০৩:৩১ এম
রাজধানীর বিভিন্ন স্থানে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে হাতিরপুল, ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী, কাফরুল ও বনানী থানা এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণের ঘটনায় হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণের পর একজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ঘটে যাওয়া এসব বিস্ফোরণে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকায় আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, "বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।"
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করলেও আটক করতে পারেননি।
অন্যদিকে রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৬ জন আহত ও ৫০টির বেশি ককটেল বিস্ফোরণ
পাঁচটি ঘটনার মধ্যে হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করা ছাড়া অন্য ঘটনাগুলোতে জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন