১০:৪৫ পি.এম
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে চার পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে, যাদের মধ্যে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডারও রয়েছে। এই ঘটনা সোমবার (১২ অক্টোবর) পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরের বিপরীত দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সাতওয়াল-নাকি এলাকায় ঘটে। ঘটনার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কড়াকড়ি সতর্কতা জারি করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, নিহত সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন লস্কর কমান্ডার মোহাম্মাদ ফয়জান, মোহাম্মাদ ইশতিয়াক, মোহাম্মাদ ওয়াকাস এবং মোহাম্মাদ অসীম। এরা সবাই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের হাজিরা তহসিলের বাসিন্দা।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মতে, সাতওয়াল-নাকি এলাকা একটি পরিচিত অনুপ্রবেশ রুট হিসেবে পরিচিত। সোমবার ভোরে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে এই চার সন্ত্রাসী ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল। তবে সীমান্তে পাতা একটি ল্যান্ডমাইন বা আইইডি বিস্ফোরণের কবলে পড়ে তারা। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: লেবাননে চিকেন স্যান্ডউইচ: ধনী-গরিবের ব্যবধানের প্রতীক
এই ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুরো সেক্টর জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত চৌকিগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে এই ঘটনার সুযোগ নিয়ে অন্য কোনো সন্ত্রাসী দল অনুপ্রবেশ করতে না পারে। সীমান্তে যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ রোধ করতে অতিরিক্ত সেনা মোতায়েন এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন