ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

‎সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয়ে টিম জার্নালিস্ট’সের প্রথম বর্ষপূর্তি উদযাপন


‎সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয়ে টিম জার্নালিস্ট’সের প্রথম বর্ষপূর্তি উদযাপন

১৭/সেপ্টেম্বর ২০২৬ ‎‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, যেখানেই অন্যায় সেখানেই কলমের কালির প্রতিবাদ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা সাংবাদিক সংগঠন টিম জার্নালিস্ট’স এক বছর পূর্ণ করেছে। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও কুলাউড়ার বিভিন্ন অনিয়ম, অসংগতি, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও বিভিন্ন সংবাদমাধ্যমে তুলে ধরে ইতোমধ্যে নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে সংগঠনটি।
‎
‎২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর, সোমবার, একঝাঁক তরুণ সাংবাদিকের সঙ্গে প্রবীণ সাংবাদিক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা এম. মুক্তাদির হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে টিম জার্নালিস্ট’স। প্রতিষ্ঠার পর থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে আসছে সংগঠনটি।
‎
‎প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ভ্রমণে বাড়ে জ্ঞানের ভান্ডার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির সদস্যরা আয়োজন করেন কক্সবাজার ভ্রমণ ও বর্ষপূর্তি উদযাপন।
‎
‎গত ১২ সেপ্টেম্বর রাতে টিম জার্নালিস্ট’সের প্রধান উপদেষ্টা এম. মুক্তাদির হোসেনের নেতৃত্বে কুলাউড়া রেলওয়ে জংশন থেকে উদয়ন এক্সপ্রেসে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সংগঠনটির সদস্যরা। ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম জোনের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা-২ আতাউর রহমান টিম জার্নালিস্ট’সের সদস্যদের চট্টগ্রাম রেলওয়ের ভিআইপি লাউঞ্জে অভ্যর্থনা জানান।
‎
‎এ সময় তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকদের সঙ্গে রেলওয়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে চট্টগ্রাম থেকে পর্যটক এক্সপ্রেসে যাত্রা করে দুপুর ২টার দিকে কক্সবাজারে পৌঁছান টিম জার্নালিস্ট’সের সদস্যরা।
‎
‎কক্সবাজারে পৌঁছানোর পর সংগঠনটির সদস্যদের স্বাগত জানান বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজমল হোসেন। তিনি টিম জার্নালিস্ট’সের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পরে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় ও সৌন্দর্যমণ্ডিত স্থান পরিদর্শনে তিনি নিজেও উপস্থিত থেকে সদস্যদের সঙ্গে সময় কাটান।
‎
‎সাংবাদিকদের সঙ্গে পুলিশের এমন আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন টিম জার্নালিস্ট’সের সদস্যরা। একইভাবে সংগঠনটির সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ প্রকাশ করেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
‎
‎এ সময় ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজমল হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টিম জার্নালিস্ট’সের তরুণ সাংবাদিকদের এমন ঐক্যবদ্ধ প্রয়াস প্রশংসনীয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার এ উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হোক—এটাই প্রত্যাশা।
‎
‎টিম জার্নালিস্ট’সের প্রধান উপদেষ্টা এম. মুক্তাদির হোসেন বলেন, ‘টিম জার্নালিস্ট’স কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়; এটি সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধের একটি প্ল্যাটফর্ম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের কথা বলাই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠার এক বছরে যারা সংগঠনটির পাশে ছিলেন, সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
‎
‎তিনি আরও বলেন, ‘সাংবাদিক ও পুলিশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত। আজমল হোসেনের মতো একজন পুলিশ কর্মকর্তার আন্তরিকতা সেই সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে।’
‎
‎টিম জার্নালিস্ট’সের সদস্যদের পক্ষ থেকে বলা হয়, ‘কক্সবাজার ভ্রমণ আমাদের কাছে শুধুমাত্র আনন্দ ভ্রমণ নয়; এটি ছিল একে অপরকে আরও কাছ থেকে জানার, নতুন অভিজ্ঞতা অর্জনের এবং নিজেদের পেশাগত বন্ধনকে আরও শক্তিশালী করার একটি সুযোগ। প্রতিষ্ঠার প্রথম বছর পূর্তিতে এমন একটি আয়োজন আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
‎
‎১৪ সেপ্টেম্বর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় মোটরবাইক নিয়ে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন টিম জার্নালিস্ট’সের সদস্যরা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন তারা। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এমন ব্যতিক্রমী আয়োজন সংগঠনটির সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।
‎
‎এদিকে টিম জার্নালিস্ট’সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভ্রমণ আয়োজন সফল করতে দেশ ও প্রবাস থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। টিম জার্নালিস্ট’সের সদস্যরা বলেন, ‘দেশ ও দেশের বাইরে থেকেও যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের প্রতি টিম জার্নালিস্ট’স পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
‎
‎১৫ সেপ্টেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেসে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন সংগঠনের সদস্যরা। চট্টগ্রামে পৌঁছালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম জোনের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা-২ আতাউর রহমান পুনরায় টিম জার্নালিস্ট’সের সদস্যদের ভিআইপি লাউঞ্জে অভ্যর্থনা জানান।
‎
‎এ সময় তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করেন। পরে ভিআইপি লাউঞ্জে টিম জার্নালিস্ট’সের প্রধান উপদেষ্টা এম. মুক্তাদির হোসেন সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
‎
‎রাতের খাবার শেষে ১৫ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হন টিম জার্নালিস্ট’সের সদস্যরা। এর মধ্য দিয়ে শেষ হয় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর চার দিনের কক্সবাজার ভ্রমণ ও উদযাপন।
‎
‎
‎প্রতিষ্ঠার প্রথম বছরেই কুলাউড়ার বিভিন্ন অনিয়ম, অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করেছে টিম জার্নালিস্ট’স। কক্সবাজারের এই আয়োজন তাই শুধু একটি ভ্রমণ কিংবা বর্ষপূর্তি উদযাপন নয়—বরং আগামী দিনের পথচলায় নতুন উদ্যম, পেশাগত দায়িত্ববোধ ও ঐক্যের প্রত্যয়।
‎
‎সত্যের পক্ষে কলম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দ্বিতীয় বছরে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে টিম জার্নালিস্ট’স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির ৫ম সমাবর্তন বাস্তবায়নে স্টিয়ারিং কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ইবির ৫ম সমাবর্তন বাস্তবায়নে স্টিয়ারিং কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজন উপলক্ষে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বরাত এই তথ্য জানানো হয়।

তথ্য মতে, অনুষ্ঠিতব্য সমাবর্তন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।গঠিত স্টিয়ারিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, সকল সভাপতি, আবাসিক হলগুলোর প্রভোস্ট, বিভিন্ন অফিসের প্রধান এবং সিনিয়র শিক্ষকসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সদস্যগণ সমাবর্তন আয়োজনের সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি, সমন্বয় ও বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের ১, ২ অথবা ৩ তারিখের মধ্যে যেকোনো একটি দিন চূড়ান্ত করে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্ধারিত তারিখ সংশ্লিষ্ট প্রস্তুতি ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে।

জনসংযোগ দপ্তর বলছে, সমাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান ও একাডেমিক জীবনের গুরুত্বপূর্ণ এই আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
স্টিয়ারিং কমিটি গঠনের মাধ্যমে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে একটি সফল ও স্মরণীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে কাজ করবে কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পাঁচ মাসে ১৪৯ কোটি টাকার এলজিইডির উন্নয়ন কাজ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


বরিশালে পাঁচ মাসে ১৪৯ কোটি টাকার এলজিইডির উন্নয়ন কাজ সম্পন্ন

বরিশাল, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাসের মধ্যে জেলার ১০টি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এসব উন্নয়ন কার্যক্রমের মধ্যে সড়ক, হাটবাজার, সামাজিক অবকাঠামো, সেতু-কালভার্ট রক্ষণাবেক্ষণ এবং সেচ খাল খনন অন্তর্ভুক্ত রয়েছে। মোট ব্যয় হয়েছে ১৪৯ কোটি ১৮ লাখ ৬২ হাজার ১০০ টাকা।

এলজিইডির বরিশাল অফিসের তথ্য অনুযায়ী, এই সময়ে ৭ দশমিক ৩৬৬ কিলোমিটার ইউনিয়ন সড়ক, ৪ দশমিক ৬৯৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৮ দশমিক ২৯ কিলোমিটার পাকা সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ করা হয়েছে। সড়ক উন্নয়নের আওতায় মোট ২০ দশমিক ৩৪৯ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ২৮৪৭ দশমিক ৭৯১ লাখ টাকা।

একই সময়ে ৫১৮ দশমিক ৩৮ কিলোমিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ৬৭২৯ দশমিক ৯৭ লাখ টাকা।

এছাড়া, একটি হাট-বাজার ও গ্রোথ সেন্টারের উন্নয়ন সম্পন্ন হয়েছে, যা ৩৪৩ দশমিক ১৩ লাখ টাকায় বাস্তবায়িত হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলায় ৪২টি সামাজিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যার মধ্যে মসজিদ, কবরস্থান ও মন্দির অন্তর্ভুক্ত রয়েছে। এসব কাজে ব্যয় হয়েছে ১৭৭ দশমিক ৭৬ লাখ টাকা।

এলজিইডির তথ্য অনুযায়ী, বিদ্যমান সড়ক সচল রাখতে ৫৭ দশমিক ২৮ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ২৩২০ দশমিক ০৭ লাখ টাকা। একই সময়ে, জেলার ১০টি উপজেলায় ১২২৮ দশমিক ৯৬ কিলোমিটার ব্রিজ ও কালভার্ট রক্ষণাবেক্ষণ করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ২৪৪২ দশমিক ৬২ লাখ টাকা।

কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে ৫ দশমিক ১৭ কিলোমিটার খননকৃত সেচ খাল এবং পুনঃখনন করা হয়েছে, যার ব্যয় ৫৭ দশমিক ২৮ লাখ টাকা।

এলজিইডি সূত্রে আরও জানা গেছে, বরিশাল সদর ও মুলাদী উপজেলায় দুটি সড়ক প্রশস্তকরণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে এবং গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে।

গৌরনদী ও উজিরপুর উপজেলায় দুটি নান্দনিক আরসিসি আর্চ গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। আধুনিক প্রকৌশল কৌশলে নির্মিত এসব ব্রিজের মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান বাসসকে জানান, এলজিইডির উন্নয়ন কার্যক্রম গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজ করা এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নতুন সড়ক ও সেতু-কালভার্ট নির্মাণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে হাটবাজার, গ্রোথ সেন্টার, সামাজিক অবকাঠামো ও সেচ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষের যোগাযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হচ্ছে।

এলজিইডি কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়িত এসব কার্যক্রম গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন, নিরাপদ ও সহজ যাতায়াত এবং স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজ সম্পন্ন করা হবে। এই কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া ও সাভারের বিস্তীর্ণ এলাকায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। ফলে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায়।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের ঘোষণা ইইউর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের ঘোষণা ইইউর

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করার জন্য একটি ব্যাপক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে এবং শিশুদের জন্য নিরাপদ অ্যাকাউন্ট চালু করতে অনলাইন সেবাদাতাদের বাধ্য করা হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফন ডার লায়েন জানান, বর্তমান সময়ে শিশুরা বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তিগুলোর কিছু ব্যবহার করছে, তবে এসব প্রযুক্তি শিশুদের কল্যাণ ও বিকাশের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়নি। তিনি বলেন, প্রস্তাবিত ‘ইইউ কিডস অ্যাক্ট’ বাস্তব জীবনের মতো ডিজিটাল জগতেও সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করবে।

প্রস্তাব অনুযায়ী, ১৩ থেকে ১৫ বছর বয়সী শিশুদের অনলাইন অ্যাকাউন্টে অভিভাবকদের নিয়ন্ত্রণ থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ ও ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আলোচনা করতে হবে।

১৮ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও শেয়ারিং সেবা, অনলাইন ভিডিও গেম, এআই ভিত্তিক সঙ্গী এবং চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে।

এতে আসক্তি তৈরি করে এমন ফিচার, ব্যবহারকারীর প্রোফাইলভিত্তিক সুপারিশ ব্যবস্থা, অন্তহীন স্ক্রল, পুরস্কারের মাধ্যমে ব্যবহার বাড়ানোর কৌশল এবং অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত যোগাযোগ নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এআই সঙ্গী ও চ্যাটবট শিশুদের জন্য ডিফল্টভাবে বন্ধ রাখার প্রস্তাবও করা হয়েছে।

এছাড়া, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে শিশুদের জন্য নিরাপদ অ্যালগরিদম তৈরি করতে হবে এবং সহজে ব্যবহারযোগ্য অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থা দিতে হবে। ব্যবহারকারীদের ব্লক ও মিউট করার সুবিধাও সহজ করার কথা বলা হয়েছে।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, ভারত, তুরস্ক ও ইউরোপের কিছু দেশ ইতিমধ্যে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগ নিয়েছে। তবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা বাস্তবায়নে অস্ট্রেলিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ ইউরোপের জন্যও বিষয়টি কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%