ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে আইএমডির সতর্কতা, বাংলাদেশেও বিপদের আশঙ্কা


ভারতে আইএমডির সতর্কতা, বাংলাদেশেও বিপদের আশঙ্কা

ভারতের বড় অংশজুড়ে সক্রিয় অবস্থায় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী শুক্রবার, ১০ জুলাই, দেশটির উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে অতিভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই অতিবৃষ্টির কারণে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নদীগুলোর পানি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, যা ভাটি অঞ্চলে সৃষ্টি করতে পারে বন্যা পরিস্থিতি।

ভারী বৃষ্টির পাশাপাশি, ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও দিয়েছে আইএমডি। সংস্থাটি বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী তিন থেকে চার দিন ভারতজুড়ে এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আইএমডি জানায়, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের অনেক জায়গায় বজ্রপাত ও তীব্র বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে।

আসাম ও মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির পানি নেমে এসে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ এবং ত্রিপুরার বৃষ্টিতে পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমা পার করতে পারে। ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতির ওপর এর বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি, দেশটির রাজধানী দিল্লি ও পাশের এলাকা আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। টানা বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে।

পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশেও বৃষ্টি ছড়াবে।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

বিহার রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আইএমডি। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বজ্রপাতসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্য প্রদেশের বিভিন্ন অংশেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ক্যারি কাটা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর কিছু অংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থান ও পাঞ্জাবের বাকি অংশে মৌসুমি বায়ু আগামী দুই-তিন দিনে পুরোপুরি ঢোকার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। নিচু এলাকা ও বন্যাপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই শিশুর মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টার মধ্যে হাম সন্দেহে দুইজন শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে আটকানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ আট হাজার ৯৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, আর গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন।

গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৪১৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজন শিশুর মৃত্যু ঘটেছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামের কারণে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

ফ্রান্সকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেই মরক্কোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


ফ্রান্সকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেই মরক্কোর

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্সের। যদিও ম্যাচটি নিয়ে উত্তেজনা অনেক, মরক্কোর প্রধান কোচ মোহামেদ ওয়াহ্‌বি প্রতিপক্ষকে নিয়ে আলাদা কোনো কৌশল সাজাননি। তিনি বিশ্বাস করেন যে, নিজেদের স্বাভাবিক খেলাই ফ্রান্সকে চাপে ফেলতে পারে।

বাংলাদেশ সময় আজ রাত ২টায় ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ওয়াহ্‌বি বলেছেন, ‘ফ্রান্সের বিপক্ষে কোনো চমকপ্রদ পরিকল্পনা নেই। ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনো চমক থাকবে না। আমি কিছু লুকানোর প্রয়োজন মনে করি না এবং চমক দেখাতেও পছন্দ করি না। যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা ভালোই জানেন আমরা কিভাবে খেলতে চাই।’

তিনি আরও বলেন, বল দখলে রেখে প্রতিপক্ষের রক্ষণ ভাঙাই তাদের মূল লক্ষ্য হবে। তবে শুধুমাত্র উইং নয়, মাঝমাঠ কিংবা দুই প্রান্ত—যে পথ কার্যকর হবে, সেখান দিয়েই আক্রমণ গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘আমরা যেকোনো দলকে সমস্যায় ফেলতে পারি, সেটি ইতোমধ্যেই প্রমাণ করেছি। তবে কৌশলগত বিষয়ে এর বেশি কিছু বলতে চাই না।’

মরক্কো গত বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও প্রথম আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল। এবার তারা টানা দ্বিতীয়বারের জন্য শেষ চারে জায়গা করার সুযোগ পাচ্ছে। কিন্তু সেই লক্ষ্য পূরণে বাধা হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স।

প্রতিযোগিতামূলক ফুটবলে মরক্কো এখন পর্যন্ত ফ্রান্সের বিরুদ্ধে ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স চারটিতে জয়ী হয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে এবং মরক্কোর একমাত্র জয়টি এসেছে ২৮ বছর আগে টাইব্রেকারে।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও মরক্কো ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে। কিন্তু সেই স্মৃতি এবার বাড়তি চাপ সৃষ্টি করবে না বলেই মনে করেন ওয়াহ্‌বি।

তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই আলাদা। এর প্রেক্ষাপট আলাদা, ইতিহাসও আলাদা। তাই এটি ২০২২ সালের ম্যাচের মতো হবে না।’

আত্মবিশ্বাসী মরক্কো কোচের লক্ষ্য হচ্ছে, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক-জুয়ার মামলা নিয়ে লালমনিরহাট আইনজীবী সমিতির বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


মাদক-জুয়ার মামলা নিয়ে লালমনিরহাট আইনজীবী সমিতির বড় ঘোষণা

মাদক ও জুয়ার মামলায় গ্রেফতার আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা করেছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, "সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে।" তিনি জানান, সমাজ বিনির্মাণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন ঘোষণা করেছেন। এই আন্দোলনের আওতায় ইতিমধ্যে মন্ত্রী নিজে এবং তার কমিটির সদস্যরা বেশ কিছু মাদকসেবীকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

এ বিষয়ে সভাপতি আরও বলেন, "জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের ঐকমত্যের ভিত্তিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেফতার কৃতদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে না।" তিনি সতর্ক করে বলেন, "যদি কেউ এই ঘোষণা অমান্য করেন, তাহলে সমিতির নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকেও মাদকসেবী হিসেবে গণ্য করা হবে।"

এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি বলেন, "এ সমিতির সব সদস্যই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা এই সিদ্ধান্ত মান্য করবেন।" ফলে, তিনি উল্লেখ করেন, এক মাসের জন্য মাদক ও জুয়া আইনে গ্রেফতার কৃতরা আইনজীবীদের মাধ্যমে কোনো ধরনের আইনি সহায়তা পাবেন না। তবে, যদি সমিতি চায়, তাহলে এই সময়সীমা বাড়ানো হতে পারে।

অন্য এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন, "আইনজীবীরা যদি সহায়তা না করেন, তাহলে আসামিদের জামিনে কিছুটা ভাটা পড়বে এবং তারা যদি হাজতবাস করেন, তবে অপরাধবোধ থেকে মাদককে ‘না’ বলবেন।" তিনি আরও জানান, "মূলত সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আইনজীবী হিসেবে দায়বদ্ধতার কারণে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।" গ্রেফতার কৃত আসামিরা চাইলে আইনজীবী ছাড়া নিজেরা আইনি লড়াই করতে পারবেন এবং এই ক্ষেত্রে আইনজীবী সমিতি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীসহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিন ব্যক্তি এবং তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদাণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এই পদক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

পরিবেশ পদক-২০২৫ প্রাপ্ত ব্যক্তিরা হলেন—পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক প্রফেসর ড. আব্দুস সালাম পদক অর্জন করেছেন।

এছাড়া, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটও পরিবেশ পদক পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%