ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট


তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত এ আদেশ দেন। মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ২০২৪ সালের আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেছেন। ডেভিড ইমনের বিরুদ্ধে সিএমপিতে মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো. মুসা। মামলার অন্য আসামিরা হলেন,সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলাল। তাহসিন ইট ও বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন তিনি। ঘটনার দিন বিকেল সোয়া ৪টার দিকে মজুতের জন্য সেখানে এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে সেখানে এসে তাহসিনকে গুলি করে চলে যায়।

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ দাবি করেছে, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভকারীদের নিয়ে আগাম তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ দিল্লি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৬ এম


বিক্ষোভকারীদের নিয়ে আগাম তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ দিল্লি পুলিশের

দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের সম্পর্কে একটি আগাম তথ্যভাণ্ডার তৈরি করার পরিকল্পনা করছে

এই উদ্যোগের মাধ্যমে পুলিশ বিক্ষোভের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে

পুলিশের কর্মকর্তারা জানান, এই তথ্যভাণ্ডার বিক্ষোভকারীদের পরিচয়, তাদের গতিবিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে

এটি পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে

বিক্ষোভের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য এই তথ্যভাণ্ডার ব্যবহার করা হবে

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের সঙ্গে ডিআইজি পদায়নের সম্পর্ক নেই: আরপিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৪ এম


মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের সঙ্গে ডিআইজি পদায়নের সম্পর্ক নেই: আরপিএমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন নিয়ে বিভ্রান্তি দূর করতে সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার পদায়নটি সম্পূর্ণ প্রশাসনিক ও পূর্বনির্ধারিত আদেশ; মাছুয়াপাড়ায় সংঘটিত একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (২৫ আগস্ট) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ করেন আরপিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে মাছুয়াপাড়ার ৪ হত্যাকাণ্ডের জেরে বা তাকে সরিয়ে দিয়ে অন্য কর্মকর্তা পদায়ন করা হয়েছে, যা তথ্যগতভাবে সঠিক নয়।

প্রকৃতপক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গত ১২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে তাকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়। আর মাছুয়াপাড়ার নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এর প্রায় ১০ দিন পর, অর্থাৎ ২২ আগস্ট। ফলে হত্যাকাণ্ডের কারণে তাকে সরিয়ে দেওয়ার খবরের কোনো ভিত্তি নেই।

আরপিএমপি মিডিয়া সেল আরও জানায়, দায়িত্ব থাকাকালীন কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সুদৃঢ় নেতৃত্ব ও তদারকির কারণে চাঞ্চল্যকর মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত অগ্রগতি অর্জিত হয়েছে। ঘটনার পরপরই আলামত জব্দসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ অনুরোধ জানিয়ে বলে, পূর্বনির্ধারিত সরকারি সিদ্ধান্তকে হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকা উচিত। জনআস্থা অক্ষুণ্ন রাখতে গণমাধ্যমগুলোকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছে আরপিএমপি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মু. মাহবুবুর রশিদকে।

এ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে আরপিএমপির সাবেক পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

উল্লেখ্য, ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল আরপিএমপি কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন এবং গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিনদিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:০০ এম


তিনদিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। যাত্রাকালে বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিমানবন্দর আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।

এছাড়া, আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালাল বিএসএফ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:১০ এম


সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালাল বিএসএফ সদস্য

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফের সদস্যরা।

পরে বিজিবির কাছে জমা দেওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৯০৭-এর ২ নম্বর উপপিলারের কাছে বাংলাদেশের অংশে কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের টহল দলের তিন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন বলে স্থানীয়দের অভিযোগ।

কৃষকদের সঙ্গে বিএসএফ সদস্যদের তর্কাতর্কির একপর্যায়ে মারধর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশি কৃষকেরা বিএসএফ সদস্যদের একটি শর্টগান ধরে ফেলেন বলে স্থানীয়রা জানান। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট ফেলে ভারতের অভ্যন্তরে চলে যান।

পরে স্থানীয়রা অস্ত্র ও ওয়াকিটকি সেটগুলো বিজিবির বনচৌকি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শরিফুল ইসলামের কাছে জমা দেন।

ঘটনার পর মঙ্গলবার রাতে সীমান্তের কাছাকাছি এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম। ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মনোজ কুমার।

বৈঠকে বিজিবি বিএসএফের কাছে দুটি শর্টগান ও ওয়াকিটকি সেট হস্তান্তর করে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের কৃষিকাজে হস্তক্ষেপ না করা, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়। বিএসএফও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষক লিটন মিয়া (৩৫) বলেন, তার বাবা ও ভাই সীমান্তের জমিতে কাজ করছিলেন। দুপুরে তাদের খাবার দিতে তার মা সেখানে যান। পরে তিনি মাকে ডাকতে যাওয়ার সময় কয়েকজন বিএসএফ সদস্যকে বাংলাদেশের জমির ওপর দিয়ে আসতে দেখেন।

লিটনের ভাষ্য, তিনি বিএসএফ সদস্যদের বাংলাদেশে প্রবেশের কারণ জানতে চাইলে তারা তাকে মারধর করে মাটিতে ফেলে দেয়। এ সময় তিনি একজনের রাইফেলের মাথা ধরে ফেলেন। পরে তার বাবা ও ভাই এসে তাকে ছাড়িয়ে নেন। এরপর বিএসএফ সদস্যরা অস্ত্র ও ওয়াকিটকি ফেলে চলে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%