ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কেন্দুয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২


কেন্দুয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে সুশীল বিশ্বশর্মা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুইজন আহত হয়েছেন। চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুশীল বিশ্বশর্মা পূর্বপাড়া গ্রামের প্রয়াত রমণী বিশ্বশর্মার পুত্র। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অটোরিকশার সঙ্গে বাইসাইকেলের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় সুশীলকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: মাদারীপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষে হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

আহত অটোরিকশাচালক জোয়েলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। অপর আহত যাত্রী কামরুন নাহার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার এসআই সাঈদ জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনাটির তদন্ত করছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এমই

আরও পড়ুন: সিলেটে ছাত্রদলের তিন নেতাকে কর্মসূচিতে অনুপস্থিতির জন্য শোকজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরের মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন, ইউএনও পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ এম


পিরোজপুরের মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন, ইউএনও পরিদর্শন

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদসংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামের একটি বাসের পেছনের অংশের আসনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এসময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি আসন পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে ইউএনও আতাউর রাব্বি জানান, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ছাত্রদলের তিন নেতাকে কর্মসূচিতে অনুপস্থিতির জন্য শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ এম


সিলেটে ছাত্রদলের তিন নেতাকে কর্মসূচিতে অনুপস্থিতির জন্য শোকজ

সিলেট মহানগর ছাত্রদলের অধীন দুই ইউনিটের তিন নেতাকে দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মহানগর ছাত্রদল, বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জনবিষয়ক আলোচনা সভাসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ না করার কারণে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে।

বৃহস্পতিবার, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত পৃথক নোটিশে এই নির্দেশনা প্রদান করা হয়। নোটিশ পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত তিন নেতার মধ্যে রয়েছেন—শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাহেল এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাসিত ও সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন।

সিলেট মহানগর ছাত্রদলের সহদপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালে বিদায় বাংলাদেশের 'এ' দল, পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ এম


সেমিফাইনালে বিদায় বাংলাদেশের

শাহাদাত হোসেন দিপু দলের জন্য লড়াইয়ের পুঁজি তৈরি করতে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের এক প্রান্ত আগলে রেখেছিলেন। কিন্তু বাংলাদেশ 'এ' দলকে ফাইনালে পৌঁছানোর জন্য সেই পুঁজি যথেষ্ট ছিল না। বল হাতে রিপন মন্ডল শুরুতে ভালো করলেও চাপ বজায় রাখতে না পারায় ম্যাচটি বাংলাদেশের হাত থেকে চলে যায়। ফলে সেমিফাইনালে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের বিদায় ঘটে।

শুক্রবার বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে।

ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ 'এ' দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩২ রান করে। জবাব দিতে নেমে হাসান নেওয়াজ ও ফারহান ইউসুফদের ব্যাটে পাকিস্তান ২৮ বল বাকি থাকতেই ২৩৩ রানের লক্ষ্য পূরণ করে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 'এ' দল প্রথম ১৪ রানে সাইফ হাসান এবং ১৫ রানে মাহমুদুল হাসান জয়কে হারায়। জাতীয় দলের অভিজ্ঞ দুই ব্যাটার সাইফ হাসান এবং মাহমুদুল হাসান জয়- কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

সাইফ ২ রান করে অধিনায়ক আলী রাজার আউট হওয়ার আগে। রাজা নিজের পরের ওভারে মাহমুদুল হাসান জয়কেও বোল্ড করেন, তিনি করেন ৯ রান।

দুই উইকেট হারানোর পর শাহাদাত হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন হাল ধরেন। তারা তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। এই জুটির মাধ্যমে বাংলাদেশ দলীয় ১০০ রান পার করে। তবে রান তোলার গতি ছিল খুব ধীর।

২৮তম ওভারের প্রথম বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন সুফিয়ান মুকিম। ধীরগতির ইনিংসে ৭৮ বল খেলে ৪২ রান করেন মাহিদুল।

পরবর্তী ব্যাটার আফিফ হোসেনকে দ্রুত ফেরান সুফিয়ান। বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলিটা ধরতে না পেরে আফিফ বোল্ড হন। একই ওভারে সাব্বির রহমানকেও ফেরান সুফিয়ান। সাব্বির কোনো রান না করেই সাজঘরে ফিরে যান। বাংলাদেশ ১১৮ রানে ৫ উইকেট হারায়।

একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্তে অটল ছিলেন শাহাদাত। ষষ্ঠ উইকেটে এসএম মেহরবকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন।

মেহরব আর শাহাদাতের জুটি যখন বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল, তখনই সাজঘরের পথ ধরেন মেহরব। দলীয় ১৭০ রানে মেহরবকে আব্দুল সামাদের ক্যাচ বানান হাসান নেওয়াজ। ডানহাতি এই স্পিনার একই ওভারে মোহাম্মদ রুবেলকেও আউট করেন।

১৭০ রানে ৭ উইকেট হারানোর পর শাহাদাত রকিবুল হাসানকে নিয়ে ২২ এবং রিপন মন্ডলকে নিয়ে রান জুটি গড়েন। ১১৭ বলে তিনি লিস্ট 'এ' ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন। ৩ ছক্কা ও ৭ চারে ১১৮ বলে ১০৩ রান করে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

শাহাদাতের ব্যাটেই বাংলাদেশ ২৩২ রানের পুঁজি পায়। রিপন মন্ডল ১২ বলে ১৯ রান করেন।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান। হাসান নেওয়াজ এবং আলী রাজা দুটো করে উইকেট পেয়েছেন।

মাঝারি পুঁজি নিয়ে বল হাতে শুরুতে লড়াইয়ের আভাস দেন রিপন। চতুর্থ ওভারে চার বলের মধ্যে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসাইনকে ফিরিয়ে দেন তিনি। বাংলাদেশের মতোই তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন নেওয়াজ ও শাহজাইব খান। তারা ১৬৪ বলে ১১০ রানের জুটি গড়েন।

রুবেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে নেওয়াজ ৬২ রান করেন। ফিফটি করে বদলি নামা চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের দারুণ ক্যাচে ফেরেন শাহজাইব।

থিতু হওয়া দুই ব্যাটারকে ফিরিয়ে কিছুটা আশা জাগায় বাংলাদেশ। কিন্তু সেটি হাওয়ায় মিলিয়ে দেন আব্দুল সামাদ ও ফারহান ইউসুফ। দুজনের ৫৬ বলে ৭৪ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তারা।

শেষ পর্যন্ত ইউসুফ আর আউট হননি। ৪ চার ও ২ ছক্কায় তিনি ৩৮ বলে ৪৬ রান করেন। অধিনায়ক সামাদ ২ চার ও ৪ ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করে দলকে জয়ের খুব কাছে রেখে ফেরেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’: ২৩২/৮ (জয় ৯, সাইফ ২, শাহাদাত ১০৩*, অঙ্কন ৪২, আফিফ ৫, সাব্বির ০, মেহেরব ২৮, রুবেল ০, রকিবুল ১০, রিপন ১৯*; রাজা ২/৪০, সুফিয়ান ৩/২৯, দানিয়াল ১/৫১, নেওয়াজ ২/৩০)

পাকিস্তান ‘এ’: ২৩৩/৫ (শামিল ১৪, সাদাকাত ৬, শাহজাইব ৫০, নাওয়াজ ৬২, সামাদ ৪৪, ইউসুফ ৪৬*, রোহাইল ২*; রুবেল ১/৩৩, রিপন ২/৫২, রকিবুল ২/৫৮, মেহেরব)

ফল: পাকিস্তান ‘এ’ দল ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হাসান নেওয়াজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষে হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ এম


মাদারীপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষে হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনির মাছ বাজার গোলচত্বরে বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় উপজেলার মাছ বাজার এলাকায় গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় মাছ বাজার গোলচত্বর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে হামলা চালানোর অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, ‘পুলিশের সামনে কীভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং আমাদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান, তা আমাদের বোধগম্য নয়। যারা বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

তাদের দাবি, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া উচিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাতের বেলায় এমন বিস্ফোরণ ও সংঘর্ষে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিরোধের কারণে জনজীবন যেন বিপর্যস্ত না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

এ সময় ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%