প্রস্ফুটিত করার পূর্ণ সুযোগ তৈরি করে দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. এ. কাশেম, সদস্য বেনজীর আহমেদ এবং সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না। তিনি উল্লেখ করেন, "আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী।" তিনি বলেন, সকলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে একটি সাম্য, স্বাধীনতা ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কথা বলে। যদি কেউ তার ধর্মীয় অনুশাসন যথাযথভাবে পালন করে, তাহলে সমাজব্যবস্থা আরও সুন্দর ও শান্তিপূর্ণ হয়ে উঠবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ঢাকা ওয়ানগালা ২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‎

ডেপুটি স্পিকার জানান, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত দুর্গাপূজা ছিল অত্যন্ত উৎসবমুখর। তিনি বলেন, "এত আনন্দঘন ও উৎসবমুখর দুর্গাপূজা আগে কখনও এই দেশে পালিত হয়নি।" এর অন্যতম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, "আমরা মানুষের আইনি অধিকার এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার কারণে সকলে পরিপূর্ণভাবে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি।"

‎

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রসিদ্ধ এবং শাণিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন ডেপুটি স্পিকার। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের সকল শ্রেণিগোষ্ঠীকে একত্রিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই দেশে ১০টি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে নেত্রকোণার দুর্গাপুরেও একটি কালচারাল একাডেমি রয়েছে। তিনি জানান, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, আমরা কালচারাল একাডেমির কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে চাই। ঢাকা ওয়ানগালা ২০২৬ এর আয়োজকদের দাবির প্রেক্ষিতে তিনি আশ্বাস প্রদান করেন যে, বনানী এলাকায় একটি কালচারাল একাডেমী এবং একটি গীর্জা প্রতিষ্ঠা করার উদ্যোগ শীঘ্রই গ্রহণ করা হবে।

‎

ডেপুটি স্পিকার জানান, আসন্ন বড়দিন-২০২৬ উদযাপন উপলক্ষে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২ কোটি টাকা অনুদান চেয়েছিলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান ধর্মের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের উৎসবকে আরও প্রাণবন্ত করার জন্য আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি অর্থাৎ ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কায়সার কামাল তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ এমন একজন প্রধানমন্ত্রীর শাসনব্যবস্থাই দেখতে চায়; যিনি এভাবে সকল ধর্মের প্রতি, মানবতার প্রতি এবং বাংলাদেশের মানুষের প্রতি সহানুভূতিশীল থেকে প্রতিটি মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে কাজ করবেন।

‎

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে আমরা একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। তিনি আশা প্রকাশ করেন যে, আমরা অতীতকে ভুলে সকলের অংশগ্রহণে আগামীতে এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে প্রত্যেকের মানবিক মর্যাদা থাকবে, সাম্য প্রতিষ্ঠিত হবে এবং নাগরিক অধিকার নিশ্চিত হবে। গণতন্ত্রকে শাণিত করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখার জন্য তিনি শ্রেণি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

‎

উল্লেখ্য, ওয়ানগালা উদযাপন কমিটি ২০২৬ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়ানগালা ২০২৬ এর নকমা জন দ্রং। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা ওয়ানগালার প্রাক্তন নকমা ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দীপঙ্কর রিছিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন— বাংলাদেশ সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, বাংলাদেশে ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি ড. সুজান ভাইজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আন্দ্রিয় দ্রং, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল এ্যাডভাইজার প্রফেসর ডা. মো. আনোয়ারুল কবির, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউর রহমান ফাহিম, বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান, ঢাকা কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার কর্ণেলিউস কামা, নয়ানগর ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রিপন রিচার্ড সরদার, ঢাকার দি ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মাইকেল গোমেজ এবং গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি হেড বার্টিন গোমেজ।

অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পীকার ঢাকা ওয়ানগালা ২০২৬ এর স্টলসমূহ পরিদর্শন করেন। আলোচনা পর্ব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসবে গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়িক লেনদেনের কথা বলে ৪ লাখ টাকা নিয়ে উধাও, থানায় অভিযোগের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

‎ সুনামগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ব্যবসায়িক লেনদেনের কথা বলে ৪ লাখ টাকা নিয়ে উধাও, থানায় অভিযোগের প্রস্তুতি

‎সুনামগঞ্জে ব্যবসায়িক লেনদেনের কথা বলে নগদ চার লাখ টাকা নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে মো. মোশাহিদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিকাশের ডিএসও মোহাম্মদ রেজাউল করিম বুলবুল তাঁর পাওনা টাকা উদ্ধারে প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন রেজাউল করিম বুলবুল।
‎
‎লিখিত বক্তব্যে তিনি জানান, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজারের মোশাহিদ টেলিকমের মালিক মো. মোশাহিদের সঙ্গে তাঁর প্রায় তিন বছর ধরে নিয়মিত ব্যবসায়িক লেনদেন ছিল। প্রতিদিন তাঁদের মধ্যে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার লেনদেন হতো। দীর্ঘদিনের এই ব্যবসায়িক সম্পর্কের কারণে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছিল।
‎
‎তিনি বলেন, গত ১ নভেম্বর রবিবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টসংলগ্ন টাউন হল এলাকায় মোশাহিদের সঙ্গে তাঁর দেখা হয়। দোকানে গিয়ে বিটুবি (B2B) লেনদেনের মাধ্যমে টাকা পরিশোধ করবেন—এমন আশ্বাসে তাঁর কাছ থেকে নগদ চার লাখ টাকা নেন।
‎
‎কিন্তু টাকা নেওয়ার পর থেকে মোশাহিদ আর বিটুবির মাধ্যমে টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করেন বুলবুল। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মোশাহিদ টেলিকমে গিয়ে দোকান বন্ধ দেখতে পান।
‎
‎বুলবুল আরও জানান, মোশাহিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও ওই দিন থেকে মোশাহিদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানান। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান কিংবা টাকা ফেরতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
‎
‎সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, একজন সাধারণ চাকরিজীবী হিসেবে তাঁর কাছে চার লাখ টাকা অনেক গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের ব্যবসায়িক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে তিনি ওই টাকা দিয়েছিলেন। বর্তমানে টাকা ফেরত না পেয়ে চরম আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
‎
‎তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সুনামগঞ্জ সদর থানার পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন। আগামীকাল লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
‎
‎একই সঙ্গে আদার বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি মোশাহিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে অনুরোধও করেন তিনি।
‎
‎সংবাদ সম্মেলনে রেজাউল করিম বুলবুল বলেন, তিনি কাউকে হয়রানি বা অপপ্রচার করতে চান না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁর কষ্টার্জিত চার লাখ টাকা ফেরত পাওয়াই তাঁর মূল প্রত্যাশা। এ জন্য তিনি প্রশাসন, পুলিশ, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত মোশাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর মোবাইল বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা

রাজশাহী কালেক্টরেট মাঠে বিভাগীয় বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। তবে সেই তুলনায় বই বিক্রি কম। শুরুর দুই দিনের বৃষ্টিতে ক্ষতির পাশাপাশি পরবর্তী দিনগুলোতেও বিক্রি আশানুরূপ না হওয়ায় হতাশ প্রকাশক ও বিক্রেতারা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে গত ২৯ অক্টোবর শুরু হয়েছে বিভাগীয় গ্রন্থমেলা-২০২৬। ৮০টি স্টলের এ মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। তবে প্রথম দুই দিন টানা বৃষ্টিতে মেলার কার্যক্রম প্রায় বন্ধ ছিল।
জাতীয় সাহিত্য প্রকাশের ব্যবস্থাপক কাব্য রাসেল বলেন, গত চার দিনে তাঁদের স্টলে মাত্র সাড়ে তিন হাজার টাকার বই বিক্রি হয়েছে। হাওলাদার প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি সেলিম হাওলাদারও জানান, দর্শনার্থী বেশি হলেও বই কেনার আগ্রহ কম। তবে অনন্যা প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি মোঃ কামাল হাসান বলেন, তাঁদের স্টলে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক বই বিক্রি হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর মেলায় ৩ লাখ ৪৩ হাজার ৮৪২ টাকার বই বিক্রি হয়। ১ নভেম্বর তা কমে ২ লাখ ৭০ হাজার ৭৫০ টাকায় দাঁড়ায়। ২ নভেম্বর বিক্রি বেড়ে হয় ৪ লাখ ৩ হাজার টাকা।
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। স্টল মালিকেরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও তা বাস্তবায়নের সম্ভাবনা কম।
শুক্রবার সকালে মেলায় আসা অগ্রণী স্কুল এন্ড কলেজের প্রিন্সিসিপাল মোঃ সাইফুল ইসলাম চাঁদ বলেন, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থী মোসাঃ মিতু খাতুন মেলার স্থান নির্বাচন ও প্রচার-প্রচারণা নিয়ে অসন্তোষ জানান। তাঁর মতে, উপযুক্ত স্থান নির্বাচন ও প্রচার বাড়ালে আরও বেশি পাঠক আসবেন।
এদিকে কয়েকজন দর্শনার্থী বইয়ের দাম বেশি বলেও অভিযোগ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


রাজশাহীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১
রাজশাহী নগরীতে একই পরিবারের দুই ভাইকে অপহরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগে মোঃ হামিদুর রহিম পাপ্পু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার পাঁচটি অ্যাপ এবং জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার এমডিসি ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার পাপ্পু রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৯ অক্টোবর রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর এলাকার গ্রীন সিটি হাসপাতালের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে থেকে মোঃ ওমর ফারুক ও তার ভাই মোঃ মেহেদী হাসানকে পাপ্পুসহ তিনজন জোরপূর্বক একটি আবাসিক হোটেলের কক্ষে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মেহেদীর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩৯০ টাকা স্থানান্তর করা হয়।
অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোন ফেরত দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। একপর্যায়ে মেহেদীর হাতে দুটি ইয়াবা দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং ভিডিও ধারণ করে ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দেওয়া হয়। পরে ১২ হাজার টাকা নিয়ে একটি ফোন ফেরত দেওয়া হলেও বাকি ৮ হাজার টাকা দিলে অন্য ফোনটি ফেরত দেওয়ার কথা জানানো হয়।
এ ঘটনায় ওমর ফারুক রাজপাড়া থানায় পাপ্পুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পাপ্পুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার পাঁচটি অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে একটি এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যও মিলেছে। জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের সঙ্গে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার পাপ্পুর বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে রাজপাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%