বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৩ পি.এম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন, ‘বিশ্বব্যাপী গড়ে তোলা শিক্ষা কাঠামোতে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের দেশে চাপিয়ে দেওয়া শিক্ষা কাঠামো পরীক্ষাসর্বস্ব। এখানে শুধুমাত্র পরীক্ষা নেওয়া হয়, পাস দেওয়া হয় এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এই কাঠামো ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা এখনও বিদ্যমান। আমাদের জাতিকে গড়ে তোলার জন্য যে ধরনের শিক্ষা কাঠামো প্রয়োজন, তা গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি।
বৃহস্পতিবার সকালে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত রাখা হয়েছে। আধিপত্যবাদীরা আমাদেরকে দাস বানিয়ে রাখার জন্য এমনভাবে কাজ করছে, যেখানে তাদের নির্দেশ মেনে চলতে হয়। এজন্যই আওয়ামী লীগ অতীতে ভারতের কথা শুনেছে। ভারত যেভাবে নির্দেশনা দিয়েছে, আমাদের শিক্ষা কাঠামো সেভাবে সাজানো হয়েছে। সামগ্রিকভাবে নিজেদের দাসত্ব থেকে মুক্ত করতে হলে—আমরা কীভাবে মুক্ত হব? আমাদেরকে ফেসবুক ও ইউটিউবের রিলসে আসক্ত করা হয়েছে। আমাদের অধিকাংশ যুবকই এসবের প্রতি আসক্ত। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে।
মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।
সাদ্দাম আরও বলেন, ‘আলিম পড়ার এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়েই তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের কাজে লাগাতে হবে। তোমাদের ইলম অর্জন করতে হবে। নিজেদের তৈরি না করলে কেউ তোমাদের স্মরণ করবে না। তোমাদের সফল হতে হবে। ব্যর্থ হলে তোমাদের পাশে কেউ থাকবে না। আমাদের উদ্দেশ্য হবে ইলম। আমরা ইলম অর্জন করব। ছাত্রশিবির সব সময় তোমাদের পাশে থাকবে।’
অফিস সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তার উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, গত ৪ নভেম্বর উপাচার্যের কার্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য (ফ্যাক্ট ফাইন্ডিং) এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী সাত কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।
তদন্ত কমিটির আহ্বায়ক মাসুদ রানা জানিয়েছেন, রোববার (৮ নভেম্বর) আমরা কমিটির প্রথম বৈঠক করবো। এরপর আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, ওল্ডহাম-বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী এবং ওল্ডহাম সেন্টার মসজিদের অন্যতম ফাউন্ডার আব্দুল মালিক উল্লেখ করেছেন যে, বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত প্রত্যেক প্রবাসী চায় তাঁর জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাক। তিনি আরও বলেন, "এজন্য প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও কাজ করে যেতে চান।" এই প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
বুধবার (৪ নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের উদ্যোগে ১২০টি সোলার লাইট ও ২৫ হাজার স্কয়ার ফিট পাকা রাস্তার নির্মাণ কাজের উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করপাড়া গ্রামের উন্নয়নে প্রতিষ্ঠিত করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে গঠিত হয়েছে। সংগঠনটি গ্রামের বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ১২০টি অত্যাধুনিক সোলার লাইট এবং গ্রামের ভিতরের ৩টি সড়কে প্রায় ২৫ হাজার স্কয়ার ফিটের পাকা রাস্তা নির্মাণের মহতী উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।
অনুষ্ঠানে প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী এবং বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের স্টিয়ারিং কমিটির সদস্য মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান। এছাড়া যুবসমাজ ও গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল গণি, আজমন্দর আলী, হাজী মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, খালিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে এবং কাউন্সিলর আব্দুল মালিকের সৌজন্যে নৈশভোজ সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।
এই উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও স্কেল তুলে দেন। প্রথম দিন বাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে।
পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার, সামিয়া আক্তার, আয়ান ও মিরাজ জানায়, ‘আমাদের হাতে খাতা ও কলম তুলে দেওয়ায় আমরা অনেক খুশি। এসব শিক্ষা উপকরণ আমাদের পড়ালেখায় কাজে লাগবে। মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার এমন উদ্যোগে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে চাই। এজন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।’
মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনিছুর রহমান খান জামান বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিয়ান আহম্মেদ সুজন মিয়াজি, সহসভাপতি রতন ঢালী, দপ্তর সম্পাদক সিহাব সিকদার, কোষাধ্যক্ষ সজিব আহমেদ সরকার, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ সোহাগ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আল সায়াদী প্রমুখ।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রসবকাজে ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ঈদগাঁও ইউনিয়ন পরিষদসংলগ্ন পুরাতন ছাগল বাজার এলাকায় মো. মনজুর আলমের ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত 'রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ক্লিনিক'-এ অভিযান চালানো হয়। এ সময় ক্লিনিকটিতে কাউকে পাওয়া যায়নি। পরে সেখানে থাকা গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রসবকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর টিম সহযোগিতা করেন। জব্দ করা সরঞ্জামগুলো ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে ঈদগাঁও থানা পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও অননুমোদিত চিকিৎসাপ্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ