ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রুবিওর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি


রুবিওর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি রুবিওর মন্তব্যকে ‘ভিত্তিহীন’ হিসেবে অভিহিত করেছেন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে চুক্তি করার সম্ভাবনা নিয়ে রুবিও বলেন, ‘শেষ পর্যন্ত আপনাকে তো খেতেই হবে!’ এই মন্তব্যটি তিনি ইরানকে আলোচনায় আসতে রাজি করানোর জন্য অর্থনৈতিক চাপের বিষয়টি বোঝাতে করেছেন।

আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে রুবিওর বক্তব্যের জবাব দেন। তিনি লেখেন, ‘আট বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মতো এক কার্টুন চরিত্র বলেছিলেন, ইরানিরা যদি খেতে চায়, তাহলে তাদের হোয়াইট হাউসের নির্দেশ মেনে চলতে হবে।’

আরও পড়ুন: আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার

তিনি আরও উল্লেখ করেন, ‘আজ রুবিওও সেই একই বস্তাপচা ভিত্তিহীন কথা পুনরাবৃত্তি করছেন। অথচ তার নিজের কিউবান বংশোদ্ভূত স্বদেশিরাও একই নীতির শিকার।’

এটি উল্লেখযোগ্য যে, ইরানের মতো কিউবার ওপরও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। মার্কো রুবিও কিউবান অভিবাসীদের সন্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আসছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মাহমুদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


ঢাকায় আসছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মাহমুদ মাদানি

ভারতের প্রভাবশালী আলেম, আওলাদে রাসুল (সা.) মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি বাংলাদেশে আট দিনের সফরে আসছেন। তিনি ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা সফর করবেন। এই সময়ের মধ্যে বেশ কিছু মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আয়োজনে বিভিন্ন ইসলামী কর্মসূচি, ইজতেমা ও সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তাঁর।

রবিবার (৮ নভেম্বর) ঢাকার আফতাবনগর মাদ্রাসার মুহতামিম ও মাওলানা মাহমুদ মাদানির খলিফা মুফতি মোহাম্মদ আলী গণমাধ্যমকে তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমা শুরু হবে। ইজতেমার প্রথম দিন বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানি। পরের দিন ১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানি খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার সিলেটের গোলাপবাগে আয়োজিত ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসা সফর করবেন। পরদিন ১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানিনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসা সফর শেষে একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেবেন তিনি।

১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসা পরিদর্শন করবেন। একই দিনে ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিন বাদ মাগরিব বয়ান করার কথা রয়েছে তাঁর। সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তাঁর নির্ধারিত বাংলাদেশ সফর শেষ হবে।

মাওলানা মাহমুদ মাদানির এই সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-উলামা, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তাঁর বিভিন্ন কর্মসূচিতে বিপুলসংখ্যক আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : বুধবার তুরস্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ করতে যাচ্ছেন।

এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কিছুক্ষণ আগে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন।’

বার্তা সংস্থাটি আরও জানায়, সম্মেলনের সময় অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্ট।

তেহরান ছাড়ার আগে পেজেশকিয়ান বলেন, ‘সম্মেলনে আমরা পরিবেশ ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যে যুক্তরাষ্ট্রে তেলের উৎপাদনে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যে যুক্তরাষ্ট্রে তেলের উৎপাদনে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জনের পথে রয়েছে। দেশটির শক্তি তথ্য প্রশাসন (ইআইএ)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল উৎপাদন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দৈনিক ১৪৩ মিলিয়ন বা ১ কোটি ৪৩ লাখ ব্যারেল ছুঁয়ে ফেলবে। এই পূর্বাভাস বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং এর সুদূরপ্রসারী প্রভাবের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

ইআইএ-এর সর্বশেষ ‘স্বল্পমেয়াদী জ্বালানি পূর্বাভাস’ (STEO) অনুযায়ী, নিট আমদানির প্রবৃদ্ধি এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ফলে আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রের তেলের মজুত আরও শক্তিশালী হবে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১ কোটি ৩৯ লাখ ব্যারেল তেল উৎপাদনের পথে রয়েছে, যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছাবে। মার্কিন এই ব্যাপক উৎপাদনের ফলে বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ধীরে ধীরে স্বাভাবিক বা কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আসন্ন শীতে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুতও সন্তোষজনক থাকবে। হেনরি হাব ন্যাচারাল গ্যাসের স্পট মূল্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে কিছুটা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বৈশ্বিক ভূ-রাজনীতি, মধ্যপ্রাচ্যের বাজার পরিস্থিতি এবং সামুদ্রিক বাণিজ্যে পরিবহন খরচের ওঠানামার কারণে জ্বালানি তেলের বাজারে স্বল্পমেয়াদী মূল্য পরিবর্তন বা অস্থিরতা বজায় থাকতে পারে। সূত্র: গালফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ইমরান খান, চিকিৎসা শেষে ফের কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ইমরান খান, চিকিৎসা শেষে ফের কারাগারে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে দেওয়া হয়। আজ বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়—গভীর রাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরো কমেছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখের পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস–পিমস) হাসপাতালে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা হয়েছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দেওয়া একটি ছাড়া বাকি সব দণ্ডাদেশ স্থগিত অথবা বাতিল করা হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন রয়েছে। ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে। আগস্টে তাকে হাসপাতালে নেওয়া হলেও সেই চিকিৎসা পরিদর্শন মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তার আইনজীবী দল ও স্ত্রীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%