ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিরাজের দিকে তেড়ে গিয়ে স্টার্ক কী বলেছিলেন?


মিরাজের দিকে তেড়ে গিয়ে স্টার্ক কী বলেছিলেন?

অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশ যখন শক্ত অবস্থানে, তখন মাঠে উত্তেজনায় জড়ান মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্ক। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন আম্পায়ার কুমার ধর্মসেনা।

ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে ঘটে। স্টার্কের বল পয়েন্টে ঠেলে সিঙ্গেল নিতে দৌড় শুরু করেন মিরাজ। বলের দিকে তাকিয়ে থাকায় সামনে থাকা স্টার্ককে খেয়াল করেননি তিনি। তাকে পাশ কাটাতে গিয়ে মিরাজ পিচের সুরক্ষিত অংশের ওপর দিয়ে দৌড়ান। নিয়ম অনুযায়ী ব্যাটারদের ওই অংশ এড়িয়ে চলতে হয়। এ কারণে ধর্মসেনা তাকে সতর্ক করলে মিরাজ বলেন, ‘আমি দেখতে পাইনি।’

এ সময় স্টাম্প মাইক্রোফোনে স্টার্কের ক্ষুব্ধ কণ্ঠ শোনা যায়। মিরাজকে তিনি বলেন, ‘এটা আমার ফলস-ক্রু, এখন তোমার ফলস-ক্রু উইকেট থেকে সরে যাও।’ নিজের জায়গায় ফেরার সময় অস্ট্রেলিয়ান পেসার আরও বলেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই।’

আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি

তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, মিরাজ ইচ্ছাকৃতভাবে পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়াননি। চ্যানেল সেভেনের ধারাভাষ্যে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটি ইচ্ছাকৃত ছিল।’ পন্টিংয়ের ধারণা, সামনে স্টার্ক থাকায় দ্রুত রান সম্পন্ন করতে গিয়ে মিরাজ ওই পথ বেছে নেন।

ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকোলসনের মতে, স্টার্কের উত্তেজিত প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া দলের হতাশাই প্রকাশ পেয়েছে।

দিনের খেলায় ব্যাটিংয়ে বাংলাদেশকে বেশ চাপে রেখেছে মিরাজ-মুশফিকের প্রতিরোধ। তানজিদ তামিমের ১০১ ও নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের পর মিরাজ-হাসানের প্রতিরোধে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ রানে। দিনের শেষে মিরাজ ৩২ ও হাসান ১৩ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকমুক্ত ও স্বনির্ভর দেশ গড়ার আহ্বান আমান উল্লাহ আমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকমুক্ত ও স্বনির্ভর দেশ গড়ার আহ্বান আমান উল্লাহ আমানের

ঢাকা দক্ষিণ, ১৪ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, মাদকমুক্ত এবং স্বনির্ভর দেশ গড়ার ডাক দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে ইটাভাড়া পোস্ট অফিসের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সমাজকে মাদকমুক্ত করা, সামাজিক সচ্ছলতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, পরিবার রাষ্ট্রের ক্ষুদ্র অংশ। বাংলাদেশের সকল পরিবার নিয়েই রাষ্ট্র। যদি পরিবার নষ্ট হয়ে যায়, তবে রাষ্ট্র ব্যর্থ হবে, ভালো রাষ্ট্র থাকবে না।

তিনি আরও বলেন, মাদকাসক্তরা ঘরে উন্মাদের মতো আচরণ করে, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকাসক্তদের সঠিক পথে ফিরিয়ে আনতে এবং সমাজে সচেতনতা তৈরি করতে পাড়া-প্রতিবেশী ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রতিটি পরিবার যদি ছোট একটি উদ্যোগ ও চেষ্টা চালায়, তবে দেশ থেকে দ্রুত দারিদ্র্য দূর হবে এবং বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানা, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। পরে বৃক্ষরোপণ করেন অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ প্রায় এক দশকের প্রেমের সম্পর্ককে বিয়ের মাধ্যমে শেষ পর্যন্ত পরিণতি দিয়েছেন। গত ১১ আগস্ট তারা নিজেদের পাঁচ সন্তান ও কাছের মানুষের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। তাদের বিয়ের আর্থিক শর্ত নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

মেক্সিকান প্রকাশনা ‘এন পারেজা’র প্রতিবেদনে জানানো হয়েছে, রোনালদো ও জর্জিনার বিয়ের কাঠামো হলো ‘সম্পত্তি পৃথকীকরণ’। এর মানে হলো, বিয়ের আগে ও পরে তাদের অর্জিত সম্পদ, আয় ও বিনিয়োগের ওপর আলাদা মালিকানা থাকবে। কোনো পক্ষের সম্পদ স্বয়ংক্রিয়ভাবে অন্য পক্ষের সঙ্গে ভাগ হবে না।

এই ব্যবস্থায় রোনালদোর সকল ফুটবল চুক্তি, এন্ডোর্সমেন্ট, ব্যবসা এবং সৌদি প্রো লিগ থেকে উপার্জিত আয় রোনালদোর নিজের সম্পত্তি হিসেবে থাকবে। একইভাবে, জর্জিনার নিজস্ব সম্পদের ওপরও তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

তবে বিচ্ছেদের ক্ষেত্রে জর্জিনার জন্য কিছু বিশেষ আর্থিক সুবিধার কথাও উঠে এসেছে। পর্তুগিজ ম্যাগাজিন ‘টিভি গুইয়া’র প্রতিবেদনে জানিয়েছে, বিচ্ছেদ হলে রোনালদোর কাছ থেকে প্রতি মাসে ১ লাখ ইউরো ভাতা পাওয়ার শর্ত রয়েছে জর্জিনার জন্য।

এতে আরও বলা হয়েছে, বিচ্ছেদের ক্ষেত্রে মাদ্রিদের অভিজাত এলাকা লা ফিনকার বিলাসবহুল বাড়িটিরও পূর্ণ মালিকানা জর্জিনার হওয়ার কথা। ওই বাড়িটির বর্তমান মূল্য ৫০ লাখ ডলারের বেশি বলে প্রতিবেদনটি দাবি করেছে।

অর্থাৎ, তাদের বিয়ের এটি সম্পত্তি পৃথকীকরণ ব্যবস্থা হলেও বিচ্ছেদের ক্ষেত্রে জর্জিনার জন্য একটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার শর্ত রাখা হয়েছে। ফলে, সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে নানা আলোচনা থাকলেও বিয়ের চুক্তিতে জর্জিনার জন্য কার্যত বড় ধরনের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

রোনালদো-জর্জিনার বিয়েতে তাদের পাশাপাশি পাঁচ সন্তানও উপস্থিত ছিলেন। এ ছাড়া, বিয়ের সাক্ষী হিসেবে ছিলেন রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু মিগুয়েল পাইসাও এবং জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শপথের আগে মির্জা ফখরুলের পদত্যাগের বাধ্যবাধকতা ছিল না: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


শপথের আগে মির্জা ফখরুলের পদত্যাগের বাধ্যবাধকতা ছিল না: রিজভী

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে বিএনপির মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের জন্য বাধ্যবাধকতা ছিল না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ আগস্ট) নয়া পল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতির শপথ নেয়ার আগেই দল থেকে মির্জা ফখরুলের পদত্যাগ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে তিনি তা যৌক্তিক মনে করেছেন, এজন্য তিনি আগেভাগেই পদত্যাগ করেছেন।

মহাসচিব নিয়োগের বিষয়ে তিনি আরও কিছু মন্তব্য করেন। তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই নির্বাচিত হবে দলের পরবর্তী মহাসচিব এবং এ বিষয়ে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

এসময়, সরকার তাদের ৬ মাসের মেয়াদে সফলতার কথা জানিয়ে বলেন, ৬ মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তার অধিকাংশই পূরণ করতে পেরেছে সরকার। পরবর্তী ৬ মাসে কর্মসূচি বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যুবদের কর্মসংস্থান সংক্রান্ত সুযোগ সৃষ্টি হলে সামাজিক অপরাধের প্রবণতা কমে যাবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, বর্তমান সরকারের দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরী রয়েছে।

তিনি আরো বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সুষ্ঠু ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে যুবসমাজকে দক্ষ এবং কর্মক্ষম হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

শুক্রবার, ১৪ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এসব কথা উল্লেখ করেন।

এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সহযোগিতা করেছে কেয়ার বাংলাদেশ এবং এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, ‘শুধুমাত্র উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে যুবকেরা যেন বেকার বসে না থাকেন, সে জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে তাদের বিভিন্ন দক্ষতায় পারদর্শী করে তোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।’

প্রতিমন্ত্রী তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প উপায় হিসেবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘সরকার খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছে। যেখানে খালি স্থান পাওয়া যাবে, সেখানেই খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে শিক্ষার অংশ হিসেবে বাধ্যতামূলক করা হবে।’

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার দেশ এবং বিদেশের চাহিদা বিবেচনায় করে প্রশিক্ষিত জনগণের গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করছে। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি, মিনি স্টেডিয়াম নির্মাণ, ক্রীড়া ভাতা প্রদান এবং মাঠ আধুনিকায়নের মতো বহুমুখী পদক্ষেপ তরুণদের মাদকমুক্ত রাখতে ও কর্মক্ষম জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখবে।’

‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%