০৫:১৮ পি.এম
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মন্তব্য করেছেন যে, জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ। তিনি উল্লেখ করেছেন, জনগণের সমর্থন ও তাদের সঙ্গে ঐক্য ছাড়া কোনো সামরিক বাহিনী তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম নয়।
বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা জাতীয় বীর মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট হলেও জনসংখ্যা বিশাল। কিন্তু চারপাশে শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র দ্বারা বেষ্টিত থাকার কারণে দেশটি ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ। তার মতে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ১৯৭১ সাল থেকেই বাংলাদেশকে করদ রাষ্ট্র হিসেবে দেখার অভ্যাস গড়ে তুলেছে এবং সেই উদ্দেশ্য এখনও রয়ে গেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে আমাদের প্রতিরোধ করতে হলে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন। এটি একটি ফান্ডামেন্টাল বিষয়।
আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার
দ্বিতীয় মৌলিক শর্ত হিসেবে জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্য অপরিহার্য। কারণ, যে সামরিক বাহিনী জনগণের সমর্থন পাবে না, সেই বাহিনী তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে না। দুর্ভাগ্যবশত, বিভিন্ন ঘটনার মাধ্যমে সামরিক বাহিনীর সঙ্গে জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, এই দূরত্ব দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। যত দ্রুত সম্ভব এই দূরত্ব মিটিয়ে ফেলতে হবে।
জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্বকে দেশের সার্বভৌমত্বের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেন মাহমুদুর রহমান। তিনি দ্রুত এই দূরত্ব ঘোচানোর আহ্বান জানান। দূরত্ব তৈরির পেছনে কিছু ঐতিহাসিক কারণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ১/১১-এর মাধ্যমে জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিচ্ছিন্নতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার দেড় দশকে এই দূরত্ব আরও বেড়েছে। সামরিক বাহিনীর কিছু উচ্চাভিলাষী অফিসারদের মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার কারণে এই দূরত্ব সৃষ্টি হয়েছে।
মাহমুদুর রহমান সেনাবাহিনীর উদ্দেশে বলেন, অনেক অফিসার ভুল করেছেন। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে কিছু কর্মকর্তা ও রাজনীতিবিদকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে দেশ ছেড়ে পালাতে সাহায্য করা হয়েছে। এটি সেনাবাহিনীর একটি ভুল ছিল এবং এ ভুলের পুনরাবৃত্তি না হওয়া উচিত।
বাংলাদেশের ইতিহাস নিয়ে বিভ্রান্তি তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ইতিহাসচর্চা এমনভাবে চলছে যেন ১৯৭১ সালের আগে এই ভূখণ্ডের কোনো ইতিহাস ছিল না। তিনি অভিযোগ করেন, একজন ব্যক্তি ও একটি পরিবারকে মহিমান্বিত করতেই ১৯৭১ সালের গল্প শেখানো হয়েছে। অথচ এই অঞ্চলের ইতিহাস হাজার বছরের পুরোনো। প্রকৃত ইতিহাস রচনা করতে হলে মেজর গণির মতো ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া প্রয়োজন। সামরিক বাহিনীকে দেশপ্রেমে উজ্জীবিত করতেও এ ধরনের ব্যক্তিদের জীবনী নিয়মিত চর্চা করা উচিত।
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
সভায় সিপাহি বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চট্টগ্রামের মুসলমান সৈনিক রজব আলী এই বিপ্লবের সূচনা করেছিলেন। কিন্তু তার নাম কয়জন জানে, কিংবা কোথায় তাকে সম্মান দেওয়া হয়েছে—এমন প্রশ্নও তোলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে তৈরি হয়নি, এটি হাজার বছর ধরে তৈরি হয়েছে। মুসলমানদের জন্য এই উপমহাদেশে একটি স্বাধীন দেশ আগেই গড়ে উঠেছিল এবং ১৯৭১ সালে বাঙালি মুসলমানদের জন্য আবার একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই ইতিহাস অবিরাম চর্চা হওয়া দরকার।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, জাতীয় ও রাজনৈতিক অঙ্গনে মেজর গণির মতো বীরদের স্মরণ করার উপযুক্ত আয়োজন হয় না। কেবল সেনাবাহিনী ও রাওয়া ক্লাব প্রতিবছর আনুষ্ঠানিকতা পালন করে। জাতীয় ইতিহাস ও সমরাভিজ্ঞতাকে স্বতন্ত্র রূপ দিতে যার ভূমিকা শীর্ষে, তাকে জাতীয় পর্যায়ে এক প্রকার ‘আনসাং হিরো’ বানিয়ে রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে বাঙালি মুসলিম সৈন্যদের অবিস্মরণীয় বীরত্বের ধারাবাহিকতায় মেজর গণি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের উদ্যোগ নেন। তিনি এই বাহিনীর নাম ‘ইস্ট পাকিস্তান রেজিমেন্ট’ না রেখে ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’ রেখেছিলেন, যা পূর্ব বাংলার ইতিহাস, গৌরব ও ঐতিহ্যকে বজায় রাখতে সাহায্য করেছিল। মেজর গণির অবদান কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা ছিল বাঙালি মুসলিম জাতির গৌরবের ধারাবাহিকতা। এ সময় কুমিল্লা সেনানিবাসের নাম ‘মেজর গনি সেনানিবাস’ রাখার জোর দাবি জানান শওকত মাহমুদ।
স্বাগত বক্তব্যে রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হক বলেন, মেজর গণি কুমিল্লার নাগাইশ গ্রামে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৭ সালে পূর্ব বাংলায় শিক্ষার হার ছিল মাত্র ৫ শতাংশ এবং সামাজিক নানা প্রতিকূলতা বিদ্যমান ছিল। সেই পরিস্থিতি থেকে উঠে এসে তিনি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় পূর্ব বাংলায় নিজস্ব কোনো সামরিক কাঠামো ছিল না। সেই কঠিন সময়ে মেজর গণি রিক্রুটিং অফিসার হিসেবে ঘুরে ঘুরে বাঙালি যুবকদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করেন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনেও ভূমিকা রাখেন।
আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আবদুল হক আরও বলেন, পাকিস্তানি উচ্চপদস্থ সেনাকর্তা ও জিওসিদের সামনেও তিনি ন্যায়সংগত ও ভাষার দাবিগুলো স্পষ্ট এবং সাহসের সঙ্গে তুলে ধরতেন, যা তার সামরিক ক্যারিয়ারে পদোন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও তিনি নীতির সঙ্গে আপস করেননি। বর্তমান প্রজন্মের কাছে, এমনকি সামরিক বাহিনীর অনেকের কাছেও মেজর গণির সঠিক ইতিহাস পৌঁছায়নি।
তিনি বলেন, মেজর গণির বাংলাদেশের জন্য যেসব অবদান এবং তার লড়াই পাঠ্যপুস্তকে স্থান পাওয়া উচিত। প্রতিটি প্রজন্মকে গণিদের ইতিহাস জানিয়ে দেওয়া উচিত।
মেজর মুহাম্মদ আবদুল গণির ছেলে কর্নেল (অব.) তাজুল ইসলাম গণি তার পিতার স্মৃতিচারণ করে আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় মেজর গণির অবদানের সঠিক মূল্যায়ন করে প্রকৃত ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আলম খান, মেজর (অব.) মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ। কোরআন তিলাওয়াত করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) জোনায়েদ আহমেদ।
আরও পড়ুন: হেফাজতে ইসলামের দাবি, ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের অংশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন