১০:৪৫ এম
॥ এস এম আশিকুজ্জামান ॥
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিচারিক কার্যক্রমে নীরব কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করছে চারটি সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে। এই লাইব্রেরিগুলো হাজারো ঐতিহাসিক রায়, দেশি-বিদেশি ল’ রিপোর্টস, জার্নাল এবং দুর্লভ আইনি বইয়ের দুই লক্ষাধিক সংগ্রহ নিয়ে গঠিত, যা বিচারপতি ও আইনজীবীদের জন্য একটি জীবন্ত আর্কাইভের মতো কাজ করে।
বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিচারপতিদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আদালতে আইনগত যুক্তি ও রেফারেন্স উপস্থাপনে আইনজীবীদের জন্য এসব লাইব্রেরির সংগ্রহশালা একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। সুপ্রিম কোর্টের কেন্দ্রিক এই চারটি লাইব্রেরি হলো— আপিল বিভাগ লাইব্রেরি, হাইকোর্ট জাজেস লাইব্রেরি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরি এবং অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি।
আরও পড়ুন: বিআরটিসি ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে, পাবেন যারা
আপিল বিভাগ লাইব্রেরিতে নানা দেশের সংবিধান সংরক্ষিত রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লাইব্রেরির লাইব্রেরিয়ান মো. নাসিরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের মূল ভবনের তিনটি কক্ষে পরিচালিত এই লাইব্রেরিতে বর্তমানে বই, জার্নাল ও ল’ রিপোর্টস মিলিয়ে প্রায় ২৫ হাজার সংগ্রহ রয়েছে।
এগুলোর মধ্যে ঢাকা ল’ রিপোর্টস (ডিএলআর), বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি), বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি), বাংলাদেশ ল’ ক্রনিকলস (বিএলসি), মেইনস্ট্রিম ল’ রিপোর্টস (এমএলআর), অ্যাপিলেট ল’ রিপোর্টস (এএলআর), অল ইংল্যান্ড ল’ রিপোর্টস (অল ইআর) এবং কলকাতা উইকলি নোটস (সিডব্লিউএন) উল্লেখযোগ্য। পাশাপাশি এখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান সংরক্ষিত আছে। আপিল বিভাগের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রমে এই লাইব্রেরির ল’ রিপোর্টস ও বই থেকে প্রয়োজনীয় রায় এবং রেফারেন্স ব্যবহার করেন।
হাইকোর্ট জাজেস লাইব্রেরি, সুপ্রিম কোর্টের মূল ভবনের একটি ও এনেক্স ভবনের আরেকটি কক্ষে পরিচালিত হচ্ছে। লাইব্রেরিয়ান মোহাম্মদ আবদুল মোমেন বাসস’কে জানান, এই লাইব্রেরিতে প্রায় ১ লাখ ১০ হাজার বই ও নথিপত্রের সংগ্রহ রয়েছে, যার মধ্যে শত বছরের পুরোনো ঐতিহাসিক রায়ের সংগ্রহও বিদ্যমান। হাইকোর্টের বিচারিক কার্যক্রমে বিচারপতিদের চাহিদা অনুযায়ী এখান থেকে নিয়মিত ল’ রিপোর্টস, জাজমেন্ট ও আইনি বই সরবরাহ করা হয়।
প্রতিদিন প্রায় এক হাজার আইনজীবী বই ইস্যু ও ফেরত করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরি, যা প্রায় ৭০ হাজার বই ও জার্নালের সমৃদ্ধ সংগ্রহ নিয়ে গঠিত, সমিতির লাইব্রেরিয়ান মো. এহসানুল হক বাসস’কে জানান, প্রতিদিন প্রায় এক হাজার আইনজীবী এখান থেকে তাদের প্রয়োজনীয় বই ও ল’ রিপোর্টস ইস্যু এবং ফেরত (রিটার্ন) করেন।
আরও পড়ুন: বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ
লাইব্রেরির দুটি রিডিং রুমে বসে পড়াশোনার পাশাপাশি আইনজীবীদের জন্য প্রয়োজনীয় আইন বা আদালতের সিদ্ধান্ত ফটোকপি করে নেওয়ার সুবিধা রয়েছে। এ ছাড়া অনলাইন সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশের আদালতের রায় ও আইন এখান থেকে সহজেই সংগ্রহ করতে পারেন আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রয়েছে ‘অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি’। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট মো. হাসিবুর রহমান বাসসকে জানান, এখানে ৩৭ হাজারের বেশি বই ও ল' রিপোর্টসের সংগ্রহ রয়েছে। কেবল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারাই এই লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান। তারা এখানে বসে পড়াশোনা ও প্রয়োজনীয় বই ইস্যু এবং নথিপত্র ফটোকপি করে নিতে পারেন।
আইনজীবীদের জীবন ও লাইব্রেরির সম্পর্ক নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসস’কে বলেন, ‘আইনজীবীদের সারাটা জীবনই শিক্ষাজীবন; এই পেশায় জানার কোনো বিকল্প নেই। বিচারপ্রার্থীকে সঠিক আইনি প্রতিকার দিতে হলে একজন আইনজীবীকে নিয়মিত আইন চর্চা ও গবেষণা করতে হয় এবং আদালতে প্রাসঙ্গিক রেফারেন্স উপস্থাপন করতে হয়। এক্ষেত্রে লাইব্রেরি অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে অনলাইনে আইনের রেফারেন্স বা নজির পাওয়া গেলেও প্রচলিত লাইব্রেরিতে বসে পড়ার তৃপ্তি সেখানে মেলে না। লাইব্রেরিতে সশরীরে উপস্থিত হয়ে পড়াশোনা করলে জ্ঞানের পরিধি অনেক বেশি সমৃদ্ধ হয়। মূলত একজন আইনজীবীর জীবন লাইব্রেরির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত।’
আরও পড়ুন: আজ জাতীয় রেল দিবস, ১৬৪ বছরে পদার্পণ করলো বাংলাদেশের রেলপথ
সংশ্লিষ্ট চারটি লাইব্রেরির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বইপত্র ও জার্নাল কেনার জন্য এই চার লাইব্রেরিতে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে হাইকোর্ট জাজেস লাইব্রেরির জন্য সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরির জন্য ৩৭ লাখ টাকা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরির জন্য ৩৫ লাখ টাকা এবং আপিল বিভাগ লাইব্রেরির জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন