ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭


৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে মাত্র ৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং আহত হয়েছেন ৮৭৪ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ৮ ট্রেন ও ২৩ রেলওয়ে স্টেশন বন্ধ, বিপাকে নিম্ন আয়ের যাত্রীরা

উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনদিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে তিনি চালক ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। 

তিনি বলেন, নিয়ম মেনে চললে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন: চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাভাষী মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়িয়েছে ভারত 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


বাংলাভাষী মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়িয়েছে ভারত 

ভারতে দলিত, তফসিলি জাতি, বাংলাভাষী মুসলিম ও রোহিঙ্গাসহ নানা প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হামলা, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বর্ণবৈষম্য বিলোপ কমিটি (ইউএনসিইআরডি)। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সংস্থাটির প্রকাশ করা এক পর্যালোচনামূলক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ উঠে আসে।

তবে জাতিসংঘে নিযুক্ত ভারতের মিশন পরদিনই প্রতিবেদনটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তা প্রত্যাখ্যান করে। দিল্লির পক্ষ থেকে এই প্রতিবেদনকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' ও 'বিদ্বেষপূর্ণ' বলে মন্তব্য করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৮ জন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞকে নিয়ে গঠিত জাতিসংঘের এই আন্তর্জাতিক কমিটি মূলত বর্ণবৈষম্য দূরীকরণ সনদের বাস্তবায়ন পর্যবেক্ষণ করে। ইউএনসিইআরডির পর্যালোচনায় ২০১৭ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দেশনার পাশাপাশি ২০২৫ সালে কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা-পরবর্তী সামাজিক পরিস্থিতির কথা বিশেষভাবে বলা হয়েছে। এসব প্রেক্ষাপটের পর থেকে রোহিঙ্গা, বাংলাভাষী মুসলিম, অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটক, তল্লাশি ও নানা হয়রানি বেড়েছে।

প্রতিবেদনে জাতিগত বিদ্বেষজনিত সহিংসতা, পুলিশি অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া গ্রেপ্তার, নির্যাতন ও যৌন সহিংসতার মতো গম্ভীর অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে জাতীয় বা জাতিগত পরিচয়ের অজুহাতে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো এবং সম্মিলিত বহিষ্কার বন্ধের তাগিদ দেওয়া হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম 'দ্য স্ক্রল'-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী ঘটনার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্দেহভাজন নথিবিহীন অভিবাসীদের পরিচয় যাচাইয়ের বিশেষ আদেশ জারি করে। এরপরই দেশটির কয়েকটি রাজ্যে বাংলাভাষী মুসলিমদের নাগরিকত্বের প্রমাণ চেয়ে হয়রানি ও আইনবহির্ভূতভাবে সীমান্ত পার করে দেওয়ার একাধিক অভিযোগ ওঠে।

জাতিসংঘের এসব পর্যালোচনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত তার সাংবিধানিক সুরক্ষা, বহুত্ববাদ ও আইনি কাঠামোর তথ্য জাতিসংঘের বৈশ্বিক পর্যালোচনায় স্পষ্টভাবে উপস্থাপন করেছে। একই সঙ্গে দেশটির সলিসিটর জেনারেল তুষার মেহতার নেতৃত্বাধীন প্রতিনিধিদল জাতিসংঘের এই প্রতিবেদনে উত্থাপিত সব 'ঢালাও ও ভিত্তিহীন' অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ‘সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত; ৩শ’ কবির মিলন মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


বগুড়ায় ‘সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত; ৩শ’ কবির মিলন মেলা

বগুড়া, ২৮ আগস্ট, ২০২৬ : সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উদ্বুদ্ধ করতে বগুড়ায় আজ দিনব্যাপী ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দেশের ৫৭টি জেলা থেকে আগত প্রায় ৩শ’ কবির অংশগ্রহণে বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।

বগুড়া সাহিত্য উৎসব ২০২৬-এর আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। 

জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক সোহাগ সাদেক অনুষ্ঠানে যথাক্রমে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, কবি আড্ডা এবং ‘তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা। 

এছাড়া অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপাত্র ও সাহিত্যের ছোট কাগজ ‘কাঠপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়।

উৎসবের সদস্য সচিব এইচ আলিম বাসস’কে জানান, ‘আমাদের এই সাহিত্য উৎসবের লক্ষ্য হচ্ছে যারা তরুণ রয়েছে, যারা নবাগত হিসেবে নতুন কবিতা লিখছে, তারা লেখার মধ্যদিয়ে সবখানে আলো ছড়িয়ে দেবে। এই মানবিক চেতনা ছড়িয়ে গেলে আমাদের বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং খৈয়াম কাদের।

এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি’র উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহ সভাপতি মনজু খন্দকার, সহ সভাপতি মো. আমজাদ হোসেন খান ও সমন্বয়ক কবি লিপি আক্তার।

প্রাচীন সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রাচীন নগরী বগুড়ায় আয়োজিত এই উৎসব তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ, আরেকজনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


পদ্মায় ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ, আরেকজনকে জীবিত উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর পানিতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়া ইব্রাহিম হোসেন (১২) নামে আরেক শিক্ষার্থীকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজ মোস্তাকিমকে উদ্ধারে স্থানীয় জেলে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোস্তাকিম উপজেলার সোনাতলা গ্রামের হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে। উদ্ধার হওয়া ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে। তারা দুজনই সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় ছয়জন শিশু ভাগজোত ঘাট এলাকায় পদ্মা নদীর পানিতে ফুটবল খেলছিল। একপর্যায়ে তীব্র স্রোতের টানে মোস্তাকিম ও ইব্রাহিম গভীর পানির দিকে চলে যায়। দুজনই পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করেন। তবে প্রবল স্রোতের কারণে মোস্তাকিমকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় জেলেরাও মাছ ধরার জাল দিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন।

মোস্তাকিমের মা শিউলি খাতুন বলেন, সকালে খাওয়াদাওয়া শেষে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে খেলতে গিয়েছিল তাঁর ছেলে। পরে নদীতে পড়ে নিখোঁজ হয়। এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক বলেন, অসাবধানতাবশত নদীতে পড়ে মোস্তাকিম নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, শিশুটি নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তারপরও সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

এদিকে মোস্তাকিম নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ভাগজোত ঘাট এলাকায় স্বজন ও স্থানীয়দের ভিড় জমে যায়। নদীর তীরে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন নিখোঁজ শিশুটির স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে

স্বাস্থ্যসেবা ও ফিজিওথেরাপি বিষয়ে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


স্বাস্থ্যসেবা ও ফিজিওথেরাপি বিষয়ে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে সেমিনার

স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন সেবার ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মো. মোহাম্মদ হারুন অর রশীদ। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটি।

বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় সেমিনারে কলেজের চেয়ারম্যান ডা. শামীম আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী, রিহ্যাবিলিটেশন পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিসহ বিভিন্ন ধরনের পুনর্বাসন সেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যসেবায় এসব পেশার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা, দুর্ঘটনাজনিত জটিলতা ও বিভিন্ন রোগের পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপি ও অন্যান্য পুনর্বাসন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় এসব সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

পরে প্রধান অতিথি মো. মোহাম্মদ হারুন অর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করেন ডা. রুকসানা আক্তার পিটি। সেমিনার শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%