১০:১৩ পি.এম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিশ্বব্যবস্থায় বহুপক্ষীয় কাঠামোর পরিবর্তন আনার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী যুগ পেরিয়ে বিশ্ব এখন আত্মবিশ্বাস ও দৃঢ়তার নতুন যুগে প্রবেশ করেছে। এই কারণে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা উচিত।
বুধবার চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব মন্তব্য করেন। আনাদোলুর খবর অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম বলেন, ‘পুরো বহুপক্ষীয় কাঠামোয় পরিবর্তন আনতে হবে। আমরা ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী যুগ পেরিয়ে এসেছি। এখন আমরা আরো আত্মবিশ্বাস ও দৃঢ়তার নতুন যুগে প্রবেশ করেছি।’
তিনি আরও বলেন, ছোট দেশ এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সম্মান, মর্যাদা ও সমতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অংশগ্রহণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর জন্য অধিক সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের বিচার পেয়ে দেশের পথে ফিরতে চায় রোহিঙ্গারা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, কোনো দেশের উচিত নয় নিজেদের অবস্থান বা অভ্যন্তরীণ পরিস্থিতি অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়া। বরং দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া উচিত। এসব উদ্যোগের সুফল শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে বুধবার থেকে দুই দিনব্যাপী এপেক সম্মেলন শুরু হয়েছে। ‘একসঙ্গে সমৃদ্ধি ও ভবিষ্যৎ জয়’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে সংস্থাটির ২১টি সদস্য অর্থনীতির দেশের নেতা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
সম্মেলনে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এছাড়া সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেনজেন সফরের পরিকল্পনাও রয়েছে। সেখানে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: সরকার বদল হলেও সিরিয়ায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে দখলদারিত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন