বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১১ পি.এম
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মিলটন চন্দ্র পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীর বহরসহ পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ জানান, জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী ব্যাধি। মূলত ক্ষিপ্ত পথ কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ মানুষের দেহে ছড়ায়। গণটিকা প্রদানের ফলে কমিউনিটিতে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীর কল্যাণ নিশ্চিত করতেই সরকারি উদ্যোগে এই বিশেষ আয়োজন। আগামী তিন দিনে বাকেরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে দুই শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে।
জলাতঙ্কমুক্ত পৌরসভা গঠনে নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় ও কোরআনের প্রতি গভীর ভালোবাসার স্বীকৃতি হিসেবে পবিত্র কোরআন তিলাওয়াতের ‘রেওয়ায়েতে হাফস আন আসেম’-এর সনদ অর্জন করেছেন রামগতি-কমলনগরের কৃতি সন্তান হাফেজ নাসরুল্লাহ।
মিসরের রাজধানী কায়রোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের বিশিষ্ট আলেম ও ক্বারী ড. শোয়াইব আল-আজহারী (হাফি.), যাঁর কাছে হাফেজ নাসরুল্লাহ বিখ্যাত ক্বারী আসিম ইবনে আবি আল-নাজুদ (রহ.)-এর ‘রেওয়ায়াতে হাফস আন আসেম’ অনুসারে পবিত্র কোরআনের ৩০ পারার পূর্ণ খতম শুনিয়েছেন।
কায়রোর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল লতিফ ওয়াহদান (হাফি.)। এছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপকসহ বিভিন্ন দেশের একঝাঁক আন্তর্জাতিক ক্বারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেওয়ায়েতে হাফসের সনদ অর্জন কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। দীর্ঘ সময় ধরে নির্ভুল তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট কিরাআতের নিয়ম-কানুন অনুসরণ করে সাধনার পর এ সনদ অর্জন করেন হাফেজ নাসরুল্লাহ।
সনদ লাভের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, তার স্বপ্ন ‘আকাশছোঁয়া’। সেই স্বপ্ন পূরণের দীর্ঘ পথচলায় প্রিয়জন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া তার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
তিনি বলেন, জীবনের প্রতিটি অর্জনের পেছনে আল্লাহর রহমত, শিক্ষকদের দিকনির্দেশনা এবং প্রিয় মানুষদের দোয়া রয়েছে। ভবিষ্যতের পথচলায়ও তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
কোরআনের তিলাওয়াত ও ইলমের এই পথচলায় নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন হাফেজ নাসরুল্লাহ। তার এই অর্জন সামনে আরও বৃহৎ স্বপ্ন পূরণের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে—এমন প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষীদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে কাউখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে মিজ রেহেনা আক্তারের নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মহানগরের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন চিশতীকে দেখতে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে যান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
হাসপাতালে গিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আহত মোহাম্মদ আব্বাস উদ্দিন চিশতীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান।
হাসপাতালে অবস্থানকালে ববি হাজ্জাজ আব্বাস উদ্দিন চিশতীর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও আহত বিএনপি নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অতীতে এই মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলায় বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থানও কঠোর। ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলেই সমন্বিতভাবে কাজ করছে। এ সময় তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।
পরে প্রতিমন্ত্রী বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় বরিশাল পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ