শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৮ পি.এম
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন যে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি উল্লেখ করেন, কিয়েভের নাৎসি শাসনের প্রতি ইউরোপের সমর্থন অত্যন্ত লজ্জাজনক। ল্যাভরভের মতে, পশ্চিমা দেশগুলো সক্রিয়ভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা রাশিয়ার কথিত হুমকি নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বৃহস্পতিবার তিনি ইন্টারন্যাশনাল রুশোফাইল মুভমেন্টের ষষ্ঠ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।
ল্যাভরভ বলেন, রাশিয়া বহিরাগত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ জবাব দেওয়ার পথ খুঁজে নেবে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হল :
পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি : পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে এবং একই সঙ্গে রাশিয়ার কথিত হুমকির মিথ ছড়িয়ে দিচ্ছে।
ল্যাভরভ বলেন, “আজ অধিকাংশ পশ্চিমা দেশের শাসকগোষ্ঠী রাশিয়ার কাছ থেকে আসা হুমকির মিথ ছড়িয়ে দিতে চাইছে। একই সঙ্গে তারা আমাদের দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে ইউরোপীয় মূল্যবোধ ধ্বংসের অভিযোগও করছে। কিন্তু এসব মূল্যবোধ আসলে কী, তা আমরা দেখতে পাচ্ছি।”
তিনি বলেন, কথিত ‘ইউরোপীয় মূল্যবোধ’-এর অর্থ একটাই— ‘ইউরোপ আবারও নাৎসিবাদকে সমর্থন করতে প্রস্তুত’।
রাশিয়া চ্যালেঞ্জের জবাব দেবে : ল্যাভরভ বলেন, নিরাপত্তা, উন্নয়ন ও নাগরিকদের কল্যাণের ক্ষেত্রে রাশিয়ার সামনে যেসব বহিরাগত চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর যথাযথ জবাব দেওয়ার পথ মস্কো অবশ্যই খুঁজে নেবে। তিনি বলেন, “যারা এসব কর্মকাণ্ডের উদ্যোগ নিচ্ছে, তারা অবশ্যই দায়িত্বহীন রুশবিরোধী পদক্ষেপের পরিণতির জন্য দায়ী থাকবে।”
ইউরোপে ‘নাৎসিবাদের ক্যান্সার’ : ল্যাভরভ দাবি করেন, ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানিতে ‘নাৎসিবাদের ক্যান্সার দৃশ্যমান হয়ে উঠছে। তিনি বলেন, “ইউক্রেনের প্রকাশ্য নাৎসি শাসনকে সমর্থনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি জার্মানিতেও নাৎসিবাদের ক্যান্সার দৃশ্যমান হয়ে উঠেছে। এটি অবশ্যই অত্যন্ত গুরুতর সতর্কবার্তা।” কিয়েভের নাৎসি শাসনের প্রতি ইউরোপের সমর্থনকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “ইউক্রেন ইউরোপীয় মূল্যবোধ রক্ষা করছে—এ কথা পশ্চিমা দেশগুলো যে গর্বের সঙ্গে বলছে, সেটি পশ্চিমের জন্য লজ্জাজনক।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ : ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী। এ ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্থক্য রয়েছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইউরোপীয় অভিজাতদের থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। তারা কথা বলতে প্রস্তুত। এমনকি অবস্থান সম্পূর্ণ বিপরীত হলেও আলোচনায় বসা সবসময় গুরুত্বপূর্ণ।”
ল্যাভরভ বলেন, “যারা আন্তরিকভাবে আলোচনা করতে চায়, আমরা সবসময় তাদের সঙ্গে কথা বলি। শুধু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে পশ্চিমা দেশগুলো প্রতিদিন রাশিয়ার বিরুদ্ধে যে নিন্দা জানায়, তা পুনরাবৃত্তি করার জন্য আসার কোনো প্রয়োজন নেই। শুধু নিন্দা জানাতে আসার দরকার নেই। তবে আমরা সবসময় আন্তরিক সংলাপের জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রও আমাদের সঙ্গে ঠিক এভাবেই আচরণ করছে।”
তিনি উল্লেখ করেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ অব্যাহত থাকলেও দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে এর এখন পর্যন্ত কোনো বাস্তব প্রভাব পড়েনি এবং অদূর ভবিষ্যতেও তেমন কোনো প্রভাব প্রত্যাশিত নয়।
রাশিয়ার বিরুদ্ধে তথ্যযুদ্ধ : ল্যাভরভ বলেন, আসন্ন স্টেট ডুমা নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা প্রচারণার বড় ধরনের ঢেউ চলছে। তিনি বলেন, “আসন্ন স্টেট ডুমা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আমাদের বিরুদ্ধে ব্যাপক ও আগ্রাসী অপপ্রচার চালানো হচ্ছে।”
রুশভাষীদের অধিকার নিয়ে কোনো আপস নয় : ইউক্রেন সংকটের সমাধানে রুশভাষী জনগোষ্ঠীর অধিকার নিয়ে কোনো ধরনের দর-কষাকষির সুযোগ নেই বলে মন্তব্য করেন ল্যাভরভ। তিনি বলেন, “যেসব বাধ্যবাধকতা সবাই গ্রহণ করেছে এবং পালন করতে বাধ্য, তা নিয়ে কোনো দর-কষাকষি হতে পারে না। কিন্তু পশ্চিমারা কিয়েভ শাসনকে সবকিছুতেই ছাড় দিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, জাতিসংঘ সনদে বর্ণিত আঞ্চলিক অখণ্ডতার নীতিকে পশ্চিমারা একমাত্র নীতি হিসেবে সমর্থন করে। কিন্তু সনদে আরও অনেক বিষয় রয়েছে, যার মধ্যে রয়েছে জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার। ল্যাভরভ বলেন, “জাতিসংঘ সনদের প্রথম অনুচ্ছেদেই এমন নিশ্চয়তার কথা বলা হয়েছে, যা সনদে স্বাক্ষরকারী সব সদস্য রাষ্ট্রকে দিতে হবে—জাতি, লিঙ্গ, ভাষা ও ধর্ম নির্বিশেষে মানবাধিকারের প্রতি সম্মান।” সূত্র : তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী শাহ মো. তৌফিকুল ইসলাম তৌফিক (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় স্থানীয় পুলিশ সূত্র জানায়, তৌফিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ব্যস্ততম কিংস ক্রস রেলওয়ে স্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন ঘটার কারণে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজ সকালে স্টিভেনেজ (Stevenage) এবং ফিন্সবেরি পার্কের (Finsbury Park) মধ্যবর্তী লাইনে বিদ্যুৎ বিভ্রাটের ফলে লন্ডনে আসা এবং লন্ডন থেকে ছেড়ে যাওয়া একাধিক ট্রেনের রুট বাতিল ও মারাত্মকভাবে বিলম্বিত হচ্ছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল রেল সূত্র জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকার কারণে গ্রেট নর্দার্ন (Great Northern), এলএনইআর (LNER), থেমসলিংক (Thameslink), লুমো (Lumo), গ্র্যান্ড সেন্ট্রাল এবং হাল ট্রেনসের (Hull Trains) মতো প্রধান রেল অপারেটরদের পরিষেবা ব্যাহত হয়েছে।
ন্যাশনাল রেল জানিয়েছে, লাইনে বিদ্যুৎ না থাকায় ধারণক্ষমতার তুলনায় অনেক কম ট্রেন চালানো সম্ভব হচ্ছে। এর ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট বাতিল করা হয়েছে এবং অন্যান্য ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। স্টিভেনেজ থেকে লন্ডনের দিকে আসা ট্রেনগুলোতে অন্তত ২০ মিনিট বা তার বেশি বিলম্বের পূর্বাভাস দেওয়া হয়েছে।
লন্ডনের এই ব্যস্ততম রেল সংযোগে বিঘ্ন ঘটায় সাধারণ যাত্রী এবং কর্মস্থলে যাওয়া হাজার হাজার পথচারী চরম ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদেরকে তাদের নির্ধারিত সময়ের অন্তত ৪৫ মিনিট আগে বের হতে এবং প্রয়োজনে বিকল্প ট্রেন বা আন্ডারগ্রাউন্ড (টিউব) পরিষেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের জন্য সুনির্দিষ্ট কিছু বিকল্প রুটে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট ব্যবহারের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে নেটওয়ার্ক রেল ও স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী দলগুলো সমস্যাটি দ্রুত সমাধানের জন্য ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুরো সময়জুড়ে রেল পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে মোঃ সৌরভ প্রধান ইমরান নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাকাই কলেজপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোঃ সৌরভ প্রধান ইমরান ওই এলাকার মোঃ গোলজার প্রধানের পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে সৌরভ পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার দোয়া চেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী একটি জনপ্রিয় সৈকতে সাঁতার কাটার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাঙরের হামলায়। শুক্রবার সকালে সোরেন্টো সৈকতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপকূলের কাছে সাঁতার কাটার সময় হাঙর ওই ব্যক্তিকে কামড় দেয়। পরে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর পুলিশ হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করে সমুদ্রে তল্লাশি শুরু করে। নিরাপত্তার কারণে সোরেন্টো এবং এর আশেপাশের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সার্ফ লাইফ সেভিং ডব্লিউএ জানায়, সৈকত থেকে প্রায় ৫০ মিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কোন প্রজাতির হাঙর জড়িত ছিল, তা এখনও জানা যায়নি।
এ বছর অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় এটি চতুর্থ মৃত্যুর ঘটনা। এই সপ্তাহেই পশ্চিম অস্ট্রেলিয়ার গ্লেনফিল্ড সৈকতে হাঙরের হামলায় একজন ব্যক্তি গুরুতর আহত হন এবং তার পায়ের একটি অংশ হারান। জানুয়ারিতে সিডনি হারবারে হাঙরের কামড়ে ১২ বছর বয়সী এক বালক মারা যায়। এছাড়া মে ও জুন মাসে পৃথক তিনটি হাঙরের হামলায় তিনজন ডুবুরি নিহত হন। জুন মাসে সিডনির একটি সৈকতে হাঙরের হামলায় একজন নারীও গুরুতর আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ