ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি


দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) উদ্যোগে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার প্রথম তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক, যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান মাজহারুল মান্নানসহ রংপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

সাংবাদিক সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনে আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, লটকনসহ বিভিন্ন মৌসুমি দেশীয় ফল পরিবেশন করা হয়।

সাংবাদিক সমিতির সদস্য ইউনুস রাতুল বলেন, “ফল উৎসব সত্যিই চমৎকার একটি আয়োজন। সাবেক ও বর্তমান সদস্যদের একসঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। এমন আয়োজন প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হোক।”

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক বলেন, “ফলের মিষ্টি স্বাদ যেমন মানুষকে আনন্দ দেয়, তেমনি এমন আয়োজন বন্ধু ও প্রিয়জনদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম বলেন, “ভাজাপোড়া খাবারে পুষ্টিগুণ কমে যায়, এমনকি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। সে তুলনায় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার বার্তা দিতে সাংবাদিক সমিতির এই উদ্যোগ প্রশংসনীয়।”

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক বলেন, “সাংবাদিকরা যেমন তাদের প্রতিবেদনের মাধ্যমে রুচিশীলতার পরিচয় দেন, তেমনি আজকের ফল পরিবেশন ও আয়োজনেও সেই রুচির প্রকাশ ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সাংবাদিক সমিতি অতীতের মতো ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিষাক্ত ক্যাপসুল বিলিয়ে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪৫ এম


বিষাক্ত ক্যাপসুল বিলিয়ে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা!

ভারতের মুম্বাইয়ে মহররমের শোকযাত্রাকে লক্ষ্য করে ভয়াবহ নাশকতার পরিকল্পনা ভণ্ডুল করেছে পুলিশ। বিষাক্ত জিঙ্ক ফসফাইড মিশিয়ে হাজারো মানুষের মধ্যে ক্যাপসুল বিতরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের লক্ষ্য ছিল অন্তত ১৫ হাজার মানুষকে হত্যা করা।

পবিত্র আশুরা উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে অংশ নেয় মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। সবাই যখন এসব নিয়ে ব্যতিব্যস্ত, তখন ভিড়ের মধ্যে মিশে যান এক যুবক। উদ্দেশ্য বিষাক্ত ক্যাপসুল খাইয়ে হাজারো মানুষকে হত্যা করা।

শুনতে সিনেমার স্ক্রিপ্টের মতো মনে হলেও ভারতে ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা। গেল শুক্রবার (২৬ জুন) বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় মহররম ঘিরে আশুরার শোকযাত্রায় অংশ নেয়া মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিলি করার সময় ফাইয়াজ প্রেমজি নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। ওই ব্যক্তি ব্যথানাশক ও রোগপ্রতিরোধক ওষুধ বলে ক্যাপসুলগুলো বিতরণ করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মুম্বাই পুলিশের দাবি, আটককৃত ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ হাজার ক্যাপসুল উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি আরও ৩০ হাজার খালি ক্যাপসুল এবং ৫০ কেজি ফসফরাস অর্ডার দিয়েছিল। ওই ক্যাপসুলে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক জিঙ্ক ফসফাইড মেশানো ছিল। যা বিষাক্ত ফসফিন গ্যাস তৈরির মাধ্যমে হৃদ্‌যন্ত্র, ফুসফুস, যকৃত, কিডনি ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে থাকে।

এরই মধ্যে ওই ক্যাপসুল সেবনের পর অন্তত ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সবাই বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার সময় তিন নারী স্বেচ্ছাসেবকের উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের একজন অভিযুক্তের আচরণ সন্দেহজনক মনে হলে অন্যদের সতর্ক করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। একই সময়ে লাউডস্পিকারে ঘোষণা দিয়ে উপস্থিত মানুষকে ওই ক্যাপসুল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়।

স্থানীয় আদালত শনিবার অভিযুক্তকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অন্তত ১৫ হাজার মানুষকে হত্যার উদ্দেশ্য ছিল বলে স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। একইসঙ্গে তদন্তে তার ইরান ও ইরাক সফরের তথ্যও উঠে এসেছে। এ ঘটনায় বিষ প্রয়োগের অভিযোগে মামলা করা হয়েছে। পাশাপাশি এর পেছনে কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪৫ এম


ব্রাহ্মণবাড়িয়া ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুলিশের একটি অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববারের দিন, ২৮ জুন, বিকেলের সময় উপজেলার টিআলী মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের কর্মকর্তারা জানাচ্ছেন, বিকেল সাড়ে ৫টার দিকে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে কসবা থানাধীন টিআলী মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ঢাকা বেকারির সামনে পাকা সড়কের ওপর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তির নাম মো. খোকন মিয়া, বয়স ৪৮ বছর। তিনি কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিমরাইল (সাতপাড়া) গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে হিসেবে পরিচিত।

পুলিশের সূত্রগুলি জানাচ্ছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষিকার স্থায়ী চাকরিচ্যুতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪৬ এম


নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষিকার স্থায়ী চাকরিচ্যুতি

সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং নৈতিক স্খলনের অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান একটি অফিস আদেশে রোববার (২৮ জুন) এ তথ্য জানান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। উল্লিখিত সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে, বিশ্ববিদ্যালয় থেকে গৃহীত অর্থও তাকে ফেরত দিতে হবে।

এর আগে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৩তম রিজেন্ট বোর্ড সভার ৪৩/৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং শৃঙ্খলা বোর্ডের সুপারিশ পর্যালোচনা করা হয়। পরে রিজেন্ট বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করেন যে, সরকারি চাকরিবিধি লঙ্ঘনসহ নৈতিক স্খলনজনিত অভিযোগে তিনি সন্দেহাতীতভাবে অভিযুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪৭ এম


নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

প্রবাসে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্রীড়াচর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (NDCAAA) উদ্যোগে NDCAAA ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ গত ২৮ জুন রবিবার সিডনির ক্যাম্পবেলটাউনে অবস্থিত A1 Badminton Centre-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ এই দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এবং তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পাশাপাশি পুরো আয়োজনটি প্রবাসী অ্যালামনাইদের এক প্রাণবন্ত পুনর্মিলনীতে পরিণত হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মজুমদার (পুলক)। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং অ্যালামনাইদের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি টুর্নামেন্টকে সফল করতে উপস্থিত অংশগ্রহণকারী, অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের অসাধারণ নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দর্শকবৃন্দকে মুগ্ধ করেন।

টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী কাপ বিভাগে চ্যাম্পিয়ন হন রেদোয়ান আহমেদ ও ফারুক হোসেন। রানার-আপ হন আশিক আহমেদ ও জহিরুল হক। প্লেট বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন সালাউদ্দিন শাহরিয়ার এবং মুহাম্মাদ ফারুকুজ্জামান। রানার-আপ হয়েছেন রিয়াদ জামান ও মোহাম্মদ নাসের। টুর্নামেন্ট শেষে বিজয়ী এবং রানার-আপদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিডনি প্রতিদিন-এর সম্পাদক নাইম আবদুল্লাহকে সংগঠনের সভাপতি সায়মন হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মজুমদার (পুলক) সম্মাননা মেডেল পরিয়ে দেন।

সমাপনী বক্তব্যে NDCAAA-এর সভাপতি সায়মন হোসেন সকল খেলোয়াড়, তাঁদের পরিবার, উপস্থিত অ্যালামনাই সদস্য, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও আয়োজক কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি এবং ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%